Home / Entertainment / জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন যারা

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩’র জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে মনোনীত করেছে সরকার। মঙ্গলবার (২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যুগ্মভাবে এবং মরহুম তারেক মাসুদ (মরণোত্তর) ও মরহুম আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর) যুগ্মভাবে আজীবন সম্মাননা পদকে মনোনীত হয়েছেন। 

পরিচালক কে এম খালিদুজ্জামান (খন্দকার সুমন) পরিচালিত প্রশংসিত চলচ্চিত্র ‘সাঁতাও’ এবারে সর্বাধিক সাফল্য অর্জন করেছে। এটি সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক উভয় বিভাগেই পুরস্কার জিতেছে। আর সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মারিয়াম’। সেরা প্রামাণ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’। 

অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। অন্যদিকে, ‘সাঁতাও’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আইনুন নাহার পুতুল সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। 

এছাড়াও ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার উঠছে মনির আহমেদের হাতে এবং ‘ওরা সাত জন’ সিনেমায় অভিনয়ের জন্য নাজিয়া হক অর্ষা সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। 

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আশীষ খন্দকার সেরা খল চরিত্রে অভিনয়ের পুরস্কার লাভ করেন। আর ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শহীদুজ্জামান সেলিম সেরা কৌতুক চরিত্রে অভিনয়ের পুরস্কার অর্জন করেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

‘আম-কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মোহাম্মদ লিওন সেরা শিশুশিল্পী নির্বাচিত হয়েছেন। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফ হাসান ও আনাইরা খান বিশেষ শিশুশিল্পী পুরস্কার পেয়েছেন। সংগীত বিভাগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য ইমন চৌধুরী সেরা সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন। 

জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানের জন্য সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানের জন্য অবন্তী দেব সিথী সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেছেন। আর ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য হাবিবুর রহমান হাবিব সেরা নৃত্য পরিচালক নির্বাচিত হয়েছেন।

‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সোমেশ্বর অলি সেরা গীতিকার, প্রিন্স মাহমুদ সেরা সুরকার এবং ফারুক হোসেন সেরা কাহিনিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন। 

‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য মো. তাসনিমুল হাসান সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক  চলচ্চিত্র ‘ওরা সাত জন’ এর জন্য মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ বাবু সেরা সম্পাদক নির্বাচিত হয়েছেন। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা যৌথভাবে সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন। 

এছাড়া ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য শহিদুল ইসলাম সেরা শিল্প নির্দেশক এবং সুমন কুমার সরকার সেরা চিত্রগ্রাহক হিসেবে পুরস্কৃত হয়েছেন। ‘সাঁতাও’ সিনেমার জন্য সুজন মাহমুদ সেরা শব্দগ্রাহক (সাউন্ড রেকর্ডিস্ট) নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য বিথী আফরিন সেরা পোশাক ও সেট ডিজাইনার এবং ‘প্রিয়তমা’র জন্য সবুজ সেরা মেকআপ শিল্পীর পুরস্কার অর্জন করেছেন।  

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *