Home / Entertainment / গোপনে বাগদান সারলেন বিজয়-রাশমিকা, কবে পড়বেন সাতপাকে বাঁধা?

গোপনে বাগদান সারলেন বিজয়-রাশমিকা, কবে পড়বেন সাতপাকে বাঁধা?

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকোন্ডা গোপনে আংটিবদল করেছেন। বিয়ের আগে তারা দুজন দুজনকে আরও পরখ করে দেখতে চান বলে জানা গেছে। সে কারণে বিয়েতে না এগিয়ে গোপনে বাগদান সেরে ফেলেন এ তারকা জুটি।

এর আগে এ দক্ষিণী অভিনেত্রীর প্রথম বাগদান হয় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে, ২০১৭-এর জুলাইয়ে। যদিও সেই বাগদান ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে যায়। সেই সময় শোনা যায়, ২০১৮ সালের হিট সিনেমা ‘গীত গোবিন্দম’ এবং ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রাশমিকার জীবন। 

জুটি বাঁধার সুবাদে তখন থেকেই তিনি বিজয়ের প্রতি দুর্বল ছিলেন। এরপর থেকে তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩ সালে। যখন তারা মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।

২০১৮ থেকে ২০২৫।—এই আট বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়। তবু রাখঢাক গুড়গুড় গেল না তাদের। দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন ওঠে— পূজার আবহেই নাকি শুভ কাজ সেরে ফেলেছেন এ তারকা জুটি। বিজয়ের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা। এখন চার হাত এক হওয়ার অপেক্ষায়।

আরও পড়ুন
আরও পড়ুন

গুঞ্জন এখানেই শেষ নয়; সব ঠিক থাকলে প্রেমের মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি। ফেব্রুয়ারিতে অর্থাৎ প্রেম দিবসের আবহে সাতপাকে বাঁধা পড়বেন তারা। তাহলে এত গোপনীয়তা কেন?

জানা গেছে, বিয়ের আগে নাকি নিজেদের ভালোভাবে পরখ করে দেখে নিতে চান বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাই বাগদানের পরও মাস তিনেক সময় নিচ্ছেন তারা। প্রকাশ্যে আনছেন না তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এও জানা গেছে, দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতেই নাকি বাগদান সম্পন্ন হয়েছে। যদিও দুই তারকার তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।

বাগদানের গুঞ্জন ছড়াতেই আনন্দে ভেসেছেন দুই তারকার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরে গেছে তাদের জীবন। তারকা যুগলের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছেন সবাই।

বিজয়-রাশমিকার এত গোপনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন— গত আট বছর ধরে যারা সম্পর্কে, প্রায়ই ইতিউতি দেখা গেছে যাদের, অন্তরঙ্গ সময় কাটাতে উড়ে গেছেন বিদেশে, তারা নিজেদের ভালোবাসায় আস্থা রাখতে পারছেন না? দক্ষিণী বিনোদন দুনিয়ার অনুমান, এর আগেও যেহেতু একবার বাগদান ভেঙেছে অভিনেত্রীর, সম্ভবত সে কারণেই এত গোপনীয়তা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *