গোপনে প্রেম করছেন মিমি, অঙ্কুশের কথায় নতুন ইঙ্গিত

Written by

in

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর দাবি তার কোনো প্রেমিক নেই। যদিও এ সুন্দরী যতই মুখে এসব কথা বলুক, কটাক্ষের সুযোগ পেলে আর ছাড়ে না বন্ধুরা। কারণ অভিনেতা-প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে বেশ সিরিয়াস প্রেম ছিল অভিনেত্রীর। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল, তা অবশ্য খোলাসা করেননি কেউ-ই। 

একাংশের দাবি— রাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে শুভশ্রীর। ফলে দূরত্ব কমে আসে মিমির। মাঝে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিরসা দাশগুপ্তের ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিংয়ে গিয়ে ২০১৬ সালে আলাপ হয়। তুরস্কের বোদরুমে নুসরাত জাহানের বিয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের দুজনকে। দুজনে একসঙ্গে নাচও করেছিলেন। তবে সেটিও টেকেনি। সেই প্রেমিক নিয়ে বন্ধুরা যতই খোঁটা দিক, ৩৭ বছর বয়সে এসেও মিমি নিজেকে ব্যাচেলর বলেই দাবি করেন। তবে সবই এখন অতীত। বহু বছর ধরেই তিনি ‘একা’। যদিও টালিপাড়ায় কান পাতলেই শোনা যায়, একা থাকার সময় শেষ, তার জীবনে পা রেখেছেন মনের মানুষ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন মিমি চক্রবর্তী। যা তোলা হয়েছে কোনো সি বিচের ধারে। দুই-চারটা সেলফি থাকলেও বেশিরভাগই অন্য কারও হাতে তুলে দেওয়া। আর সেই ছবি শেয়ার করতেই অভিনেত্রীর বেস্ট ফ্রেন্ড অঙ্কুশ হাজরা কমেন্ট করে বসেন। 

অবশ্য প্রশ্ন তুলেছেন অভিনেতা, যা আমাদের আরও পাঁচজনের মনেও একই প্রশ্ন। অঙ্কুশ জানতে চেয়েছেন— ‘তোর প্রতিটা সোলো ট্রিপে ছবিগুলো কে তুলে দেয়, এটা একটা বড় রহস্য।’ যদিও মিমির তরফে সেই কমেন্টের কোনো জবাব আসেনি।

এর আগে ছবি তোলা নিয়ে এক কাণ্ড হয়েছিল। মাসখানেক আগে বেড়াতে যাওয়ার ছবি দিয়ে, ফটো কার্টেসিতে দিয়েছিলেন একটা লাল হৃদয়ের ইমোজি। সেটি দেখেই মিমির কমেন্ট বক্সে সেই সময় পার্নো মিত্র লিখেছিলেন— ‘ছবি সৌজন্যে লাল হৃদয়? হুমমমমম।’ তবে জানা গেছে, মিমি চক্রবর্তীর প্রেমিক নাকি ইন্ডাস্ট্রির কেউ নন।

বোমা ফাটান আরেক অভিনেত্রী ঋতাভরীও। হইচইয়ের এক পডকাস্টে মজার আড্ডা চলছিল তার ও ইশা সাহার। সেখানেই ঋতাভরী জানতে চান— কাকে স্টক করেন ইশা, তাতে জবাব আসে ‘মিমি’। এরপরই ঋতাভরী বলে ওঠেন— ‘যদিও প্রেমটা করছে আমার বাবির সঙ্গেই। কী আর করব। হট মিমি চক্রবর্তী, ওই জন্য ক্ষমা করে দেওয়া গেল…’! এরপর এই ‘বাবিটা’ কে, তা খুঁজে বের করার দায়িত্ব ভক্ত-অনুরাগীদের!

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *