Home / Entertainment / কাটবে কি অভিষেকের এক দশকের খরা

কাটবে কি অভিষেকের এক দশকের খরা

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ধুম-থ্রি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। সেটির পর অভিষেক বচ্চনের আর কোনো সিনেমা হিট করেনি। পরের বছরই মুক্তি পেয়েছিল তার অভিনীত ফারাহ খান পরিচালিত হ্যাপি নিউ ইয়ার। সেটিও মোটামুটি ব্যবসাসফল। কিন্তু এরপর তার নামের পাশে জ্বলজ্বল করা টানা দশটি সিনেমা সুপার ফ্লপ। যদিও দ্য শৌকিন্স এবং ভোলা সিনেমার অতিথি চরিত্রে কাজ করেছেন তিনি। বাকি আটটি সিনেমা-অল ইজ ওয়েল, হাউজফুল থ্রি, মন মরজিয়া, মুগলি : লিজেন্ড অব দ্য জাঙ্গল. লুডো, দ্য বিগ বুল, বব বিশ্বাস দাশভি বক্স অফিস ও নেটমাধ্যমে মুখ থুবড়ে পড়েছে। এখন একটি হিটের স্বপ্ন দেখছেন অভিষেক বচ্চন। তার সব আশা ভিড় করেছে মুক্তি প্রতীক্ষিত ঘুমারকে ঘিরে। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি ঘুমারে ঘায়েল হবে অভিষেকের দুর্ভাগ্য? কাটবে কি তার এক দশকের খরা?

rnrn

চলতি মাসের প্রথম সপ্তাহেই প্রচার হয়েছে ঘুমার সিনেমার ট্রেইলার। আর সেটি দেখেই সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। এ প্রশংসা পেয়ে রীতিমতো হতবাক জুনিয়র বচ্চন। কারণ, আর বাল্কি পরিচালিত ঘুমার সিনেমায় একজন সফল ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি পরিচালক বাল্কির দশ নম্বর সিনেমা। টুইটার পোস্টে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, ‘বাল্কি ফিরে এসেছেন। ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। জুনিয়র বচ্চনের অভিনয় দেখে আমি মুগ্ধ।’

rnrn

আগামীকালই মুক্তি পাচ্ছে ঘুমার। এর অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সায়েমি খের, শাবানা আজমী, অঙ্গদ বেদী প্রমুখ। ক্রিকেট ধারাভাষ্যকার হিসাবে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এ সিনেমায় পিতা-পুত্র দুজন থাকলেও মুখোমুখি দেখা যাবে না তাদের। একজন ব্যর্থ ও হতাশ ক্রিকেটারের ঘুরে দাঁড়ানোর গল্প পুঁজি করে এগিয়েছে ঘুমারের কাহিনি। আনিনা নামের মেয়েটির ডান হাত কনুইয়ের ওপর পর্যন্ত কাটা। এ অবস্থায় কী করে সে ক্রিকেট জগৎকে তার পারদর্শিতার জাদু দেখাবে। এ অবস্থায় তাকে নতুন করে স্বপ্ন দেখিয়ে তাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন ক্রিকেট কোচ পাদ্দাম সিং সোধি। ভারতের জাতীয় দলে খেলারও সুযোগ করে দেন কোচ। এবার ব্যাটার নয়, বোলার হিসাবে। কোচ তার বোলিংয়ের এক আশ্চর্যজনক অ্যাকশন উদ্ভাবন করেন-যা দিয়ে একের পর এক ব্যাটারকে ঘায়েল করে চলেছেন একহাতি আনিনা। আর বোলিংয়ের ওই স্টাইলের নামই ঘুমার।

rnrn

ভারতীয় স্পোর্টসবেইজ্ড সিনেমার রেকর্ড খারাপ নয়। অনেকগুলোই দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছে। কুস্তিনির্ভর দঙ্গল তো ভারতীয় সিনেমার বক্সঅফিসের তালিকায় সবার ওপরে। ভালো ব্যবসা করা অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-দৌড়বিদ নিয়ে নির্মিত ভাগ মিল্কা ভাগ, অ্যাথলেটনির্ভর গল্পের পান সিং তমার, ক্রিকেট নিয়ে নির্মিত লগান, ইকবাল ইত্যাদি। সেই হিসাবে অনুমান করা যায় ক্রিকেটনির্ভর আলোচ্য ঘুমারও গরম করতে পারে বক্সঅফিস।

সেলিম কামাল

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *