
রাশিয়ায় অনুষ্ঠিত ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের দুটি সিনেমা। মনোনয়ন হওয়া সিনেমা দুটির মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি তথ্যচিত্র।
‘দ্য পেয়ার অফ হোয়াইট পিজিয়ন্স’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ শৌমিক এবং ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অফ ফ্লাডস’ তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অ্যাঞ্জেলোস র্যালিস। তথ্যচিত্রটি গ্রীস, ফ্রান্স, জার্মানি এবং বাংলাদেশকে নিয়ে একটি আন্তর্জাতিক যৌথ প্রযোজনা।
শাহরিয়ার আজাদ ‘দ্য পেয়ার অফ হোয়াইট পিজিয়ন্স’ সম্পর্কে জানিয়েছেন, তিনি সিনেমাটি তার শৈশবের স্মৃতি থেকে অনুপ্রেরণা হিসেবে তৈরি করেছেন। তিনি বলেন, ‘আমি যশোরের ঝিকরগাছার একটি প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমার শৈশবের অনেক আবেগকে প্রতিফলিত করে – আমি যেসব গ্রামীণ ঘটনা দেখেছি, গ্রামীণ জীবন, প্রকৃতি এবং অভ্যন্তরীণ মানসিক জটিলতা। সেখান থেকে গল্পটি একজোড়া সাদা পায়রাকে কেন্দ্র করে তৈরি হয়েছে।’ স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটিতে এসকে শাহরিয়ার এবং শাহীন হোসেন অভিনয় করেছেন।
এদিকে, ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অফ ফ্লাডস’ ব্রহ্মপুত্র নদীর একটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী ১২ বছর বয়সী সাহসী মেয়ে আফরিনের যাত্রা অনুসরণ করে নির্মিত হয়েছে। যেখানে দেখানো হয়েছে যখন ভয়াবহ বন্যা আসে, তখন সে তার বাবার সন্ধানে বেরিয়ে পড়ে। মূলত গল্পটিতে জলবায়ু শরণার্থীদের কষ্টের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। ১ ঘণ্টা ৩২ মিনিটের এই তথ্যচিত্রটিতে বাংলাদেশের বন্যার ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। এই গল্পে অভিনয় করেছেন অভিনেতা আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম এবং অন্যান্যরা।
উল্লেখ্য, কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। যেখানে মনোনীত চলচ্চিত্রের পরিচালক এবং প্রযোজক উভয়েরই অংশগ্রহণের কথা রয়েছে।
বিনোদন ডেস্ক





