
উপার্জনের হিসেবে বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি তার ‘পোন্নিয়িন সেলভান টু’ সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। শুধু সিনেমা ছাড়াও অনেকভাবেই আয় করেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সমাজকল্যাণমূলক বহু কাজের সঙ্গেও জড়িত আছেন তিনি। কন্যা আরাধ্যার সঙ্গে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা যায় এ অভিনেত্রীকে।
ব্যবসার ক্ষেত্রেও বেশ সফলতা দেখিয়েছেন ঐশ্বরিয়া। বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থার জন্য তিনি এক কোটি রুপি বিনিয়োগ করেছেন। এ সংস্থাটি এমন একটি পদ্ধতি চালু করেছে, যেখানে পরিবেশগত বিভিন্ন উপাদান পরিমাপ করা হয়। এ ছাড়া পুষ্টিকর উপাদান প্রস্তুতকারী এক স্টার্টআপ সংস্থার জন্য পাঁচ কোটি রুপি বিনিয়োগ করেছেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, মহারাষ্ট্রের একটি বায়ুশক্তি প্রকল্পের জন্য কয়েক বছর আগে বিপুল অর্থদান করেছিলেন ঐশ্বরিয়া। এসব সংস্থা থেকে ঐশ্বরিয়া নির্দিষ্ট পরিমাণ অর্থও পান।
বলিউডের অন্দরের খবর, এ মুহূর্তে অমিতাভ বচ্চনের পুত্রবধূ সিনেমা প্রতি ১২ কোটি রুপি উপার্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপন শুট করে তিনি ভারতীয় মুদ্রায় ৮০-৯০ কোটি রুপি পান।
‘লাক্স’ সাবানের বিজ্ঞাপন ইতোমধ্যে ভক্তদের মন কেড়েছেন ঐশ্বরিয়া। এ ছাড়া বিভিন্ন প্রসাধনী, গহনা ও ঘড়ির নামকরা ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি করেছেন ঐশ্বরিয়া। সেখান থেকেও বিপুল পরিমাণে আয় করেন তিনি।
শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমাতে তাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। হলিউডেও যথেষ্ট সমাদর পেয়েছেন ঐশ্বরিয়া। তবে বিজ্ঞাপন শুটিং ও ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমেই তিনি অধিক মাত্রায় অর্থোপার্জন করেন।
মুম্বাইয়ের ‘জলসা’তে বচ্চন পরিবারের সবাই একসঙ্গেই থাকেন। তবে জুনিয়র বচ্চন এবং ঐশ্বরিয়া দুজন মিলে দুবাইয়ে প্রাসাদের মতো একটি ভিলা কিনেছেন। এ ছাড়া মুম্বাইয়ে বান্দ্রার কাছে এই দম্পতি ২১ কোটি রুপি খরচ করে একটি আবাসন কিনেছেন।
দামি গাড়ি কেনার শখও আছে ঐশ্বরিয়ার। তার বাড়ির গ্যারাজে সারি করে দাঁড়িয়ে থাকে বিলাসবহুল গাড়ি। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, অডি, লেক্সাসের মতো দামি গাড়িও রয়েছে।
২০০৪ সালে ‘ঐশ্বরিয়া রাই ফাউন্ডেশন’ চালু করেন তিনি। এর উদ্দেশ্য— ভারতের দুস্থ, বিশেষত গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের আর্থিক সাহায্য প্রদান।
বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া ভারতের সবচেয়ে বেশি আয়কর প্রদানকারীদের মধ্যেও একজন। জানা গেছে, ঐশ্বরিয়ার বর্তমান সম্পদের পরিমাণ ৭৭৬ কোটি রুপি।
বিনোদন ডেস্ক





