Home / Entertainment / ‘কং তাও’ মুক্তির দুই দিনেই আয় ১০ লাখ রিঙ্গিত

‘কং তাও’ মুক্তির দুই দিনেই আয় ১০ লাখ রিঙ্গিত

মালয়েশিয়া–সিঙ্গাপুর–থাইল্যান্ড যৌথ প্রযোজনার হরর চলচ্চিত্র কং তাও মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই টিকিট বিক্রি থেকে ১০ লাখ রিঙ্গিত আয় করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) মুক্তির পর দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার রাত ৮টার মধ্যেই ছবিটি এ মাইলফলক অর্জন করে।

ছবিতে ‘ফন’ চরিত্রে অভিনয় করা থাই অভিনেত্রী কাও সুপাসসারা থানাচাট দর্শকদের প্রতি উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ভীষণ খুশি। এটি আমার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র, আর এমন সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। আশা করি দর্শকরা ছবিটিকে আরও সমর্থন করবেন, যাতে এটি আরও এগিয়ে যেতে পারে।

সহ-অভিনেতা ফিলিপ কিউং, যিনি ‘শ্যামান মিং গে’ চরিত্রে অভিনয় করেছেন, তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, মুক্তির পরপরই এমন ইতিবাচক খবর পাওয়া দারুণ ব্যাপার! প্রতি ১০ লাখ রিঙ্গিত আয়ের মাইলফলকে আমরা দর্শকদের জন্য চমক প্রস্তুত রাখব। সমর্থনের জন্য ধন্যবাদ। 

অন্যান্য অভিনেতারাও একইভাবে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন এবং আরও বেশি মানুষকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।

কং তাও ছবিতে চারটি দেশের শিল্পীদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক দল গড়ে উঠেছে। এতে অভিনয় করেছেন মালয়েশিয়ার ব্রন্ট পালারায়ে, ইউমি ওয়ং ওএ রিক লে; সিঙ্গাপুরের গ্লেন ইয়ং ও মাইইদুও; থাইল্যান্ডের কাও এবং হংকংয়ের কিউং।

ছবিটি প্রচারের জন্য পেনাং ও ক্লাং ভ্যালিতে বড় প্রিমিয়ার আয়োজন করা হয়, যেখানে পুরো অভিনয়শিল্পীরা লাল গালিচায় উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন। এছাড়া তারা গণমাধ্যম সাক্ষাৎকার দেন এবং ক্লাং ভ্যালির বিভিন্ন সিনেমা হল ও শপিং মলে ‘মিট-অ্যান্ড-গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন, যা দর্শকদের ব্যাপক সাড়া পায়।

চলচ্চিত্রটি কালো জাদুর বিষয়কে সাহসী ও গভীরভাবে উপস্থাপন করেছে। এর ধারণা নিয়ে ব্যাপক গবেষণা করা হয়েছে বলে জানান পরিচালক পেইজি গোহ এবং সিনেমাটোগ্রাফার থেকে পরিচালক হওয়া ইয়ং চুন লিন।

ছবিটির প্রযোজক চিয়াহ চুন-হ্যাং এবং এটি পরিবেশন করছে মেগা ফিল্মস ডিস্ট্রিবিউশন

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পাশাপাশি ২ এপ্রিল থেকে তাইওয়ানেও ছবিটি মুক্তি পাবে। এছাড়া এপ্রিল মাসে মিয়ানমার, ভিয়েতনাম ও হংকংয়েও মুক্তির পরিকল্পনা রয়েছে।

পরবর্তী পর্যায়ে থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ও নেপালে ছবিটি প্রদর্শনের পরিকল্পনাও চলছে।

আহমাদুল কবির, মালয়েশিয়া

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *