Home / Entertainment / ওটিটি কনটেন্ট দেখায় বাড়বে খরচ, ক্ষতির শঙ্কা খাত সংশ্লিষ্টদের

ওটিটি কনটেন্ট দেখায় বাড়বে খরচ, ক্ষতির শঙ্কা খাত সংশ্লিষ্টদের

নতুন বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্লাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সিনেমা, সিরিজসহ বিভিন্ন কন্টেন্ট দেখতে বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাদের।

সোমবার (২ জুন) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সম্পূরক শুল্ক আরোপের ফলে ওটিটি ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ওটিটি প্লাটফর্ম বঙ্গের হেড অব কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার গণমাধ্যমকে বলেছেন, ‘এটা তো দেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য বিপদের কারণ হবে। ওটিটি তো আমাদের দেশে এখনো ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারেনি। কেবলমাত্র চেষ্টা করছে। এরকম একটা আপগ্রোয়িং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুল্ক আরোপ তো ইন্ডাস্ট্রিকে ক্ষতির মুখে ফেলবে।’

এদিকে নতুন সম্পূরক শুল্ক বিদেশি ও দেশি ওটিটির জন্য সমান হবে কি না তা নিয়ে ধোঁয়াশায় থাকার দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দেশে তো কয়েকটি ওটিটি প্লাটফর্ম মাত্র বিনিয়োগ করে দাঁড়ানোর চেষ্টা করছে। এসময় শুল্ক আরোপ আমাদেরকে আর দাঁড়াতে দেবে না। বিদেশি ওটিটির বড় বাজেটের কন্টেন্টের সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। এই শুল্ক বিদেশি ওটিটি প্লাটফর্মও কি দেবে বা তাদের ক্ষেত্রে কী হবে? পুরো বিষয়টি নিয়ে আমরা এখনো ধোঁয়াশায় আছি।’

বাংলাদেশ ওটিটি প্ল্যাটফর্মের জোয়ার চলছে এখন। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম বাজারে এসেছে। মানসম্পন্ন কনটেন্ট নির্মাণের কারণে স্বল্প সময়েই দেশের নাটক-সিনেমাপ্রেমীদের কাছে আবেদন বেড়েছে এসব প্ল্যাটফর্মের। স্টাটিস্টার হিসাবে, ২০২৫ সাল নাগাদ বাংলাদেশে ওটিটির বাজার দাঁড়াবে প্রায় তিন হাজার কোটি টাকায়।

এমন পরিস্থিতিতে সম্পূরক শুল্ককে ওটিটি ইন্ডাস্ট্রির জন্য অস্তিত্ব সংকট তৈরি করবে বলে মনে করছেন রনি। তার ভাষায়, ‘বিভিন্ন দেশে বসবাসকারী ৩০ কোটির বেশি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী বাংলাদেশের ওটিটি কন্টেন্ট দেখেন। ফলে এ খাতে মাধ্যমে বিপুল পরিমাণ বিদেশি অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। সরকার এই বিষয়টি বিবেচনায় না নিয়ে শুল্ক আরোপ করে এই ইন্ডাস্ট্রিকে মেরে ফেলার পরিকল্পনা করছে।’

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *