Home / Entertainment / এবার একই সিনেমায় সাত রূপে দেখা যাবে ইধিকাকে

এবার একই সিনেমায় সাত রূপে দেখা যাবে ইধিকাকে

এ মুহূর্তে টালিউডের ব্যস্ত নায়িকাদের একজন অভিনেত্রী ইধিকা পাল। এবার তার নতুন সিনেমা ‘বহুরূপ’-এর পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে নজর কেড়েছে অভিনেত্রীর লুক। অবাক করা বিষয় হলো— এই সিনেমায় সাত রঙে নিজেকে সাজিয়েছেন তিনি। সাতটি রূপে সাতটি ভিন্ন চরিত্রে দর্শক দেখতে পাবেন ইধিকাকে। সিনেমায় নায়িকার বিপরীতে থাকছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

ছোটপর্দায় কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী ইধিকা পাল। কয়েকটি ধারাবাহিকের পরেই নজরে আসে সিনেমার নির্মাতাদের। সোজাসুজি কাজ করার সুযোগ পান বড়পর্দায়। শুধু তাই নয়, সে কাজও করেছেন যেনতেন নায়কের সঙ্গে নয়; একেবারে সুপারস্টারের সঙ্গে। এখন পর্যন্ত প্রতিটা সিনেমাই তার ব্যবসাসফল হয়েছে।

এদিকে দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী। বিশেষ করে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করার পর বাংলাদেশে তার জনপ্রিয়তাও তুঙ্গে। সম্প্রতি ঢালিউডে মুক্তি পাওয়া হিট সিনেমা ‘বরবাদ’-এ  শাকিব খানের সঙ্গে পর্দা শেয়ার করে দর্শকদের মন জয় করেছেন ইধিকা।

এবার তার নতুন সিনেমা ‘বহুরূপ’-এর পোস্টার প্রকাশ পেয়েছে। এ সম্পর্কে ইধিকা পাল বলেন, এই সিনেমা আমার কাছে অন্যরকম। আমি এ রকম কাজ এর আগে কখনো করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে, যাতে দর্শকদের আগ্রহ বেশি থাকে। 

অভিনেত্রী বলেন, আমি প্রথম থেকেই ভাবছিলাম— কীভাবে চরিত্রটা তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল, ততটাই চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এ কাজটি করতে গিয়ে। সোহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটি আমার সৌভাগ্য। 

ইধিকা বলেন, তার কাছ থেকেও শিখেছি অনেক। এ সিনেমার পরিচালকও নতুন, কিন্তু তা তার কাজে প্রকাশ পায়নি। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি সিনেমার পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *