Home / Entertainment / ইয়াশকে ছাড়াই লড়ছেন কুসুম

ইয়াশকে ছাড়াই লড়ছেন কুসুম

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী কুসুম শিকদার গত দুই সপ্তাহ ধরে একাই সিনেমার প্রচার চালিয়ে আসছেন। এবার বড়পর্দায় তারই পরিচালনায় প্রথম ছবি ‘শরতের জবা’র প্রচারে এখন তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে শরতের জবা। 

প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দর্শকদের সঙ্গে সিনেমা উপভোগ করতে ছুটে গেছেন তিনি। গতকাল ছিলেন মহাখালীর এসকেএস টাওয়ারে। হল ভিজিটের সময় কুসুমের সঙ্গে সিনেমার অভিনেত্রী নিদ্রা নেহাকে দেখা গেলেও ছিলেন না কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা ইয়াশ রোহান। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না এ অভিনেতা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও শরতের জবা নিয়ে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি তার।

ইয়াশ প্রচারে না থাকলেও প্রথম দিন হলে গিয়ে দর্শকদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। তিনি বলেন, ‘যে কয়টি সিনেপ্লেক্সে শরতের জবা মুক্তি পেয়েছে, সেখান থেকে ভালো রেসপন্স পাচ্ছি। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সব কটি শোতে দর্শকদের ভালো উপস্থিতি ছিল। প্রথম দিন এত দর্শক আমি প্রত্যাশা করিনি। হল থেকে বেরিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলেন— শরতের জবা ২ কবে আসবে। এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে!’

যেখানে প্রচারেই প্রসার, সেখানে পাওয়া যায়নি কেন্দ্রীয় অভিনেতা ইয়াশ রোহানকে। যে কোনো সিনেমা ব্যবসাসফল হওয়ার পেছনে অনেক অবদান রাখে সঠিক প্রচার। তবে বাংলাদেশে সিনেমার প্রচার নিয়ে অনেক সময় নির্মাতা-শিল্পীদের বিমুখতা দেখা যায়। এটি তারই পুনরাবৃত্তি। 

দুর্গাপূজা উপলক্ষ্যে মুক্তি পাওয়া ‘শরতের জবা’ নিয়ে কুসুম শিকদার দৌড়ঝাঁপ করলেও নিশ্চুপ সিনেমার নায়ক ইয়াশ রোহান। অনলাইন বা অফলাইন— কোনো লাইনেই কোনো ধরনের প্রচারে অংশ নেননি ইয়াশ। তবে এ নিয়ে কোনো হতাশা নেই বলে জানালেন নির্মাতা ও অভিনেত্রী কুসুম শিকদার।

ছবির পরিচালক বলেন, ‘ওর হয়তো শিডিউলজনিত সমস্যা আছে। মাঝে দেশের বাইরেও ছিল। ওর হয়তো আগে থেকেই শুটিং শিডিউল দেওয়া আছে। কথা দেওয়া থাকলে তো চট করে সেখান থেকে বের হয়ে আসা যায় না। এর বেশি আমি বলতে পারছি না। তিনি বলেন, আর কেন সে সোশ্যাল মিডিয়াতে পোস্টার, গান কিংবা ট্রেলার শেয়ার করেনি, এর উত্তর আমার কাছে নেই।

অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা—এমন প্রশ্নের উত্তরে কুসুম শিকদার বলেন, ইয়াশের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি। তবে অনেকবার চেষ্টা করেছি। ওকে ফোন দিলে ওর ম্যানেজার রিসিভ করে। ম্যানেজারকে আমার পক্ষ থেকে অনেকবার বলেছি। এর বাইরে ওকে অ্যাকসেস করতে পারিনি।

ইয়াশ প্রচারে যুক্ত না থাকায় কোনো আক্ষেপ বা হতাশা নেই বলেও জানান কুসুম শিকদার। এ অভিনেত্রী বলেন, ‘ইয়াশ প্রচারের সঙ্গে যুক্ত থাকলে সিনেমাটি হয়তো আরও দর্শকের কাছে পৌঁছাত। কিন্তু এখানে আমার কোনো হাত নেই। কেউ সঙ্গে না থাকলেও একাই পথ চলতে হবে।

তিনি বলেন, একাই চলছি, তাতে কোনো সমস্যা নেই। যেটা হয়নি বা হচ্ছে না, সেটা নিয়ে হতাশ হয়ে লাভ নেই। পেছনে তাকানোর মানুষ আমি না। বরং সামনের দিকে হাঁটতে চাই। ভবিষ্যতে কীভাবে ভালো কাজ করতে পারি, সেটি নিয়েই পরিকল্পনা করতে চাই।

উল্লেখ্য, ‘শরতের জবা’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। এ সিনেমায় আরও আছেন জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক বেপারি প্রমুখ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *