
বলিউড অভিনেতা রণবীর
কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের অপেক্ষার অবসান হয়েছে। তাদের নতুন বাসস্থান প্রস্তুত
হয়েছে। কাপুর পরিবারের পুরোনো বাড়ি অর্থাৎ কৃষ্ণা রাজ কাপুরের বাড়িকেই নতুন করে তৈরি
করা হয়েছে। আর এ বাড়ি যখন পুনর্নির্মাণ হচ্ছিল, তখন থেকেই সেখানে যাতায়াত করতেন রণবীর
ও আলিয়া দম্পতি। দাঁড়িয়ে থেকে সেই কাজ দেখতেন তারা। ছয়তলা বাড়ি ইতোমধ্যে তৈরি হয়েছে।
এবার জানা গেল, পরিবারের কারা কারা সেই বাড়ির অংশ পাবেন।
সম্প্রতি কোরিওগ্রাফার
ফারহা খানের ভ্লগে রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর বাড়ির ভাগাভাগি নিয়ে কথা বলেছেন। ঋদ্ধিমার
দিল্লির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এ পরিচালক। সেখানেই রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান
নিয়ে কথাবার্তা হয়।
সেই বাড়িতে ঋদ্ধিমার
কি কোনো প্রাপ্তি আছে? এর উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমারও সেখানে একটি ঘর রয়েছে। ছয়তলা
বাড়ির একটি তল সম্পূর্ণ আমার মায়ের ভাগের। সেই তলাতেই একটি ঘর রাখা হয়েছে আমার এবং
ভরতের জন্য। সেই তলাতেই আরেকটি ঘর রাখা হয়েছে ঋদ্ধিমাকন্যা সামারার জন্য। নীতু কাপুর
সবাইকে একছাদের তলায় রাখতে চান বলেও জানান ঋদ্ধিমা।
মায়ের সঙ্গে খুব
ঘনিষ্ঠ সম্পর্ক ঋদ্ধিমার। মায়ের সঙ্গ তার ভীষণ পছন্দ। ঋদ্ধিমা বলেন, মা এখন আমার সব
কিছু। মাকে ভালোবাসতে খুব ভালো লাগে। আমরা একসঙ্গে বেড়াতেও যাই।
কিছু দিন আগেই রণবীর
ও আলিয়ার নতুন বাড়ির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নতুন বাড়ির ছবি সামাজিক
মাধ্যমে ছড়িয়ে পড়তেই রেগে যান আলিয়া ভাট। অভিনেত্রী বলেন, তার ব্যক্তিগত পরিসরে ফটোসাংবাদিকরা
ঢুকে পড়েছেন, যা নিয়ে বিরক্ত তিনি।
আলিয়া-রণবীরের নতুন
বাড়ির দাম প্রায় ২৫০ কোটি রুপি। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এ বাড়িটি আদতে
রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কাপুর ও নীতু কাপুরকে লিখে
দিয়েছিলেন তারা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে।
বিনোদন ডেস্ক





