আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

Written by

in

চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬ আসর। বিশ্বজুড়েই এখন ফুটবলের আমেজ। সে আমেজে মাতোয়ারা সবাই। বিনোদন জগতের তারকারাও থেমে নেই। তারাও মেতে আছেন। প্রিয় দলের বন্দনা গাইছেন। প্রিয় খেলোয়াড়ের বন্দনা গাইছেন। সেই উন্মাদনায় থেমে নেই ঢালিউড অভিনেত্রী পরীমনিও।

অভিনেত্রীর একটি ভিন্নধর্মী পোস্ট ভক্তদের বেশ নজর কেড়েছে। ভক্তদের অনেকে রসাত্মক মন্তব্যও করেছেন, আবার আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তরা তার এই উদযাপনের জন্য শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়েছেন। আবার অনেক চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকও পরীমনির এই আর্জেন্টিনা প্রীতি দেখে মজার মজার মন্তব্যও জুড়ে দিয়েছেন।

বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত পরীমনি। সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সময়ের পোস্টগুলো স্পষ্ট করেছে; সেই সঙ্গে ভক্তদের মাঝে শেয়ার করে নিচ্ছেন তার প্রিয় দলকে নিয়ে উন্মাদনা।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের জয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন অভিনেত্রী। ছেলে পুণ্যকে আর্জেন্টিনার জার্সিতে সাজিয়ে কিছু ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। সেই সময় লিখেছিলেন— ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’ 

এর কয়েক দিন পরেই বিশ্বকাপ ও আর্জেন্টিনা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও পোস্ট করলেন পরীমনি, যেখানে তাকে দেখা গেল একেবারে ভিন্ন ও চমকপ্রদ কিছু আবহে।

সেই ভিডিওটিতে দেখা যায়, পরীমনি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের জার্সি পরে আছেন, যার সামনে ‘মেসি ১০’ এবং পেছনে ‘PORI’ লেখা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আর্জেন্টিনার ফুটবলারদের নাম নিয়ে তৈরি একটি ট্র্যাক বাজতে শোনা যায়। সেই গানটিতে যখনই একজন করে আর্জেন্টাইন তারকার নাম ধরে ‘লা স্ক্যালোনেটা’র আগমনী বার্তা দেওয়া হচ্ছিল, ঠিক তখনই পরীমনি সেই ফুটবলারের মাঠের চেনা উদযাপন বা সিগনেচার পোজটি হুবহু অনুকরণ করে দেখাচ্ছিলেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচ, মোলিনার উল্লাস, রোমেরো ও সেনেসির মতো ফুটবলারদের কিছু সিগনেচার ভঙ্গি নকল করতে দেখা যায়। সেই ভিডিওতে আসল ফুটবলারদের খেলার মাঠের ক্লিপের সঙ্গে পরীমনির এই মেলবন্ধন ভক্তদের বেশ নজর কাড়ে।

এ ছাড়া ম্যাক অ্যালিস্টার, পারেদেস, ফেরনান্ডেজ, আল্ভারেজ, গঞ্জালেজদের পোজগুলোও অনুকরণ করেন পরীমনি। এরপর জার্সি গায়ে, হাতে রঙিন জরি গায়ে মেখে নিজের এক গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন পরীমনি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *