Home / Entertainment / আমিরের ‘সিতারে জামিন পার’ যত আয় করল

আমিরের ‘সিতারে জামিন পার’ যত আয় করল

গত ২১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় বলিউড সুপারস্টার আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’। এরইমধ্যে সিনেমাটি নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে আমির ভক্তদের মধ্যে। যার প্রতিফলন দেখা যাচ্ছে সিনেমাটির আয়ের অংকেও।

আমির খান ও জেনেলিয়া ডি’সুজা অভিনীত ছবিটি প্রথম সপ্তাহেই বেশ ব্যবসা করেছে। পরিচালক আর এস প্রসন্নর এই ছবিটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন। বিশেষ করে আমির খানের অভিনয় আবারও দর্শকদের মুগ্ধ করেছে। ছবির গল্পে হাসি-কান্নার মিশেল থাকায় এটি একটি সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা হিসেবে দর্শক মহলে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। হল ফেরত দর্শকরাও ছবিটির ভূয়সী প্রশংসা করছেন।

সিনেমাটি প্রথম দিনে ১০ কোটি ৭ লাখ টাকা আয় করে বক্স অফিসে আগমনী বার্তা দিয়েছিল। স্যাকনিলকের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ছবিটি ৬.৭৫ কোটি টাকা আয় করেছে। সপ্তাহের মাঝামাঝি দিনের হিসাবে এটি মোটেই মন্দ নয়। সব মিলিয়ে প্রথম সপ্তাহের শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮৯.১৫ কোটি টাকা (প্রাথমিক হিসেব)। 

‘সিতারে জামিন পার’ ছবিটি প্রযোজনা করেছেন আমির খান প্রোডাকশনস এবং অপর্ণা পুরোহিত। এই ছবিতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন যিনি ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে প্রশিক্ষণ দেন। ছবিতে অনেক নতুন মুখের অভিনয়ও প্রশংসিত হয়েছে, যারা তাদের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *