
বলিউড ইন্ডাস্ট্রিতে ফের শ্লীলতাহানির অভিযোগ। বছর ৩২-এর এক তরুণীকে অভিনয়ের টোপ দিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে ‘জোশ’ অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে। মুম্বাইয়ের খার থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী। পুলিশ সূত্রে জানা গেছে, শরদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৪, ৭৫ ও ৭৯ অনুযায়ী এফআইআর দায়ের হয়েছে।
নিগৃহীত তরুণী অভিযোগ করেছেন, তার সঙ্গে শরদের আলাপ হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বেশ কিছু দিন কথাবার্তার পর শরদ নতুন ছবি নিয়ে কথা বলার জন্য নিজের কার্যালয়ে ডেকে পাঠান তরুণীকে। বলিউডে পরিচিত নাম শরদ কাপুর। তার ঝুলিতে রয়েছে ‘জোশ’, ‘এলওসি কারগিল’, ‘লক্ষ্য’, ‘দস্তক’-এর মতো ছবি। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকেও দেখা গেছে তাকে। অভিযোগকারিণীর দাবি— সে কারণেই শরদকে উপেক্ষা করতে পারেননি তিনি।
তরুণী জানিয়েছেন, গত ২৬ নভেম্বর ঠিকানা মিলিয়ে পৌঁছে যান নির্দিষ্ট স্থানে। কিন্তু গিয়ে বুঝতে পারেন, সেটি শরদের অফিস নয়। বাড়িতেই ডেকেছেন অভিনেতা! তরুণী বলেন, দরজা খুলতেই শরদের গলা ভেসে আসে। তিনি পরিচারককে নির্দেশ দেন, তরুণীকে শোবারঘরে পৌঁছে দেওয়ার জন্য। অভিযোগ, শোবারঘরে পৌঁছালে তাকে আপত্তিজনকভাবে স্পর্শ করেন অভিনেতা। সেখান থেকে কোনো রকমে বেরিয়ে আসতে পারলেও সন্ধ্যায় শরদ আবার তাকে অশ্লীল বার্তা পাঠান। পরের দিন ২৭ নভেম্বর তরুণী খার থানায় লিখিত অভিযোগ করেন।
বিনোদন ডেস্ক





