Tag: মাইকেল জ্যাকসন

  • আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’ আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষ্যে সম্প্রতি জার্মানির বার্লিনে আয়োজন করা হয়েছিল এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনী। এর মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো দেখানো হয় মাইকেল জ্যাকসনের বায়োপিক ‌‘মাইকেল’। 

    এ সময় উপস্থিত দর্শক ও সমালোচকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। 

    মাইকেল জ্যাকসন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী একজন মার্কিন গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী ছিলেন, যাকে বিশ্বজুড়ে ‘কিং অফ পপ’ বা পপসম্রাট হিসেবে অভিহিত করা হয়। তার অসাধারণ প্রতিভা এবং নতুনত্বের মাধ্যমে তিনি মিউজিক ভিডিও এবং আধুনিক পপসংগীতের ধারা চিরতরে বদলে দিয়েছিলেন। 

    মাত্র পাঁচ বছর বয়সে মাইকেল তার ভাইদের সঙ্গে নিয়ে গঠিত সংগীত দল ‘দ্য জ্যাকসন ৫’-এর লিড ভোকালিস্ট হিসেবে পেশাদার সংগীত জীবন শুরু করেন। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও ‘এবিসি’-এর মতো চার্ট-টপিং গান উপহার দেয়।

    এ কিংবদন্তি ১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে একটি আফ্রিকান-আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেন। ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার ছিল তীব্র অনুরাগ। 

    ১৯৭১ সালে মাইকেল এককভাবে গান গাওয়া শুরু করেন। তবে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত তার অ্যালবাম ‘থ্রিলার’ তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। এটি ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত অ্যালবাম হিসেবে স্বীকৃত।

    মাইকেল জ্যাকসন কেবল একজন শিল্পীই ছিলেন না, বরং একজন বড়মাপের মানবহিতৈষীও ছিলেন। তিনি বিশ্বজুড়ে ৩৯টি দাতব্য সংস্থাকে কোটি কোটি ডলার অনুদান দিয়েছিলেন এবং নাগরিক অধিকার ও পরিবেশগত কারণে সচেতনতা তৈরিতে কাজ করেছিলেন। ১৯৯৬ সালে তার আয়ের অর্থ দিয়ে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল। মাইকেল জ্যাকসন আজও তার গান এবং নাচের মাধ্যমে কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন।

    ২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হৃদরোগে আক্রান্ত হয়ে (প্রোপোফল নামক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়) এ কিংবদন্তির মৃত্যু হয়। সেদিন তার আকস্মিক মৃত্যুতে পুরো বিশ্ব শোকাভিভূত হয়ে পড়েছিল। 

    বর্তমানে তার জীবনী অবলম্বনে হলিউডে বায়োপিক নির্মাণ করা হয়েছে। যেখানে তার চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন। এ সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের জীবনের উত্থান-পতন, ব্যক্তিগত জীবন এবং আইকনিক পারফরম্যান্স তুলে ধরা হয়েছে।

    লায়ন্সগেট ও গ্রাহাম কিং এবং জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন (মাইকেল জ্যাকসনের এস্টেটের সহনির্বাহী) প্রযোজনায় জন লোগানের চিত্রনাট্যে অ্যান্টোনি ফুকার পরিচালনায় নির্মিত হয়েছে ‘মাইকেল’ সিনেমা। এত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাইপো জাফার জ্যাকসন। পপসম্রাটের ভূমিকায় অভিনয় করে এর মধ্যেই আলোচনায় এসেছেন তিনি।

    প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের আশা, ‘মাইকেল’ সিনেমাটি মুক্তির পর বিশ্বজুড়ে ৭০ কোটি ডলার আয় করবে। যদি এ পূর্বাভাস মিলে যায়, তবে এটি হবে মিউজিক্যাল বায়োপিক বা সংগীত তারকাদের নিয়ে নির্মিত সিনেমার ইতিহাসে শীর্ষ তালিকায় স্থান। আজ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাইকেল’ সিনেমাটি।  

    কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বায়োপিক ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসনকে নিয়ে। সম্পর্কে পপসম্রাটের ভাতিজা এক অনবদ্য অভিনয় ও তার লুকের মাধ্যমে চাচা মাইকেলের প্রায় পুরোটাই পর্দায় ফুটিয়ে তোলেন। দর্শকদের মতে, জাফরের কণ্ঠ থেকে শুরু করে তার নাচ ও আবেদন প্রায় সবটাই মিলেছে মাইকেল জ্যাকসনের সঙ্গে।

    বিনোদন ডেস্ক

  • একই দিন বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বায়োপিক ‘মাইকেল’

    অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, একই দিন সিনেমাটি স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে।

    ২০০৯ সালে ৫০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মাইকেল জ্যাকসন। মৃত্যুর দেড় যুগ পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা যেন এতটুকুও কমেনি। এখনো স্পটিফাইয়ে প্রতি মাসে প্রায় ৬৫ মিলিয়ন মানুষ তার গান শোনেন। তাকে ঘিরে ভক্তদের আগ্রহ যে কমেনি সেটা এই বায়োপিক নিয়ে ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস থেকেই স্পষ্ট।

    সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। এতে আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদিসহ অনেকে।

    ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকো। এতে মাইকেলের সংগীতজীবনের শুরু থেকে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার গল্প দেখানো হবে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করে কিভাবে এককভাবে বিশ্বসংগীতের সবচেয়ে বড় নাম হয়ে ওঠেন, তা তুলে ধরা হয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও তুলে ধরা হয়েছে এখানে। ছবিতে তার বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো। আর মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে আছেন নিয়া লংকে। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা।

    এছাড়া সংগীত জগতের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও। এই চরিত্রগুলোর মাধ্যমে মাইকেলের ক্যারিয়ারের পেছনের মানুষদের ভূমিকা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

    এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তার বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গেল ফেব্রুয়ারিতে এর ট্রেলার মুক্তির একদিনের মধ্যেই সেটি ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে যায়। ধারণা করা হচ্ছে, মুক্তির পর ‘মাইকেল’ সিনেমাটিও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেতে যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’।  এ উপলক্ষ্যে জার্মানির বার্লিনে আয়োজন করা হয় এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনী। এর মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো দেখানো হয় বহুল প্রতীক্ষিত লায়ন্সগেটের প্রযোজনায় মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। এ সময় উপস্থিত দর্শক ও সমালোচকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। 

    লায়ন্সগেটের আশা, ‘মাইকেল’ সিনেমাটি বিশ্বজুড়ে ৭০ কোটি ডলার আয় করবে। যদি এই পূর্বাভাস মিলে যায়, তবে এটি হবে মিউজিক্যাল বায়োপিক বা সংগীত তারকাদের নিয়ে নির্মিত সিনেমার ইতিহাসে শীর্ষ তালিকায় স্থান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাইকেল’ সিনেমাটি।  

    কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বায়োপিক ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসনকে নিয়ে। সম্পর্কে পপসম্রাটের ভাতিজা এক অনবদ্য অভিনয় ও তার লুকের মাধ্যমে চাচা মাইকেলের প্রায় পুরোটাই পর্দায় ফুটিয়ে তোলেন। দর্শকদের মতে, জাফরের কণ্ঠ থেকে শুরু করে তার নাচ ও আবেদন প্রায় সবটাই মিলেছে মাইকেল জ্যাকসনের সঙ্গে।  

    বার্লিন উৎসবে এন্টোইন ফুকুয়া পরিচালিত ‘মাইকেল’ সিনেমাটি প্রদর্শনী শেষে দর্শক ও কলাকুশলীরা দাঁড়িয়ে জাফর জ্যাকসনকে সম্মান জানান। এ সময় অনুষ্ঠানে জ্যাকসন পরিবারের বেশ কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ‘মাইকেল’ সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে এটিকে ‘শতাব্দীর সেরা সিনেমা’ হিসেবেও অভিহিত করেছেন অনেকেই। 

    চলচ্চিত্র সমালোচকের ভাষ্যানুযায়ী, পরিচালক এন্টোইন ফুকুয়া এ বায়োপিকে মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ সব মুহূর্ত জীবন্ত করে তুলেছেন। এ ছাড়া জাফর জ্যাকসনকে দিয়ে মাইকেলের শারীরিক ভাষা ও আবেগ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা, যা দর্শকদের দীর্ঘকাল মনে থাকবে।

    এদিকে ইতিবাচক আলোচনার পাশাপাশি এ সিনেমাটি ঘিরে খানিকটা সমালোচনা ও বিতর্কও তৈরি হয়েছে। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী, কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলোও এ সিনেমায় তুলে ধরার কথা ছিল। কিন্তু আইনি জটিলতা এবং জ্যাকসন পরিবারের আপত্তির কারণে চিত্রনাট্যে ব্যাপক পরিবর্তন আনা হয়। সে কারণে সিনেমার নির্মাণ ব্যয় প্রায় এক কোটি থেকে দেড় কোটি ডলার বৃদ্ধি পায়।

    বিনোদন ডেস্ক

  • যে অভিযোগ থেকে খালাস পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মাইকেল জ্যাকসন

    পপ সংগীত জগতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। ‘কিং অব পপ’ নামে পরিচিত এই তারকা তার জীবদ্দশায় অসাধারণ সাফল্যের পাশাপাশি একাধিক গুরুতর বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শিশু যৌন নির্যাতনের অভিযোগ, যা ২০০৫ সালে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।  এই অভিযোগের প্রেক্ষিতে সেসময়ে তাকে বেশ ভুগতে হয়েছিল। 

    ২০০৫ সালের দিকে ফ্রাঙ্ক, অ্যালডো, মারি-নিকোল ও ডমিনিক ক্যাসিও-এই চার ভাইবোন মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও নিপীড়নের অভিযোগ তোলেন।  কিন্তু আদালত মামলা না নেওয়ায় পরবর্তীতে তারা ‘লিভিং নেভারল্যান্ড’ নামের একটি ডকুমেন্টারিতে জ্যাকসনের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রকাশ করেছিলেন। 

    লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে ভাইবোনদের হাজির করা হলে বিচারক জানান, পূর্বে হওয়া একটি আইনি মীমাংসার কারণে তারা জ্যাকসনের বিরুদ্ধে নতুন করে মামলা করতে পারবেন না। আদালত সূত্রে জানা যায়, ওই মীমাংসাটি ছয় বছর আগে সম্পন্ন হয়েছিল। তবে সেই সমঝোতা বাতিলের দাবিতে ভাইবোনরা পুনরায় আদালতের দ্বারস্থ হন। 

    এর আগে, ২০০৫ সালের ১৩ জুন মাইকেল জ্যাকসন তার বিরুদ্ধে আনা শিশু যৌন নির্যাতনের সব অভিযোগ থেকে খালাস পান। মামলাটি দায়ের করেছিলেন তৎকালীন ১৩ বছর বয়সী গ্যাভিন আরভিজো। অভিযোগে বলা হয়, জ্যাকসন তার মালিকানাধীন নেভারল্যান্ড র্যাঞ্চে তাকে যৌন নির্যাতন করেছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই মামলায় জ্যাকসনের বিরুদ্ধে মোট ১০টি গুরুতর অভিযোগ আনা হয়। এর মধ্যে চারটি ছিল নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ, যৌন নির্যাতনের উদ্দেশ্যে নাবালককে মাদক সরবরাহের অভিযোগ ছিল চারটি, একটি শিশু যৌন নির্যাতনের চেষ্টা এবং শিশু অপহরণ, মিথ্যা কারাবন্দিত্ব ও চাঁদাবাজির ষড়যন্ত্রের অভিযোগ। 

    বিচার চলাকালে প্রসিকিউশন পক্ষ মাইকেল জ্যাকসনকে একজন যৌন শিকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। অপরদিকে, খ্যাতনামা আইনজীবী থমাস মেসেরোর নেতৃত্বে আসামিপক্ষ দাবি করে, অভিযোগ দায়ের করা পরিবারটির মূল উদ্দেশ্যই হল, গায়কের কাছ থেকে অর্থ আদায়। 

    আসামিপক্ষ প্রসিকিউশনের সাক্ষীদের বক্তব্যে অসঙ্গতি তুলে ধরে এবং নিজেদের পক্ষে একাধিক সাক্ষী হাজির করে। এদের মধ্যে অভিনেতা ম্যাকলে কুলকিনসহ কয়েকজন পরিচিত মুখও ছিলেন। 

    আটজন নারী ও চারজন পুরুষের সমন্বয়ে গঠিত জুরি প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা শেষে সর্বসম্মতভাবে সব অভিযোগে মাইকেল জ্যাকসনকে নির্দোষ ঘোষণা করে। এ সময়ে আদালতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মাইকেল জ্যাকসন কান্নায় ভেঙে পড়েন।  শেষ পর্যন্ত আইনিভাবে খালাস পেলেও, এই অভিযোগ ও পরবর্তী ডকুমেন্টারিগুলোর কারণে মাইকেল জ্যাকসনের নামকে ঘিরে জল্পনা আজও চলমান রয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে পেছাল মাইকেল জ্যাকসনের বায়োপিক

    বিনোদন জগতের কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘মাইকেল’। চলতি বছরের ১৮ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে বায়োপিকটির মুক্তি পিছিয়েছে।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাইকেল জ্যাকসনের বায়োপিকটির মুক্তি পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে। তবে পিছিয়ে দেওয়ার কোনো কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল— কিছু আইনি সমস্যা রয়েছে, যে কারণে চিত্রনাট্যে প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে। 

    এমনকি নতুন করে ধারণ করতে হবে কিছু দৃশ্যও। কিন্তু এবার জানা গেল, চলচ্চিত্রটি জর্ডান চ্যান্ডলার নামক এক ব্যক্তির সঙ্গে একটি আইনি চুক্তি লঙ্ঘন করেছে। যিনি মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। জর্ডানের সঙ্গে মাইকেল’স এস্টেট একটি চুক্তি করেছিল যে, পপসম্রাট সম্পর্কিত কোনো ধরনের প্রকল্পে তার প্রসঙ্গ আনা যাবে না। এ বন্দোবস্তে ২০ মিলিয়ন ডলারও পেয়েছিলেন তিনি। 

    কিন্তু সিনেমাটির উচ্চপদস্থরা এই চুক্তি সম্পর্কে অবগত ছিলেন না। ফলে আইনি সমস্যায় পড়েছেন তারা। তবে বায়োপিকটি পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চলতি বছরের মার্চেই পুনঃদৃশ্যায়ন শুরু হবে সিনেমাটির।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাইকেল জ্যাকসনের বায়োপিকটি চলতি বছরের ৩ অক্টোবর মুক্তি দেওয়ার কথা। আর এ সিনেমায় মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাগ্নে জাফর জ্যাকসন। এ ছাড়া সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন সুইফট

    ব্যান্ড সংগীতশিল্পী কিংবদন্তি মাইকেল জ্যাকসন ১৯৯৮ সালে ‘ব্যাড ট্যুর’-এ সাতবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করে রেকর্ড করেছিলেন, যা এতদিন এ রেকর্ড কেউ ভাঙতে পারেননি। তবে যে রেকর্ড ভাঙা ছিল, সেটি কোনো একক শিল্পীর ছিল না, এটি ছিল পপ ব্যান্ড টেক দ্যাটের, আটবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করে এ ব্যান্ড দলটি। 

    কিন্তু মাইকেল জ্যাকসনের সেই রেকর্ড ভেঙে দিলেন টেলর সুইফট। ওয়েম্বলিতে আটবার কনসার্ট করার রেকর্ড করে এ কিংবদন্তি পপতারকাকে পেছনে ফেললেন সুইফট। এদিন ওয়েম্বলিতে শোর মাধ্যমে ইউরোপ ট্যুর শেষ করলেন তিনি। শেষটিও হলো মনে রাখার মতোই।

    গত ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন সুইফট। কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনিই প্রথম অষ্টমবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন।

     ‘দি ইরাস ট্যুর’ কনসার্ট দিয়ে টেলর সুইফট যে কত রেকর্ড গড়বেন কে জানে। গত বছর শুরু হওয়া আলোচিত একই সংগীত সফরটি এরই মধ্যে একটির পর একটি নতুন রেকর্ড গড়েছে। এবার আরও রেকর্ডে যুক্ত হলো সুইফটের নাম, এবার পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেললেন তিনি। খবর বিবিসির

    রেকর্ড গড়ে ভক্তদের ধন্যবাদ জানাতে ভুল করেননি টেলর সুইফট। তিনি বলেন, ‘আপনারা এই সাফল্যের দাবিদার। ওয়েম্বলিতে একক শিল্পী হিসেবে আটবার শো করলাম, আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনই প্রকাশ করা যাবে না।’

    বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে তার গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে।

    বিনোদন ডেস্ক

  • সুযোগ পেয়েও মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা করতে চাননি এ আর রহমান!

    পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েও প্রাথমিক পর্যায়ে তা প্রত্যাখ্যান করেছিলেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। তবে শেষ পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়েছিল।  

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে অস্কারজয়ী এই সংগীত পরিচালক জানান, ঘটনাটি ২০০৯ সালের। লস অ্যাঞ্জেলসে তার প্রচার সহায়কের মাধ্যমে মাইকেলের ম্যানেজারের সঙ্গে আলাপ হয়। শিল্পীর সঙ্গে দেখা করার আবদার জানান রহমান। জানতে পারেন, ই-মেলের মাধ্যমে তাকে পরে সাক্ষাতের সময় জানানো হবে। রহমান জানান, তার পর মাইকেলের পক্ষ থেকে আর কোনো উত্তর আসেনি। তিনিও হাল ছেড়ে দেন।

    রহমান ভাবলেন জ্যাকসনের সঙ্গে হয়তো আর দেখা হবে না। কিন্তু অস্কারের চার দিন আগে এজেন্ট রহমানকে বলেন, ‘হেই, মাইকেল তোমার সঙ্গে দেখা করতে চান।’

    সে সময় তার অস্কার পারফরম্যান্সের মহড়া নিয়ে দারুণ ব্যস্ত রহমান। অস্কারের ঝলমলে রাত নিয়েই তার পুরো মনোযোগ। এজেন্টকে বললেন, ‘যদি পুরস্কার জিতি, তাহলেই তার সঙ্গে দেখা করব। অন্যথায় তার সঙ্গে দেখা করতে চাই না।’

    অতঃপর স্লামডগ মিলিয়নিয়ার ছবির সংগীত করার জন্য অস্কার জেতেন এ আর রহমান। ফলে কিং অব পপের সঙ্গে দেখা হওয়ার পথে আর কোনো বাধা রইল না।

    অস্কার জয়ের কয়েক দিন পর মাইকেলের সঙ্গে দেখা করেন রহমান, লস অ্যাঞ্জেলসে শিল্পীর বাড়িতেই তিনি হাজির হন। মাইকেল তার সন্তানদের সঙ্গেও রহমানের আলাপ করিয়ে দিয়েছিলেন। রহমানের কথায়, তিনি বলেছিলেন যে গানগুলো ওর পছন্দ হয়েছে। কোন কর্ড ব্যবহার করেছি, সেটাও তিনি জানতে চেয়েছিলেন।

    রহমানের মুখেই শুনুন তার পরের বয়ান, ‘তিনি দরজা খুলে দিলেন। হাতে সেই আইকনিক গ্লাভস। চোখে সানগ্লাস। আমি দুটি অস্কারজয়ের গৌরব নিয়ে তার সামনে দাঁড়ালাম, যে পুরস্কার নিয়ে পুরো ভারত তখন পাগল।’ গান নিয়ে বিস্তর আলাপ করেন তারা। পাক্কা দুই ঘণ্টা কথা বলেছিলেন তারা।

    রহমান বলেন, আমরা ভালোবাসা ও ঘৃণা নিয়ে আলোচনা করেছি।  ‘জয় হো’ গান নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলছিলেন আমার সংগীতের মতোই তার নাচের প্রতিটি ভঙ্গিও হৃদয় থেকে উঠে আসে। হঠাৎ তিনি উঠে পড়ে নাচতে থাকেন। আমি বজ্রাহতের মতো স্তম্ভিত হয়ে যাই।

    এ আর রহমান জানান, আমেরিকায় অনুষ্ঠান শেষ করে দেশে ফিরে আসার পরেও মাইকেলের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। এক সঙ্গে দু’জনের কাজও চূড়ান্ত হয়। কিন্তু সে বছরেই ২৫ জুন মাইকেল মারা যান। 

    এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া 

     

    বিনোদন ডেস্ক