Tag: ঈদুল আজহা

  • ‘তুমি ছাড়া আমার জীবনে ঈদ আসে না’

    পবিত্র ঈদুল আজহার দিনে প্রয়াত মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। মায়ের কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নেন তিনি।

    বুধবার (২৮ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন শুভ। ছবিতে দেখা যায়, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন এই অভিনেতা।

    ছবির ক্যাপশনে মাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক মা। তুমি ছাড়া এখন আর ঈদের আনন্দ অনুভব করি না। আমি যে এত কথা বলি, তুমি কি ওপর থেকে সব শুনতে পাও?’ একই সঙ্গে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রকাশ করেন।

    উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভর মা খাইরুন নেছা মারা যান। দীর্ঘদিন তিনি ছেলের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। জানা যায়, ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন।

    এদিকে ঈদের দিন মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। অ্যাকশনধর্মী এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি দেশের ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • পশুর হাটে গিয়ে আবেগঘন বার্তা ওমর সানীর

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটে গিয়ে আবেগময় বক্তব্য দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বৈধ ও হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার একটি পোস্ট ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

    ফেসবুক পোস্টে এই অভিনেতা লেখেন, সামান্য টাকা নিয়েও যদি আসি সেটা যেন হালাল থাকে। আলহামদুলিল্লাহ, আমার এবং আমার ছেলের পরিবারের পক্ষ থেকে কুরবানি আল্লাহ আপনি কবুল করুন।

    রাজধানীর একটি পশুর হাটে কুরবানির পশু কিনতে যান ওমর সানী। সেখানকার কিছু ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। পোস্টের ক্যাপশনে হালাল উপার্জনের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেতা।

    ওমর সানীর এমন বার্তায় নেটিজেনদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে মন্তব্যে ঘরে লিখেছেন, অল্প হলেও হালাল উপার্জনে বরকত আছে। আবার কেউ বলেছেন, হালাল রিজিকের গুরুত্বই সবচেয়ে বড় শিক্ষা।

    বিনোদন ডেস্ক

  • ঈদে একসঙ্গে ৯টি সিনেমা মুক্তি পাওয়ায় চিন্তায় হল মালিকরা

    ঈদ এলেই দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির ব্যস্ততা বেড়ে যায়। আসন্ন ঈদুল আজহাও এর ব্যতিক্রম নয়। ঈদের আর মাত্র দুই দিন বাকি, আর এই সময়েই জানা গেছে এবার মুক্তির তালিকায় রয়েছে মোট নয়টি সিনেমা।

    তবে এতগুলো সিনেমার বিপরীতে দেশে নিয়মিত চালু থাকা হলের সংখ্যা মাত্র ৬০ থেকে ৭০টির মতো। যদিও প্রদর্শক মালিক সমিতির তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে সাময়িকভাবে আরও ২০ থেকে ৩০টি হল চালুর সম্ভাবনা রয়েছে।

    এবারের ঈদে মুক্তির মিছিলে আছে রকস্টার, মালিক, রইদ, মাসুদ রানা, নাকফুলের কাব্য, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, পিনিক, বনলতা সেন ও তছনছ।

    সাধারণত ঈদের আগে একাধিক সিনেমা মুক্তির ঘোষণা এলেও শেষ মুহূর্তে কিছু সিনেমা সরে দাঁড়ায়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদের মাত্র দুই দিন আগে পর্যন্ত কোনো সিনেমাই মুক্তির তালিকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়নি। ফলে ধারণা করা হচ্ছে, সবগুলো সিনেমাই একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে।

    একই সময়ে এত বেশি সিনেমা মুক্তি পাওয়ায় প্রতিটি ছবি পর্যাপ্ত শো পাবে না বলে আশঙ্কা করছেন হল মালিকরা। এর ফলে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন—দুই ধরনের হলেই তৈরি হয়েছে স্ক্রিন সংকট। বিশেষ করে তারকানির্ভর বড় বাজেটের সিনেমা মাল্টিপ্লেক্সে অগ্রাধিকার পাওয়ায় মাঝারি বাজেটের ছবিগুলো আরও বেশি চাপে পড়তে পারে।

    চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল মনে করেন, ঈদকে কেন্দ্র করে সবাই একসঙ্গে সিনেমা মুক্তির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দীর্ঘমেয়াদে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, কোনো সমন্বয় ও পরিকল্পনা ছাড়া এতগুলো সিনেমা একসঙ্গে মুক্তি দেওয়া প্রযোজক ও হল মালিক—উভয়ের জন্যই লোকসানের কারণ হতে পারে। তার মতে, বছরের বেশিরভাগ সময় দর্শক নতুন সিনেমা থেকে বঞ্চিত থাকছেন। এতে যেমন নতুন দর্শক তৈরি হচ্ছে না, তেমনি হল মালিকদেরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তিনি প্রযোজক, পরিবেশক ও প্রদর্শকদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিকল্পিত মুক্তি সূচির ওপর জোর দেন।

    মাসুদ রানা সিনেমার প্রযোজক ও পরিবেশক আব্দুল আজিজ মনে করেন, একসঙ্গে এত সিনেমা মুক্তি পাওয়া সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে না। তবে ঈদ দেশের সবচেয়ে বড় সিনেমা মৌসুম হওয়ায় দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এই সময়টিকেই বেছে নিয়েছেন তারা।

    অন্যদিকে মালিক সিনেমার নির্মাতা সাইফ চন্দন প্রতিযোগিতার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তার মতে, ঈদের বাইরে বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়া এখনও কঠিন। চলচ্চিত্র অঙ্গনের সবাই সহকর্মী হওয়ায় বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই।

    আবার রইদ সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন পুরো বিষয়টিকে রাজনৈতিক ও বাস্তবতার দৃষ্টিকোণ থেকে দেখছেন। তার মতে, গত দুই বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক নির্মাতা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। এছাড়া সামনে বিশ্বকাপ ফুটবলসহ নানা বড় আয়োজন থাকায় এই সময়কে তারা উপযুক্ত মনে করেছেন।

    রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ মনে করেন, একই সময়ে এত সিনেমা মুক্তির সংস্কৃতি দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। কারণ ঈদের পর নতুন সিনেমার সংকট তৈরি হলে হলগুলোর ব্যবসা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

    চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সিনেমা মুক্তি ও ব্যবস্থাপনায় কার্যকর কাঠামোর অভাবে এ ধরনের বিশৃঙ্খলা বাড়ছে। তাই ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রযোজক, পরিবেশক, নির্মাতা ও হল মালিকদের সমন্বয়ে একটি কার্যকর রিলিজ কমিটি গঠনের পরামর্শও দিয়েছেন অনেকেই।

    বিনোদন ডেস্ক

  • এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অসচ্ছল সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে কুরবানির আয়োজন করে আসছিলেন তিনি। তবে গত কয়েক বছর ধরে সেই আয়োজনে শামিল হতে দেখা যায়নি এ অভিনেত্রীকে। 

    এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরীমনি। এবারের ঈদ নিজ বাড়িতে উদযাপন করবেন বলে জানান পরীমনি। এরপরও অভিনেত্রীর প্রত্যাশা, তার অনুপস্থিতিতেও এফডিসির সহশিল্পীদের ঈদ যেন আনন্দমুখর হয়। 

    পরীমনি বলেন, আমি চাই এফডিসিতেও কুরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কুরবানিটা এফডিসির সঙ্গে করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কুরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দীর্ঘদিন পর নিজ গ্রামে গিয়ে কুরবানি দেবেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কুরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউ সামলাচ্ছে বলেই আমি দায়িত্বটা হ্যান্ডওভার করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করি।

    ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি না কতটুকু কিভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।’ 

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার ঈদ আনন্দমেলায় একসঙ্গে রুনা লায়লা ও বেবী নাজনীন

    প্রতিবারের মতো এবারের ঈদুল আজহায়ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়ে আসছে নিজস্ব প্রযোজনায় নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নানারকম আয়োজন দিয়ে এটি সাজানো হয়েছে বলে জানা গেছে। 

    এবারের আয়োজনে প্রথমবার কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে দেশের প্রখ্যাত দুই সংগীতশিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীনকে। অনুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় গান ‘বৃষ্টি ভেজা’য় ঠোঁট মিলিয়েছেন। বেবী নাজনীন পারফর্ম করেছেন তার গাওয়া জনপ্রিয় গান ‘কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত’-এ। 

    এর আগে রুনা লায়লা ও বেবী নাজনীন দুজনই ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কিন্তু এই ম্যাগাজিন অনুষ্ঠানের কোনো পর্বে তাদের একসঙ্গে দেখা মিলতে যাচ্ছে এই প্রথম। 

    অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা জানান, উৎসবকে ঘিরে নির্মিত প্রতিটি অনুষ্ঠান নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। আর সে কথা মাথায় রেখে অসংখ্য শ্রোতার প্রিয় একটি গান নতুন করে গাওয়া; যা অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে তার বিশ্বাস।

    বেবী নাজনীনের কথায়, যে অনুষ্ঠানের জন্য দর্শক প্রতীক্ষার প্রহর গুনতে থাকে, সেখানে নিজের সেরা কাজটি তুলে না ধরলেই নয়। তাই ‘আনন্দমেলা’র জন্য ‘কাল সারারাত’ গানটি বেছে নেওয়া। কারণ এই গানের আবেদন, সৃষ্টির এত বছর পরও এতটুকু ম্লান হয়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে আশির দশকের সাড়া জাগানো পপগান ‘এমন একটা মা দে না’ নতুন করে এ আয়োজনে গেয়েছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। এছাড়া অনুষ্ঠানে আরও বিভিন্ন পর্বে পারফর্ম করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর ও পরীমণি। 

    আরও থাকছে সাদিয়া ইসলাম মৌয়ের নাচ। অনুষ্ঠাটি উপস্থাপনা করেছেন অভিনেতা আফরান নিশো। এর আগে বিভিন্ন সময় স্টেজে উপস্থাপনা করলেও আনন্দমেলা উপস্থাপনা এটাই তার প্রথম। অনুষ্ঠানটি ঈদের দিন বিটিভিতে রাত ১০টায় প্রচার হবে। 

    ‘আনন্দমেলা’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন গীতিকবি কবির বকুল। যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজ সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানটি ঈদুল আজহার প্রথম দিন বিটিভিতে প্রচার হবে। 

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের জন্মদিনে প্রকাশ পাবে ‘রকস্টার’র ফার্স্টলুক

    এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের আলোচিত সিনেমা ‘প্রিন্স’। এরই মধ্যে আসন্ন ঈদুল আজহার জন্যও সিনেমার কাজ শুরু করেছেন এই ঢালিউড তারকা। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি মুক্তি পাবে। বর্তমানে মালয়েশিয়ায় এই ছবির শুটিং চলছে।

    এরই মধ্যে জানা গেল, ছবির ফার্স্টলুক প্রকাশের তারিখ। এটি পরিচালনা করছেন আজমান রুশো। সম্প্রতি তিনি জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে এদিনই ছবিটির ফার্স্টলুক প্রকাশ করা হবে।

    এই নির্মাতা বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি বিলং করেন এইসময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আগামীকাল তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষ্যে আমরা এটি সবার জন্য প্রকাশ করব।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, প্রায় তিন দশকের ক্যারিয়ারে কখনোই এমন কোনো চরিত্রে দেখা যায়নি শাকিবকে। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক সহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। এমনকি শুটিংয়ের আগে শাকিব খান কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন।

    শোনা যাচ্ছে, ছবিটিতে শাকিবের মূল নায়িকা সাবিলা নূর এবং দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে।

    ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ওয়েব সিরিজ ‘কাইজার’, ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ খ্যাত প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্যের কাজ করেছেন। আর এটি প্রযোজনা করছে সান কমিনিকেশন।  

    বিনোদন ডেস্ক

  • কেমন কাটল তারকাদের ঈদ?

    পবিত্র ঈদ উল আযহার আনন্দে মেতেছিলেন দেশের তারকারাও। চাঁদ রাত থেকেই শুরু হয় উৎসবের আমেজ। নতুন সাজ, মেহেদির রঙ, প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি আর ভক্তদের সঙ্গে মুহূর্ত ভাগাভাগি—সব মিলিয়ে তারকাদের ঈদ ছিল উৎসবমুখর ও ব্যস্ততায় ভরা।

    জয়া আহসান

    নন্দিত অভিনেত্রী জয়া আহসানের এবারের ঈদ ছিল ব্যতিক্রমী। কারণ, বহুদিন পর ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত কোনো সিনেমা। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ নামে সিনেমাটি দেখার জন্য দর্শকরাও অনেকদিন থেকে মুখিয়ে ছিলেন। দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে ও মতবিনিময়ে হাজির হন তিনি প্রেক্ষাগৃহে। ঈদের আগে চাঁদরাতে লাবণ্যময়ী রূপে কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘চাঁদরাত’, সঙ্গে চাঁদের ইমোজিও জুড়ে দেন।

    পূজা চেরি

    চিত্রনায়িকা পূজা চেরির কাছেও এবারের ঈদটা ছিল বিশেষ। কারণ, মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘টগর’, যেখানে তিনি ‘জয়িতা’ চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদের বিপরীতে। চাঁদরাতে হাতে মেহেদিতে নিজের সিনেমার নাম ও চরিত্র লিখে সাজে ছবি পোস্ট করেন। ঈদের দিন শাড়ি পরা ছবিতে ভক্তদের শুভেচ্ছা জানান এই নায়িকা।

    আজমেরি হক বাঁধন

    নন্দিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন ঈদে ছিলেন ব্যস্ততমদের একজন। তার অভিনীত ‘এশা মার্ডার’ ছবি ছিল আলোচনায়। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা, সংবাদমাধ্যমে কথা বলা এবং সবুজ পোশাকে ঈদের শুভেচ্ছা—সব মিলিয়ে বাঁধনের ঈদ কেটেছে কর্মমুখরভাবে।

    তাসনিয়া ফারিণ

    টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ইনসাফ’, যেখানে তার বিপরীতে আছেন শরিফুল রাজ। শাড়িতে সেজে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক সবাইকে, দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে ইনসাফের সঙ্গে।’

    অপু বিশ্বাস

    সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও মডেলিং নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদের দিন শাড়িতে ছবি শেয়ার করে জানান ঈদের শুভেচ্ছা। কোরবানির ঈদে সাধারণত তিনি ছাগল কোরবানি দেন, তবে এবার তেমন কিছু জানা যায়নি। এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ঈদের পবিত্রতা ছড়িয়ে যাক সবার হৃদয়ে। ঈদ মোবারক।’

    বিনোদন ডেস্ক

  • টিভি চ্যানেলে ঈদের বিশেষ আয়োজন

    ঈদের সময় দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরই বাহারি আয়োজন করে দেশের প্রায় সবকটি টিভি চ্যানেল। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাজিয়ে বসেছে অনুষ্ঠানের পসরা। 

    এটিএন বাংলা ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’। সানজিদা হানিফের পরিচালনায় নির্মিত এ অনুষ্ঠানটি ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় সাজানো হয়। এবারের পর্বে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারিকা সাবরিন ও ইরফান সাজ্জাদ।

    বিটিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। বিভিন্ন আয়োজনে সমৃদ্ধ এ অনুষ্ঠানে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। তিনি গেয়েছেন ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। এছাড়া এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর বিটিভিতে হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার।

    বিনোদন প্রতিবেদন

  • ছোটর্পদায় ঈদের দিনের নাটক-সিনেমা

    নাগরিক টিভিতে ঈদের দিন বিকেল ৫টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও ভারতের সোনাল চৌহান।

    দীপ্ত টিভিতে ঈদের দিন রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘বাবলার জাদুর বাক্স’। মারুফ হোসেন সজীবের পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। 

    দুরন্ত টিভির ঈদের দিন বিকাল ৩টায় প্রচার হবে সিনেমা ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’। কাউন্ট ড্রাকুলা এক বিশাল হোটেল নির্মাণ করেন। একমাত্র কন্যা মেভিসের ১১৮তম জন্মদিন উপলক্ষ্যে সে সবাইকে তার হোটেলে নিমন্ত্রণ জানান। কিন্তু মানুষহীন এই হোটেলে যখন জোনাথন নামক এক যুবক ঢুকে পড়ে, তখনই শুরু হয় নতুন চমক।

    মাছরাঙা টিভিতে ঈদের দিন বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ঘ্রাণ’। মাসরিকুল আলম রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।

    চ্যানেল আইতে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘চাঁদের হাট’। কে এম সোহাগ রানার রচনা ও পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও কেয়া পায়েল। তাদের সঙ্গে আরও রয়েছেন মুনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ।

    বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কাস্টিং আউচ’। পথিক সাধনের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার, রিয়া ঘোষ, নাদের চৌধুরী, হিমে হাফিজ প্রমুখ।

    এনটিভিতে ঈদের দিন বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘পোড়ামন-২’। রায়হান রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমূখ।

    বিনোদন প্রতিবেদন

  • শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াল ঈদের দুই সিনেমা

    আসন্ন ঈদকে কেন্দ্র করে মুক্তির তালিকায় যুক্ত হয়েছিল একাধিক নতুন সিনেমা। ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার’-সহ আলোচনায় থাকা বেশ কিছু সিনেমার মাঝে জায়গা করে নিয়েছিল ‘শিরোনাম’ ও ‘নাদান’। তবে শেষমুহূর্তে মুক্তির তালিকা থেকে সরে গেছে এই দুটি সিনেমা।

    চিত্রনায়ক নিরব অভিনীত ‘শিরোনাম’ সিনেমার প্রথম লুক কিছুদিন আগেই প্রকাশ করেছিলেন তিনি নিজেই; জানিয়েছিলেন ঈদেই আসছে সিনেমাটি। কিন্তু নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঈদে এটি আর মুক্তি পাচ্ছে না।

    এ বিষয়ে গণমাধ্যমকে নিরব বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। আমরা তাড়াহুড়া করতে চাইছি না। সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি শেষ করে দর্শকের সামনে আসার ইচ্ছা রয়েছে। তাই আপাতত মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।’ 

    সিনেমাটিতে নিরবের বিপরীতে আছেন ইয়ামিন হক ববি। আরও অভিনয় করছেন ওমর সানী, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।

    অন্যদিকে, ‘নাদান’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সায়মা স্মৃতি। কারিগরি সমস্যার কারণে এটি ঈদে মুক্তি পাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।

    বিষয়টি নিশ্চিত করে শ্যামল মাওলা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে ‘নাদান’ এই ঈদে আসছে না। যারা নাদানের পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতে নাদান সিনেমার জন্য এই ভালোবাসা আবারও পাব।’

    সিনেমাটিতে শ্যামল ও সায়মা স্মৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ।

    ‘শিরোনাম’ ও ‘নাদান’ ঈদের সিনেমার তালিকা থেকে বাদ পড়ায় এখন দর্শকদের চোখ ‘তাণ্ডব’সহ অন্য আলোচিত সিনেমাগুলোর দিকেই।

    বিনোদন ডেস্ক