Tag: ইরান

  • গোপন ছবি ফাঁসের হুমকি, আতঙ্কে দিন কাটাচ্ছেন ইরানি অভিনেত্রী

    ঘটনার সূত্রপাত গত ১৮ জানুয়ারি। একটি ই-মেইল আসে ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজির ইনবক্সে। সেই মেইলে ক্লিক করার পর থেকেই সমস্যার শুরু। সাইবার জালিয়াতির কবলে পড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে— এমনই হুমকি দিয়েছেন এক ব্যক্তি। বাধ্য হয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এলনাজ নরৌজি। 

    অভিনেত্রী বলেন, এ ধরনের মেইলে আমরা সাধারণত ক্লিক করি না। কিন্তু ই-মেইলের সাবজেক্ট লাইনে আমার পাসওয়ার্ড লেখা ছিল। তাই কৌতূহলী হয়ে মেইলটি খুলে দেখতে যাই। সেখানে দেখতে পাই আমার ব্যক্তিগত ছবি জুড়ে দেওয়া রয়েছে। মেইলে লেখা ছিল—আমার কাছে তোমার সব ব্যক্তিগত ছবি রয়েছে। এ ছবিগুলো যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য আমাকে দ্রুত উত্তর দাও। যদি এমন না করো, তাহলে পরে আরও একটা লিঙ্ক পাঠাব। সেখানে ক্লিক করে দেখবে, সব ছবি আমি ফাঁস করে দিয়েছি।

    এর পরপরই এলনাজ সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে। পুরো ঘটনার কথা জানিয়ে অভিযোগ করেন তিনি। এলনাজ বলেন, তদন্ত থেকে বোঝাই যায়, এই মেইলে নেপথ্যে যিনি রয়েছেন, তিনি ভালো করেই জানেন কীভাবে পালিয়ে বাঁচতে হয়। ওই ব্যক্তি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ওই অ্যাকাউন্টটি সাইবার অপরাধ দমন বিভাগ বাতিল করে দিয়েছে। কিন্তু আমার ভয় হচ্ছে— ও যদি নতুন অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ করে।

    এ ঘটনা নিয়ে বর্তমানে বেশ ভীত অভিনেত্রী।  তিনি বলেন, এ ঘটনার পর থেকে আমার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতেও ভয় হচ্ছে। রাতে ঘুমানোর সময়ও চিন্তা হচ্ছে। মনোবিদের সাহায্য নিতে হয়েছে আমাকে। মনে হচ্ছে, সবসময় আমার ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছি।

    বিনোদন ডেস্ক

  • ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির দায়িত্ব পালন করবেন বাঁধন

    আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে ৭৫ দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবটির পর্দা নামবে ১৯ জানুয়ারি। আর এ উৎসবের জুরির দায়িত্ব পালন করবেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

    জনপ্রিয় অভিনেত্রী বাঁধন বহুগুণে গুণান্বিত। ইতোমধ্যে তিনি নাটক, মডেলিং ও সিনেমায় নিজের কাজের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন এ অভিনেত্রী। আর উৎসবের ওমেন ফিল্মমেকার বিভাগে জুরির দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধন নিজেই জানিয়েছেন এ তথ্য। এ ছাড়া উৎসবের অফিশিয়াল সাইটেও প্রকাশ করা হয়েছে তথ্যটি।

    এ বিষয়ে সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, এটা আমার জন্য অনেক সম্মানের। ভীষণ ভালো লাগছে। দেশের কোনো উৎসবে প্রথমবার জুরি হিসেবে থাকতে পারছি। এর আগে আমি অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে গেছি। এ ছাড়া আরও বড় কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে। অনলাইনে জুরির কাজ করেছি। সেখানে নানা রকম সিনেমা দেখেছি, নানা রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

    অভিনেত্রী বলেন, এর আগে বেলজিয়ামের ব্রাসেলসের আই অ্যাম টুমরো চলচ্চিত্র উৎসব ও ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে অনলাইনে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার আমি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে নিজে উপস্থিত থাকব। উৎসবে সিনেমা দেখব, অন্য জুরিদের সঙ্গে আড্ডা হবে, সিনেমা নিয়ে কথা হবে, সেটি আমার জন্য ভীষণ এক্সাসাইটিং ব্যাপার।

    ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালের ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা যায়, ওমেন ফিল্মমেকার বিভাগে জুরি হিসেবে বাঁধনের সঙ্গে দায়িত্ব পালন করবেন আরও তিনজন। তারা হলেন— অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের প্রযোজক ও চলচ্চিত্র সমালোচক মেই পো রেইনবো ফঙ এবং ইরানি অভিনেত্রী হোদা মোগহাদ্দাম মানেশ।

    বিনোদন ডেস্ক