
সুদূর সুইডেন থেকে এসে বলিউডে স্থান করে নিয়েছেন এলি আব্রাহাম। শুধু বলিউড নয়, দক্ষিণী ছবির দুনিয়াও এলিকে আপন করে নিয়েছে। একের পর এক সুপার হিট দক্ষিণী ছবিতে কাজ করছেন তিনি।
সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বলিউডে যোগ দেওয়ার প্রসঙ্গে এলি আব্রাহাম বলেন, আমার তখন পাঁচ বছর বয়স। সুইডিশ টেলিভিশনে হঠাৎই বলিউডের একটা ছবির গান দেখি, রঙিন পোশাক পরে নাচছেন রূপসী মেয়েরা। তাদের মধ্যে প্রাণশক্তি যেন উপচে পড়ছে। তাদের অভিব্যক্তি, নাচের মুদ্রা দেখে প্রথম দর্শনেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম।
এর পর সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবিটি আমাকে দারুণভাবে আকর্ষণ করে। তার গল্প বলার ধরন আমাকে মুগ্ধ করে। এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন আর মাধুরী দীক্ষিতকে দেখে মনে মনে বলে উঠেছিলাম— আমি তাদের মতো হতে চাই। আমাকে এখন পথ খুঁজে বের করতে হবে।
এলি আরও বলেন, ‘ভাষা আমার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। হিন্দি জানতাম না। আপনি যদি আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী ও সাহসী হন, তা হলে সব বাধা দূর করতে পারবেন। অবশ্যই ধৈর্য রাখতে হবে। নিজেকে ঘষামাজা করে আরও উন্নত করতে হবে। অবশ্যই নিজের কাজের প্রতি সততা আর নিজের প্রতি আস্থা রাখতে হবে।’
আগামী দিনে এলিকে অ্যাকশনধর্মী ছবি ‘গণপথ’-এ দেখা যাবে। এই ছবিতে তার সঙ্গে আছেন টাইগার শ্রফ ও কৃতি শ্যানন। এলিকে সবশেষ পর্দায় দেখা গেছে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে।
বিনোদন ডেস্ক
সূত্র: যুগান্তর
