Home / Entertainment / সিনেপ্রেমী দর্শকদের ভয় দেখাতে আসছেন বরুণ ধাওয়ান

সিনেপ্রেমী দর্শকদের ভয় দেখাতে আসছেন বরুণ ধাওয়ান

সিনেপ্রেমী দর্শকদের ভয় দেখাতে আসছেন বরুণ ধাওয়ান
ছবি: যুগান্তর

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান বর্তমানে ক্যারিয়ারে একটি বড় সাফল্যের অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি তার বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় নির্মিত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ও ‘বেবি জন’ সিনেমা দুটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। যদিও ‘বর্ডার টু’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। 

এদিকে প্রথমবারের মতো ভৌতিক সিনেমা নির্মাণ করতে যাচ্ছে । এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বরুণ ধাওয়ান। এ সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য রকেট বয়েজ’খ্যাত নির্মাতা অভয় পান্নু। তাই প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) এই নতুন হরর প্রজেক্ট এবং আসন্ন ‘ভেড়িয়া টু’ সিনেমা নিয়ে দারুণ আশাবাদী এ অভিনেতা।

দীর্ঘদিন ধরে রোমান্টিক ও পারিবারিক ঘরানার সিনেমার জন্য পরিচিত যশরাজ ফিল্মস এবারই প্রথম হরর ঘরানায় পা রাখতে যাচ্ছে। এর পাশাপাশি হরর প্রোজেক্টে এর আগে কাজ করেননি বরুণ ধাওয়ান। এবার দর্শকদের ভয় দেখাতে প্রস্তুত এ অভিনেতা। 

গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, নতুন এই হরর প্রজেক্টের কাজ খুব শিগগির শুরু হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৭ সালে সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুই ধাগা’ সিনেমার দীর্ঘ আট বছর পর এ প্রজেক্টের মাধ্যমে পুনরায় ওয়াইআরএফের ব্যানারে ফিরছেন বরুণ ধাওয়ান। সিনেমাটির চিত্রনাট্যও তৈরি করেছেন পরিচালক অভয় পান্নু। ছবিটি প্রযোজনা করবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অক্ষয় ভিধওয়ানি। যদিও সিনেমাটির নাম এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা।

প্রযোজক যশ চোপড়ার হাতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ ব্যানারটি অতীতে ‘দিওয়ার’, ‘সিলসিলা’, ‘চাঁদনী’ কিংবা ‘লমহে’-র মতো একাধিক কালজয়ী সিনেমা উপহার দিয়েছে। পরবর্তী সময়ে তার ছেলে আদিত্য চোপড়ার প্রযোজনা ও পরিচালনায় এসেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘মহাব্বাতে’ ও ‘রব নে বানাদি জোড়ি’-র মতো ব্যবসাসফল ছবি। সম্প্রতি ‘দ্য রেলওয়ে ম্যান’ সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও নিজেদের অবস্থান তৈরি করেছে সংস্থাটি।

যুগান্তর প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *