Home / Entertainment / সরকারি চাকরিজীবীদের পে স্কেলের অনিশ্চয়তাকে ঘিরে ভাইরাল জাফর-ববিতার সিনেমার গান

সরকারি চাকরিজীবীদের পে স্কেলের অনিশ্চয়তাকে ঘিরে ভাইরাল জাফর-ববিতার সিনেমার গান

সরকারি চাকরিজীবীদের পে স্কেলের অনিশ্চয়তাকে ঘিরে ভাইরাল জাফর-ববিতার সিনেমার গান
ছবি: যুগান্তর

সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে স্কেল নিয়ে চলমান আলোচনার মাঝেই এবার বিষয়টি ঘিরে ভাইরাল আশির দশকের সিনেমার জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’। 

আলোচিত ‘অবুঝ হৃদয়’ সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন দুই কিংবদন্তি শিল্পী রুনা রায়লা ও অ্যান্ড্রু কিশোর। আর এতে ঠোঁট মিলিয়েছিলেন জাফর ইকবাল ও ববিতা। কিন্তু এতদিন পর হঠাৎ কেন নতুন করে আলোচনায় গানটি? 

মূলত মজার ছলেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করছেন নেটিজেনরা। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ঘিরে আলোচনা কবে চূড়ান্ত হচ্ছে সেই অজানা প্রশ্ন থেকেই এই গানের ‘কেউ জানে না’ কথাগুলো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

পে স্কেল কবে চূড়ান্ত হচ্ছে? এই ‘কবে’ প্রশ্ন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ‘তুমি আমার জীবন’। 

মজার ছলে ফারুক সাকিব নামে একজন গানটি শেয়ার করে লিখেছেন, ‘পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিন এই খবর প্রকাশ পায়।’ 

রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় কেউ জানে না।’ 

উল্লেখ্য, ‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। আর এই গানের কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। 

তবে সম্প্রতি মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও এই গানটির ইউটিউবেও জনপ্রিয়তা কমেনি। এরই মধ্যে গানটি প্রায় ১ কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। সম্প্রতি গানটির ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যের সঙ্গে ‘কেউ জানে না’ অংশটি নতুন করে নেটিজেনদের নজর কাড়ে। 

প্রসঙ্গত, পে স্কেল নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য ও সম্ভাবনার খবর প্রকাশ পেলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সেই পরিস্থিতিকে রসিকতার সঙ্গে উপস্থাপন করতেই পুরোনো এই গানের ভিডিও শেয়ার করছেন অনেকে। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *