
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই ৩ টার্মিনাল অপসারণটি নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন সিদ্ধান্তটি ফাইলবন্দি না হয় বলে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
সোমবার (১৫ জুন) সামাজিক মাধ্যম নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, সোজা রাস্তা জটিল হয়ে যায় টার্মিনালের এই বাস ডিপো গুলোর জন্য। সেই কিশোর বয়স থেকেই প্রত্যক্ষ ভূক্তভোগী হিসেবে এই অসহ্য যন্ত্রনা থেকে মুক্তি চাই। অতীতের মত নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন এই জনগূরুত্বসম্পন্ন সিদ্ধান্তটি ফাইলবন্দি না হয়ে যায়- এটাই আমাদের দাবি।
তিনি লেখেন, মহাসড়কে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। অনিয়ন্ত্রিত টেসলা (ব্যাটারি চালিত অটো রিক্সা) গলি থেকে হাইওয়েতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অদক্ষ চালকদের কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত এবং নিহত হচ্ছে মানুষ। এদের না আছে লাইসেন্স, না আছে সড়কের নিয়ম মানার কোনো আগ্রহ। ভুক্তভোগী কেউ প্রতিবাদ করলে আবার জোটবদ্ধ হয়ে গন্ডগোল শুরু করে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে চাওয়া সড়ক- মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনুন প্লিজ।
সর্বশেষে এই কণ্ঠশিল্পী লেখেন, একই সঙ্গে সাধারণ মানুষকেও ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা নিজেরাই আইন মানতে চাই না। অনিয়মকারীদের অর্থদন্ডের আওতায় নিলেই রোড ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা ফিরে আসবে, যার কিছু নমুনা ঢাকার রাস্তায় দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জনবান্ধব সিদ্ধান্তের জন্য। ভালবাসা অবিরাম।
যুগান্তর ডেস্ক
সূত্র: যুগান্তর
