
আজ থেকে আট বছর আগে ‘রক’ নামে একটি নাটকে মোশাররফ করিম ও অভিনেত্রী আনিকা কবির শখকে একসঙ্গে দেখেছিলেন দর্শক। নাটকটি পরিচালনা করেন মাইদুল রাকিব। এরপর আর নতুন কোনো নাটকে তারা একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেননি। দীর্ঘদিন পর আবারও জুটিবদ্ধ হয়ে ফিরেছেন এ দুই অভিনয়শিল্পী।
সম্প্রতি ‘চৌধুরী’ নামে একটি নাটকের শুটিং শেষ করেন তারা। এটিও পরিচালনা করেন মাইদুল রাকিব। মূলত সময়ের সঙ্গে সঙ্গে বিত্তবান হয়ে উঠলে মানুষ কীভাবে বদলে যান, হাস্যরসাত্মকভাবে সেটিই এ নাটকে তুলে ধরেছেন পরিচালক।
এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্পটি দারুণ। চেষ্টা করেছি ভালো কিছু করতে। আশা করি দর্শক দেখলে মজা পাবেন।’
আনিকা কবির শখ বলেন, ‘দীর্ঘদিন পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করেছি। পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। নতুন যে কাজটি করেছি আশা করি সবার পছন্দ হবে।’
ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে এ নাটকটি আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
এদিকে ঈদুল ফিতরের একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মোশাররফ করিম। তার অভিনীত একাধিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কয়েকটি নতুন সিনেমা। অন্যদিকে আনিকা কবির শখও নাটকে অনিভয় নিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন। ঈদুল ফিতরের নতুন নাটকে তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।
বিনোদন ডেস্ক
সূত্র: যুগান্তর
