Home / Entertainment / বিশ্বরেকর্ড গড়া সেই ‘বেবি সার্ক’ শিশুটির গায়ক হিসেবে আত্মপ্রকাশ

বিশ্বরেকর্ড গড়া সেই ‘বেবি সার্ক’ শিশুটির গায়ক হিসেবে আত্মপ্রকাশ

বিশ্বরেকর্ড গড়া সেই ‘বেবি সার্ক’ শিশুটির গায়ক হিসেবে আত্মপ্রকাশ
ছবি: যুগান্তর

ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ভিডিও ‘বেবি সার্ক’র সেই জনপ্রিয় শিশুশিল্পী এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আগামী ২০ আগস্ট তার প্রথম একক গান প্রকাশ পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বেবি শার্কের নির্মাতা প্রতিষ্ঠান ‘দ্য পিঙ্কফং কোম্পানি’। খবর দ্য কোরিয়া হেরাল্ডের। 

দক্ষিণ কোরিয়ার বৈশ্বিক ফ্যামিলি এন্টারটেইনমেন্ট কোম্পানি পিঙ্কফং জানায়, ‘বেবি সার্ক বয়’ খ্যাত পার্ক গন-রুং (১৭) তার আত্মপ্রকাশকারী কোরীয় গান ‘ওয়েভ’ প্রকাশ করতে যাচ্ছেন। গানটির গীতিকার হিসেবে পার্ক নিজে যুক্ত ছিলেন এবং এতে জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘মনস্টা এক্স’র জুহনি ফিচার করেছেন। 

প্রসঙ্গত, পার্ক গন-রুং ২০১৬ সালে ‘বেবি সার্ক ড্যান্স’ ভিডিওতে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। বর্তমানে ভিডিওটি ১৭.২ বিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে ইউটিউবের এক নম্বর স্থানটি টানা ৬৯ মাস ধরে নিজের দখলে রেখেছে। গানটির ১০ম বার্ষিকী উপলক্ষে তৈরি করা শর্ট-ফর্ম ভিডিওগুলোতে গত বছর পার্কের উপস্থিতি আবার নতুন করে সাড়া ফেলেছিল, যা প্রায় ২২ মিলিয়ন ভিউ পায়। 

এক বিবৃতিতে পার্ক বলেন, ‘শৈশবে করা আমার অভিনয়টি মানুষ এখনো মনে রেখেছে ভেবে আমি সবসময় কৃতজ্ঞ। দশ বছর আগে আমি বেবি সার্কের পাশে নাচতাম, আর এখন নিজের কণ্ঠে নিজের লেখা গল্প শোনাতে চাই। যারা এতদিন ধরে আমাকে মনে রেখেছেন, তাদের সঙ্গে নতুন এই পথচলা শুরু করতে পেরে আমি ভীষণ আনন্দিত।’ 

পিঙ্কফং কোম্পানির একজন প্রতিনিধি জানান, ‘এটি কেবল অতীতের সেই ছেলেটিকে ফিরিয়ে আনা নয়, বরং তার নিজের গল্প তুলে ধরার এক সততার প্রয়াস।’ পাশাপাশি এর মাধ্যমে শিশুদের বিনোদন ব্র্যান্ড থেকে আন্তর্জাতিক কে-পপ ইন্ডাস্ট্রিতে পা রাখার ইঙ্গিত দিচ্ছে পিঙ্কফং কোম্পানি। 

তবে কোরিয়া হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানিটি স্পষ্ট করেছে যে, এটি সাধারণ কে-পপ আইডলদের মতো কোনো দীর্ঘমেয়াদী আত্মপ্রকাশ নয়, বরং একটি বিশেষ এককালীন প্রজেক্ট। 

গানটি মুক্তির পর তার ভবিষ্যৎ কাজের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।  

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *