Home / Entertainment / বিতর্কের মুখে বাংলাদেশ বেতার, বাতিল হলো পোশাকবিধি

বিতর্কের মুখে বাংলাদেশ বেতার, বাতিল হলো পোশাকবিধি

বিতর্কের মুখে বাংলাদেশ বেতার, বাতিল হলো পোশাকবিধি
ছবি: যুগান্তর

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা এবং বিভিন্ন মহলের আপত্তির পর সংবাদ উপস্থাপকদের পোশাকসংক্রান্ত পূর্বের নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ বেতার। রোববার (২৪ মে) নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনাটি বাতিল করা হয়। এতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এস এম জাহীদ।

এর আগে ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনে অংশ নেওয়া উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকনীতি নির্ধারণ করা হয়েছিল।

ওই নির্দেশনায় নারী উপস্থাপকদের জন্য শাড়ি বা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরার কথা বলা হয়। পাশাপাশি বড় টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না নেওয়ার মতো নির্দেশনাও ছিল।

পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরা বাধ্যতামূলক করা হয়। একই সঙ্গে বিশেষ দিন ও উৎসবে পাঞ্জাবি পরার সুযোগ থাকলেও টি-শার্ট বা গেঞ্জি পরা নিষিদ্ধ ছিল।

নির্দেশনাটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে নারী উপস্থাপকদের জন্য আলাদা বিধিনিষেধ আরোপ করাকে অনেকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেন।

সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনায় মূল গুরুত্ব থাকা উচিত উপস্থাপকের পেশাদারিত্ব, উপস্থাপনা দক্ষতা ও ভাষার মানের ওপর—পোশাক বা বাহ্যিক চেহারার ওপর নয়। তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের পর শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে এসে নির্দেশনাটি বাতিল করে দেয় বাংলাদেশ বেতার।

যুগান্তর প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *