Home / Entertainment / বলিউড অভিনেত্রী জিয়া খানের অপমৃত্যু মামলার রায়, প্রেমিক খালাস

বলিউড অভিনেত্রী জিয়া খানের অপমৃত্যু মামলার রায়, প্রেমিক খালাস

বলিউড অভিনেত্রী জিয়া খানের অপমৃত্যু মামলার রায়, প্রেমিক খালাস
ছবি: যুগান্তর

১০ বছর পর শান্তিতে ঘুমাতে পারবেন সুরজ পাঞ্চালি। এতদিন ধরে তার মাথার ওপর ঝুলছিল প্রেমিকার অপমৃত্যুর মামলার শাস্তির খরগ।

শুক্রবার সকাল থেকে বলিউডে সবার মনোযোগ ছিল অভিনেত্রী জিয়া খান আত্মহত্যার মামলার দিকে। এ মামলার মূল অভিযুক্ত জিয়ার প্রেমিক অভিনেতা সুরজ পাঞ্চালি বেকসুর খালাস পেয়েছেন। এ রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাঞ্চালি পরিবার।

বেলা ১১টা নাগাদ এ মামলার মূল অভিযুক্ত সুরজ তার মা জারিনা ওয়াহাবকে সঙ্গে করে মুম্বাইয়ের সিবিআই বিশেষ আদালতে পৌঁছান। গাড়ি থেকে নামতেই পাপারাজ্জিরা তাদের ঘিরে ধরে। তখন অভিনেত্রী জারিনা ওয়াহাব পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, তার ছেলে সম্পূর্ণ নির্দোষ।

দুপুর সাড়ে ১২টার পর আদালত চাঞ্চল্যকর এ মামলার রায় দেন। রায়ে মামলার মূল অভিযুক্ত সুরজ পাঞ্চালিকে নির্দোষ বলা হয়। আদালতের এ রায়ে উচ্ছ্বসিত সুরজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি ইনস্টা স্টোরিতে এক ছবি পোস্ট করে লিখেছেন- ‘সত্যের সব সময় জয় হয়’।

২০১৩ সালের ৩ জুন জুহুতে নিজের বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন ২৫ বছরের এই অভিনেত্রী। প্রেমিক সুরজ পাঞ্চালির দিকে অভিযোগ উঠেছিল যে তিনি জিয়াকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছেন।

জিয়ার মা রাবিয়া খান অভিযোগ এনেছিলেন যে, সুরজ তার মেয়ের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন। রাবিয়ার অভিযোগ, সুরজ জিয়াকে হত্যা করেছেন। তাই তার মতে এটা আত্মহত্যার ঘটনা নয়।

জিয়ার মা রাবিয়া খান সুরজের বিরুদ্ধে মুম্বাই আদালতে মামলা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সুরজকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়েছিলেন বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চালির ছেলে সুরজ। পরে সিবিআইকে এ আত্মহত্যার মামলার তদন্তের ভার দেওয়া হয়েছিল। অবশেষে ১০ বছর পর এ মামলার নিষ্পত্তি হলো। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *