Home / Entertainment / প্রথমবারের মতো একক ওয়ার্ল্ড ট্যুরে জায়ান মালিক!

প্রথমবারের মতো একক ওয়ার্ল্ড ট্যুরে জায়ান মালিক!

প্রথমবারের মতো একক ওয়ার্ল্ড ট্যুরে জায়ান মালিক!
ছবি: যুগান্তর

গেল সোমবার (১২ জানুয়ারি) নিজের জন্মদিনে ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হন সাবেক ওয়ান ডিরেকশন সদস্য জায়ান মালিক। সম্প্রতি জনপ্রিয় এই সংগীতশিল্পী ২০২৬ সালের জন্য বড় কিছুর ইঙ্গিত দিয়েছেন, যা দেখে অনেকের ধারণা- এটি হতে যাচ্ছে মিউজিকে তার প্রথম পূর্ণাঙ্গ সলো ওয়ার্ল্ড ট্যুর। 

এদিন জায়ান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লিঙ্ক শেয়ার করেন, যেখানে সম্ভাব্য এই ট্যুরে কোথায় কোথায় শো করবেন তার রহস্যময় টিজ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরই বিশ্বজুড়ে জায়ান ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

২০২৬ সালের জানুয়ারিতে সপ্তাহব্যাপী লাস ভেগাস রেসিডেন্সি নিশ্চিত করার মাত্র কয়েকদিন পরই জায়ান মালিক এই ইঙ্গিতটি দিলেন। সিন সিটিতে একাধিক শো দিয়ে শুরু হতে যাচ্ছে তার লাইভ পারফরম্যান্সের নতুন অধ্যায়। 

ইনস্টাগ্রামে প্রকাশিত নতুন টিজারে একাধিক শহর ও অঞ্চলের ইঙ্গিত পাওয়া গেছে, যা স্পষ্ট বোঝাচ্ছে জায়ান আবারও তার সঙ্গীত নিয়ে বিশ্বভ্রমণে নামতে প্রস্তুত। 

বর্তমানে এই পপ তারকা লাইভ শোর পাশাপাশি স্টুডিওতেও ব্যস্ত সময় পার করছেন। গত বছর তিনি ব্ল্যাকপিঙ্কের জিসুর সঙ্গে প্রথম যৌথ ট্র্যাক ‘আইজ ক্লোজড’ প্রকাশ করেন, যা তার একক ক্যারিয়ার নিয়ে নতুন গুঞ্জন তৈরি করে। ভক্তরা এখন অপেক্ষায় আছে এই গানসহ আর কি কি নতুন সুর তারা মঞ্চে শুনতে পাবেন। 

প্রাথমিকভাবে জায়ানের টিজারে প্রকাশ করা ট্যুর লোকেশনগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা ও মেক্সিকো। তবে এশিয়ার কোনো দেশ এখনো প্রথম দফার তালিকায় নেই। ফলে এই অঞ্চলের ভক্তরা আশায় আছেন, হয়তো শিগগিরই নতুন তারিখে এশিয়ার দেশগুলোও যোগ করা হবে। 

উল্লেখ্য, ২০১৫ সালে ওয়ান ডিরেকশন ছেড়ে যাওয়ার পর জায়ান খুব কমই লাইভ পারফরম্যান্সে দেখা দিয়েছেন। গত বছর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে ‘স্টেয়ারওয়ে টু দ্য স্কাই’ শো ছাড়া তিনি পূর্ণাঙ্গ ট্যুর থেকে দূরেই ছিলেন। 

আসন্ন ভেগাস রেসিডেন্সি এবং সম্ভাব্য বিশ্ব ভ্রমণে তার চারটি একক অ্যালবামের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন গানও পরিবেশিত হওয়ার আশা করছেন ভক্তরা। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *