Home / Entertainment / পুরোনো শত্রু যখন বন্ধু

পুরোনো শত্রু যখন বন্ধু

পুরোনো শত্রু যখন বন্ধু
ছবি: যুগান্তর

সময়টা ১৯৯৭ সাল। ইয়াশ চোপড়া পরিচালনায় নির্মিত ‘দিল তো পাগল হ্যায়’ নামে একটি সিনেমা তখন হিন্দি সিনেমার দুনিয়া মাতিয়ে বেড়াচ্ছে। বলিউড কিং শাহরুখ খানেরও তখন রমরমা অবস্থা। সেই সিনেমার গল্পে দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন মাধুরী দিক্ষিত ও কারিশমা কাপুর।

গল্পে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শেষ পর্যন্ত শত্রুতাতে গড়ায়। প্রেমিক হিসাবে শাহরুখ খানকে ঘিরে তাদের শত্রুতার চিত্র ফুটে উঠেছিল উত্তম সিংয়ের একটি মিউজিক ট্র্যাক-এ- যেখানে নাচের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন মাধুরী ও কারিশমা। আর ওই ট্র্যাকটির নাম দেওয়া হয়েছিল ‘ড্যান্স অব এনভি’ (ঈর্ষানৃত্য)। শুধু সেই নাচেই নয়, পুরো সিনেমাতেই তাদের শত্রুতা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ ২৬ বছর পর সেই দুই নায়িকার নাচ আবারও একসঙ্গে দেখতে পেলেন ভক্তরা। 

তবে পর্দায় নয়, সম্প্রতি ‘বালাম পিকচারি’ শিরোনামের একটি গানের তালে একসঙ্গে কোমর দুলিয়েছেন তারা। কারিশমা সেই নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ড্যান্স অব ফ্রেন্ডশিপ’। কারিশমার ওই পোস্টের নিচে কমেন্ট করতে ভোলেননি বহু অনুরাগীর পাশাপাশি ছোট বোন বলিউড 

অভিনেত্রী কারিনা কাপুরও। তিনি লিখেছেন, ‘দ্য ওজি সুপারস্টার’। মাধুরীকে আমাজন প্রাইমের সিনেমা ‘মাজা মা’র মাধ্যমে শেষবার বড় পর্দায় দেখেছিলেন দর্শক। আর কারিশমাকে দেখা গেছে জি ফাইভের ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ। আগামী বছর তাকে সারা আলি খান, ডিম্পল কাপাডিয়া, সঞ্জয় কাপুরের সঙ্গে হোমি আদাজানিয়া পরিচালিত ‘মার্ডার মুবারক’ সিনেমায় দেখা যাবে।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *