
‘মুন্না মাইকেল’ ছবির মধ্য দিয়ে ২০১৭ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নিধি আগারওয়াল। এ সিনেমায় টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি। আশানুরূপ সাফল্য না পেয়ে ক্যারিয়ার পরখ করতে নিধি নাম লেখান দক্ষিণী সিনেমায়। দক্ষিণী সিনেমায় তার ভাগ্য প্রসন্ন হয়।
তবে আবারও হিন্দি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতা অভিষেক জসওয়াল ও প্রযোজক প্রেরণা আরোরার সিনেমা ‘আকিদো: আ রিভেঞ্জ ড্রামা’র মাধ্যমে ওটিটি জগতেও অভিষেক হচ্ছে নিধির।
নিধি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এত ভালো একটি চিত্রনাট্য যে, নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এটা এমন একটি সিনেমা, যেটা আমি নিজেও দর্শক হিসেবে দেখতে পছন্দ করব। তাই নির্মাতা প্রেরণা আরোরা যখন আমাকে কল করেছিলেন, আমি মুহুর্তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি। সেই সঙ্গে বলেছিলাম, ছবিটির জন্য শিডিউল যেভাবেই হোক মিলিয়ে নেব।
হিন্দিসহ তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতেও সমানতালে কাজ করছেন তিনি। নিধি জানান, আমি এমন একটি গল্পের জন্যই অপেক্ষায় ছিলাম, যেটা পছন্দসই হবে এবং আমার কাজ করতে ভালো লাগবে। এটা ঠিক তেমনই একটি গল্প।
এর আগে তাকে দক্ষিণের ‘ইসমার্ট শংকর’, ‘কালাগা থালাইভা’র মতো সফল সিনেমায় দেখা গেছে। অতিশিগগিরই বড়পর্দায় পবন কল্যাণের সঙ্গে ‘হারি হারা ভিরা মাল্লু’; এবং সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘রাজা সাব’ সিনেমার মূল নায়িকার ভূমিকায় দেখা যাবে নিধিকে।
বিনোদন ডেস্ক
সূত্র: যুগান্তর
