Home / Entertainment / নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান বর্ষার

নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান বর্ষার

নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান বর্ষার
ছবি: যুগান্তর

রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চালু হয়েছে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা। নারী চালক ও কন্ডাক্টরদের নিয়ে নারীর কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের মানুষ। এ নিয়ে নারীদের কাজের প্রশংসা করে সামাজিক মাধ্যমে একটি পোস্টে দিয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।

সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ব্যক্তিগতভাবে গোলাপি রঙ তার খুব একটা পছন্দের নয়। তবে নারীদের পরিচালনায় চালু হওয়া পিংক বাসটি তার নজর কেড়েছে এবং উদ্যোগটি তার ভালো লেগেছে।

পিংক বাসে দায়িত্ব নেওয়া নারী চালক ও কন্ডাক্টরদের শুভকামনা জানিয়েছেন বর্ষা। তিনি বলেন, এসব নারীকে দেখে আরও অনেক নারী নিজেদের স্বপ্ন বড় করে দেখার সাহস পাবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন।

তিনি আরও বলেন, মেয়েরা আজ প্রাইভেটকার চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, হেলিকপ্টার চালাচ্ছে; তাহলে বাস কেন চালাতে পারবে না? অবশ্যই পারবে। বরং সুযোগ পেলে মেয়েরা যে কোনো কাজই দক্ষতার সঙ্গে করতে পারে।

তিনি বলেন, বিশেষ করে নারীদের জন্য ভালো ও সম্মানজনক চাকরি পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় পিংক বাসের মতো উদ্যোগ নারীদের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘কাজ মানেই সম্মান।’ মানুষ যে কাজই করুক না কেন, সেই কাজের মধ্যে ভালোবাসা, আত্মসম্মান ও আনন্দ খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে বর্ষা বলেন, ‘আমিও একদিন এই গাড়িটি চালাব’— এমন আত্মবিশ্বাস যেন নারীদের মধ্যে তৈরি হয়। তার মতে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়।

পিংক বাসের উদ্যোগ আরও অনেক নারীর জন্য কর্মসংস্থানের পথ খুলে দিক— এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন বর্ষা। নারী চালকদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন সাহস ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের পথচলা দেখে আরও অনেক নারী যেন নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পান। পিংক বাসে নিজেও যাত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ হঠাৎ করে আমিও যাত্রী হয়ে যাব।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও বিআরটিসি ডিপোতে পিংক বাস সেবার উদ্বোধন করা হয়। যেখানে থাকবেন শুধুই নারী যাত্রী। সঙ্গে থাকবেন নারী চালক ও নারী কন্ডাক্টর।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *