দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে উদ্দেশ করে তার সহ-অভিনেতা মনসুর আলী খানের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে ভারতের নারী কমিশন বিবৃতি দিয়ে অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত মাসেই প্যান ইন্ডিয়ার সিনেমা ‘লিও’ মুক্তি পায়। লোকেশ কঙ্গরাজের এ সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা মনসুর আলী খান ও তৃষা কৃষ্ণান। এ সিনেমায় দুজনের একসঙ্গে কোনো দৃশ্য না থাকায় আফসোস করেন মনসুর।
এক অনুষ্ঠানে অভিনেতা জানান, তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে তিনি কিছুটা হতাশ।
মনসুর বলেন, আমি ভেবেছিলাম তৃষার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। ভেবেছিলাম তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব।
মনসুরের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের নারী কমিশন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তারা মনসুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে তারা ভারতীয় দণ্ডবিধির ৫০৯বি ও অন্য উপযুক্ত ধারায় মনসুরের বিরুদ্ধে মামলার আরজি জানান।
এর আগে মনসুরের ওই আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খুলেছেন তৃষা কৃষ্ণান নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, একটা ভিডিও দেখলাম, যেখানে মনসুর আলী খান আমাকে নিয়ে আপত্তিকর কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ জানাচ্ছি তো অবশ্যই, পাশাপাশি তার মতো অভিনেতার সঙ্গে যে আমাকে কাজ করতে হয়নি, সেজন্য নিজেকে সৌভাগ্যবতী মনে করি। ভবিষ্যতেও কখনো সেই দিন আসবে না।
তৃষা জানিয়ে দেন, কোনো দিন মনসুরের সঙ্গে কাজ করবেন না তিনি।
এর আগে গতকাল দেওয়া এক প্রতিক্রিয়ায় মনসুর আলী খান জানিয়েছেন, স্রেফ মজার ছলে তিনি ওই মন্তব্য করেছিলেন।
বিনোদন ডেস্ক
সূত্র: যুগান্তর
