Home / Entertainment / ডলিকে বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ডলিকে বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ডলিকে বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী
ছবি: যুগান্তর

বিনোদন জগতের নব্বই দশকের শেষ দিকে জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কাজ করতে গিয়েই তাদের দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। 

২০০০ সালের দিকে তারা একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় দ্বৈত গান উপহার দেন শ্রোতাদের। এবং ২০০১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে মতবিরোধ ও দাম্পত্য কলহের কারণে খুব অল্প সময়ের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়। 

সম্প্রতি ব্যক্তিজীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী।

‘আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না।’ জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে প্রশ্ন করা হলে এমন কথাই বলেন রবি চৌধুরী। 

এ সংগীতশিল্পী বলেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার প্রথম বিয়ে। তবে সেই অতীত নিয়ে আর কোনো আলোচনা করতে চান না তিনি। 

সংগীত ক্যারিয়ারের শুরুতেই ‘প্রেম দাও’ নামে একটি অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের নজর কাড়েন রবি চৌধুরী। প্রথম অ্যালবামের সাফল্যের পর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি দেশীয় সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অডিও অ্যালবাম, প্লেব্যাক এবং দেশ-বিদেশে অসংখ্য মঞ্চ পরিবেশনার মাধ্যমে তিনি হয়ে ওঠেন পরিচিত এক কণ্ঠ।

বহুল আলোচিত গান ‘কাল নাগিনী’ নিয়েও প্রশ্ন করা হয়। ‘ঘুরাও দুই নয়ন’ অ্যালবামের সেই গানটি সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল কিনা? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান রবি চৌধুরী। হালকা রসিকতার সুরে এ গায়ক বলেন, ‘সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মধ্যে কলম দিয়েও মারা যায়।’

তিনি বলেন, গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে লিখেছিলাম, সেটি এখন আর বলতে চাই না। অতীতের স্মৃতি নিয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করতে চান না বলেই জানান এ সংগীতশিল্পী। 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *