Home / Entertainment / ‘জওয়ান’ তড়িঘড়ি মুক্তিতে টোপ দিলেন অনুরাগী, যা বললেন শাহরুখ

‘জওয়ান’ তড়িঘড়ি মুক্তিতে টোপ দিলেন অনুরাগী, যা বললেন শাহরুখ

‘জওয়ান' তড়িঘড়ি মুক্তিতে টোপ দিলেন অনুরাগী, যা বললেন শাহরুখ
ছবি: যুগান্তর

বলিউড কিং শাহরুখ খানের প্রথম সর্বভারতীয় ছবি ‘জওয়ান’-এর মুক্তি ঘোষণা করা হয়েছে। এর পর থেকে অনুরাগীদের মধ্যে চলছে চরম চর্চা। তবে অনুরাগীদের মধ্যে ছবি মুক্তির তারিখ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখের জওয়ান এমন শিরোনামে প্রচার চালানো হয়েছে। তবে পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্সের কাজের কারণে তারিখ পেছানো হয়েছে ।

পরে অ্যাটলি পরিচালিত এই ছবি আগস্ট মাসে মুক্তি পেতে পারে বলে শোনা গিয়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার ঘোষণা হলো ‘জওয়ান’  মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। এদিকে ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। কিন্তু এখনো অপেক্ষা চার মাসের। কোনোভাবে কি এগিয়ে নিয়ে আসা যায় না ‘জওয়ান’-এর মুক্তির তারিখ?

শনিবার ‘জওয়ান’-এর মুক্তির দিন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্ক এসআরকে’ সেশনে অনুরাগীদের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ। সেখানেই উৎসুক এক অনুরাগী তারকাকে প্রশ্ন করেন, ১০০-২০০ টাকা বেশি দিলে কি ‘জওয়ান’ তাড়াতাড়ি মুক্তি পাবে? অনুরাগীর এই মজাদার প্রশ্নে একেবারে নিজস্ব ভঙ্গিতে উত্তর দিলেন বলিউড বাদশা।

তিনি বলেন, ভাই এ টাকায় তো একটা ওটিটি সাবস্ক্রিপশনও হয় না, গোটা ছবি কী করে হবে! শাহরুখের উত্তরে মজা পেয়েছেন অনেক অনুরাগী।
পরে অবশ্য ‘জওয়ান’-এর মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে মুখ খোলেন শাহরুখ।

তিনি জানান, দর্শকের জন্য একটা ভালো ছবি তৈরিতে সময় লাগে। শাহরুখ আরও জানান, ছবির গোটা টিম কোনো বিরতি ছাড়া এতদিন ধরে টানা কাজ করছিল। ছবির মুক্তির তারিখ একটু পিছিয়ে দেওয়ায় তারাও একটু বিশ্রাম নিয়ে সুস্থভাবে কাজ করতে পারবেন।

‘পাঠান’-এর পর আরও একবার আদ্যোপান্ত অ্যাকশন ঘরানারা ছবিতে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। ‘পাঠান’-এর হাত ধরে দীর্ঘ চার বছরের বিরতির পর পর্দায় ফিরেছিলেন শাহরুখ।

এ ছাড়া এ ছবিতে অভিনয় করছেন নয়নতারা, বিজয় থালাপতি এবং প্রিয়ামণির মতো একাধিক দক্ষিণী তারকা।

 

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *