
‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো’ গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন কণ্ঠশিল্পী আগুন। যার নাম ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে। গান ছাড়া অভিনয়েও সরব ছিলেন এই কণ্ঠশিল্পী।
কিন্তু এখন কিছুটা নিজেকে আড়াল করে রেখেছেন। তবে তিনি এখন উদ্যোক্তা হিসেবে নিজেকে ব্যস্ত রেখেছেন। জন্মদিন উপলক্ষে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কণ্ঠশিল্পী তার ব্যক্তিগত জীবনের নানা দিক জানিয়েছেন।
আগুন জানান, প্রতিবছর আমার জন্মদিনে নতুন কিছু করে থাকি। এবছরও নতুন কাজ শুরু করেছি। তা হলো-মানিকগঞ্জের সিংগাইরে মাছ চাষের জন্য একটি দীঘি করেছি। যার নাম দিয়েছি 'ডিজিটাল দীঘি', যার পাড়জুড়ে লাগানো হয়েছে খেজুর গাছ।
নিরাপত্তা কথা ভেবে ইলেকট্রিক বেড়া আর সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখন থেকে এখানেই সপ্তাহে একদিন কাটানোর পরিকল্পনা আছে। পাশাপাশি সপ্তাহে একদিন করে এই এলাকার মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়ানোর পরিকল্পনা আছে। একই মৎস্য খামারের পাশাপাশি আগামীতে একটি ডেইরি ফার্মের পরিকল্পনা করছি।
অভিনয় থেকে নিজেকে গুটিয়ে রাখার বিষয়ে এ গায়ক বলেন, গান-অভিনয় নয়, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ত আছি। আগে কাজটি গুছিয়ে নিই। তারপর সব হবে। এরই মধ্যে বেশ কয়েকটি নতুন গানের কাজ করেছি, যা এখনও শেষ হয়নি। কথা-সুর-সংগীত নিয়ে কাটাছেঁড়া চলছেই।
তরুণ শিল্পীদের নিয়ে কাজের বিষয়ে আগুন জানিয়েছেন, আমিও এক সময় তরুণ ছিলাম। তখন কেউ না কেউ পাশে ছিল বলেই প্রতিষ্ঠা পেয়েছি। তাই আমিও চাই, আমার হাত ধরে কিছু প্রতিভা বিকশিত হোক।
বিনোদন ডেস্ক
সূত্র: যুগান্তর
