Home / Entertainment / এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন শুরু, ভোটার ৫৭৩ জন

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন শুরু, ভোটার ৫৭৩ জন

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন শুরু, ভোটার ৫৭৩ জন
ছবি: যুগান্তর

রূপালি পর্দার শিল্পীদের জন্য আজ এফডিসিপাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ। কেননা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে। 

বিএফডিসি প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টা থেকে ভোট কাউন্ট শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। 

এদিন আগামী দুই বছরের জন্য নিজেদের যোগ্য নেতা বেছে নেবেন চলচ্চিত্র শিল্পীরা। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। 

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে, তাদের টেক্কা দিতে আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল। 

শিবা সানু-জয় চৌধুরীর প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন। 

অন্যদিকে, আরমান-মুক্তির প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। 

উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেননি।  

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *