Home / Entertainment / ‘এপস্টেইন ফাইলস’ নিয়ে যা বললেন আমির খান

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে যা বললেন আমির খান

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে যা বললেন আমির খান
ছবি: যুগান্তর

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান সম্প্রতি নতুন প্রজন্মের ওপর সামাজিক মাধ্যম ও মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে আলোচিত ‘এপস্টেইন ফাইলস’ প্রসঙ্গ টেনে তিনি এটিকে এক ধরনের ‘মানসিক দুর্নীতি’ হিসেবে উল্লেখ করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে এক আলোচনাসভায় অংশ নিয়ে আমির খান বলেন, একসময় তিনি নিয়মিত বই পড়তেন। সপ্তাহে দুই থেকে তিনটি বই পড়া তার অভ্যাস ছিল। সকালে নাস্তার সময় কিংবা যাতায়াতের পথেও তিনি বই পড়তেন এবং ব্যস্ততার মধ্যেও এ অভ্যাস বজায় ছিল।

তবে এখন সেই অভ্যাস বদলে গেছে বলে জানান তিনি। আমির বলেন, বর্তমানে তিনি অনেক সময় ইউটিউব ও ইনস্টাগ্রাম–এর ছোট ভিডিও দেখে সময় কাটান। তার ভাষায়, ‘আমি জানি এটা আমার জন্য ভালো নয়। কিন্তু অ্যালগোরিদম এমনভাবে ভিডিও সামনে নিয়ে আসে যে সেগুলো না দেখে থাকা কঠিন হয়ে পড়ে।’

আমির খানের মতে, এ ধরনের অভ্যাস তরুণ প্রজন্মের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, অনেক দেশে ১৬ বছরের কম বয়সি ছেলে-মেয়েদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং এই উদ্যোগকে তিনি সঠিক মনে করেন। তবে ভারতে বিষয়টি বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানান, সামাজিক মাধ্যম পুরোপুরি নিষিদ্ধ না করলেও এর ব্যবহার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।

আলোচনার একপর্যায়ে দুর্নীতির প্রসঙ্গও তোলেন আমির খান। তিনি বলেন, ভারতে দুর্নীতি নতুন কোনো বিষয় নয়, এটি দীর্ঘদিন ধরে সমাজে বিদ্যমান। মানুষের ঐক্য নষ্ট হলে দুর্নীতি বাড়ে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলমান আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এটিকে মানসিক দুর্নীতি ছাড়া আর কিছু বলতে পারি না।’

অভিনেতার এ মন্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যম ও বিনোদন অঙ্গনে বেশ আলোচনা তৈরি করেছে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *