Home / Entertainment / এখনো পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে মেহজাবীনের

এখনো পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে মেহজাবীনের

এখনো পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে মেহজাবীনের
ছবি: যুগান্তর

ঈদ এলেই ছোটবেলার কামিজ পুড়ে যাওয়ার স্মৃতি এখনো মনে পড়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সে সময় তার বয়স তখন ছয় কি সাত বছর। সবে তৃতীয় শ্রেণিতে পড়ছেন। 

মা–বাবার সঙ্গে ওমানে থাকেন। ওই বয়সে ঈদের পোশাক নিয়ে মেহজাবীনেরও ছিল আলাদা আগ্রহ। বয়সে ছোট হওয়ায় সালোয়ার–কামিজ পরার সুযোগ তখনো হয়নি। কিন্তু মায়ের মতো ছোট্ট মেহজাবীনেরও চাই সালোয়ার–কামিজ। অগত্যা মায়ের সঙ্গে মিলিয়ে তাকেও বানিয়ে দেওয়া হলো সুন্দর সালোয়ার–কামিজ। বিদেশের মাটিতে সেই ঈদের পোশাক নিয়ে সে কী উত্তেজনা! শুধু অপেক্ষা, কবে আসবে ঈদ, কবে পরবেন এই পোশাক।

শেষমেশ ঈদ এলো। সকালে উঠেই গায়ে উঠল সেই সালোয়ার–কামিজ। চলতে থাকে এদিক–সেদিক ঘোরাঘুরি। ভোর থেকে দুপুর পর্যন্ত সেই এক পোশাক। দুপুরে ঘুমানোর পালা। কিন্তু কিছুতেই সেই সালোয়ার–কামিজ খুলবেন না। অগত্যা সেই পোশাক পরেই ঘুম। তারপরের ঘটনা মেহজাবীনের মুখ থেকেই শুনুন, ‘ঘুম থেকে উঠে দেখি, পোশাকটি কুঁচকে গেছে। দেখতে খারাপ লাগছে। অন্যরা ঘুম থেকে ওঠার আগেই দ্রুত তাই পোশাকটি ইস্তিরি করতে গিয়েছিলাম। 

গরম করে আয়রনটি যেই জামার ওপর রাখতে গেলাম, জায়গাটুকু পুড়ে গেল। আমার ভীষণ কান্না পাচ্ছিল। দৌড়ে গিয়ে আম্মুকে দেখালাম। আমার কাণ্ড দেখে বাসার সবাই হাসছিল। সবার কথা, “এত পছন্দের পোশাক, এক দিনও পরতে পারলে না!” এখন তো ঈদে এত্ত এত্ত জামাকাপড় উপহার পাই। কিন্তু এখনো ঈদ এলে আমার সেই পুড়ে যাওয়া কামিজের কথাই আগে মনে পড়ে।’

বিনোদন প্রতিবেদন

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *