Home / Entertainment / ‘একটি চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে’

‘একটি চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে’

'একটি চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে'
ছবি: যুগান্তর

পাইরেসির কবলে পড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে।

বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পাইরেসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফি। একই সঙ্গে যারা এই জঘন্য কাজটি করেছেন, তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, একটা ফিল্মকে পাইরেসি করা হলো পরিকল্পনা করে। শুরুতেই ছেড়ে দেওয়া হলো ইম্পর্টেন্ট ক্লাইম্যাক্স সিন। তার পর নিজেদের লোক দিয়ে ফেসবুক, ইউটিউবে সেটি ভাইরাল করে দেওয়ার চেষ্টা হলো। এর পর এখন তো পুরো সিনেমাই। শুরুতে ইন্ডিয়ান অ্যাডজুড়ে দেওয়া হলো যেন মনে হয় ইন্ডিয়া থেকে পাইরেসি হয়েছে! 

কিন্তু পাইরেসি হয়েছে বাংলাদেশের ভার্সন। সিনেমার দুই দেশের ভার্সনে কী কী ফারাক, সেগুলো আর কেউ না জানলেও আমরা তো জানি! একটি সুনির্দিষ্ট চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে, তাদের কারণে পাইরেসির শিকার হয়েছে সুড়ঙ্গ। 

এ পাইরেসি কারা করেছে, তা আমরা আইডেনটিফাই করছি। এটা বাংলাদেশ থেকেই হচ্ছে। আমাদের সঙ্গে আইনি সংস্থাগুলোও কাজ করছে। এই ভিডিওগুলো যারা অনলাইনে ছড়িয়েছে; ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সাইটে আপলোড করেছে কিংবা শেয়ার করেছে- তাদের সবার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। পাইরেসি শাস্তিযোগ্য অপরাধ এবং এ অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে। আমরা সেটা নিশ্চিত করবই।

আরেকটি কথা না বললেই নয়, যে কোনো ইস্যু নিয়ে কত লেখালেখি হয়, ভিডিও কনটেন্ট হয়, প্রতিবাদ হয়। অথচ এই বিষয়ে তারা নিশ্চুপ! অনেককেই দেখছি আমাদের সিনেমা পাইরেসি হয়ে যাওয়াকে সেলিব্রেট করতে। কিন্তু তারা জানে না, যারা সত্যিকারের সিনেমাপ্রেমী, তারা পাইরেসির সিনেমা দেখছে না। তারা হলে গিয়েই দেখছে। এখনো দেশে সুড়ঙ্গ হাউসফুল, টিকিট পাওয়া যাচ্ছে না। দেশের সীমারেখা পেরিয়ে সুড়ঙ্গ দারুণ সাফল্য পাচ্ছে বিশ্বজুড়ে। আমেরিকায় ১০৮টি হল পাচ্ছে, কলকাতায় দারুণ সাফল্য পেয়েছে, সবার মুখে মুখে সুড়ঙ্গ। 

যদিও কলকাতায় আমাদের পরীক্ষামূলক মুক্তি ছিল, যা নিয়ে আমি আমার ইন্টারভিউগুলোতে বলেছিলাম যে আমরা অনেক বেশি আশা করছি না। তবু যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু ভালোবাসা পেয়েছি- এতে আমরা খুশি। 

কারণ সুড়ঙ্গের মাধ্যমে বাংলাদেশি সিনেমার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সামনে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ। বাংলাদেশি সিনেমার জন্য নিঃসন্দেহে এ এক দারুণ এচিভমেন্ট। 

সুড়ঙ্গকে থামিয়ে রাখা যাবে না। আমাদের দমিয়ে রাখা যাবে না।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *