Tag: সুপারস্টার

  • রাজনীতিতে আসছেন বিজয় থালাপতি

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় থালাপতি অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও তিনি বিনোদন জগত থেকে বিদায় নিচ্ছেন। অভিনেতা মনে করেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। তাই তিনি নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। এর মধ্যে বেশ কিছু জনসভাও করেছেন অভিনেতা। আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না থালাপতি বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি।

    বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। বক্স অফিসে একাধিক হিট সিনেমা আছে এই অভিনেতার। সিনেমা জগতে সফল বিজয় এবার সিনেমায় ইতি টানতে চলেছেন। থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। আর এরপর শুরু হয় নানান প্রশ্ন। ভক্তরা জানতে চান— সত্যি কি অভিনেতা সিনেমায় ইতি টানবেন, কিন্তু কেন? 

    টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে ৬৯তম সিনেমা অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। এ কারণেই তিনি আর সিনেমা করবেন না। সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে।  

    সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন থালাপতি বিজয়। সেখানে সাদা পোশাক পরা বহুলোকের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়। মানুষের মধ্যে আছেন— এ কথাই বোঝাচ্ছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে।

    বিনোদন ডেস্ক

  • ছেলেকে বাঁচাতে মাঠে নামলেন আল্লু অর্জুনের বাবা

    গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ ছবি দেখতে গিয়ে পদপিষ্ট হয়েছিলেন কিছু সিনেমাপ্রেমী। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণী তারকারাও। তাদের ঘিরে উত্তেজনার কমতি ছিল না দর্শকদের। উপচে পড়েছিল ভিড়। এ সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। সেই নারীর ছেলে শ্রী তেজও গুরুতর আহত হয়।

    পদপিষ্ট হওয়ার ঘটনায় আল্লুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি গ্রেফতারও করা হয় তাকে। তবে একদিনের মধ্যেই অন্তর্বর্তী জামিন পান তিনি।

    এ ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকার সহায়তা দিয়ে সাহায্য করেছেন আল্লু অর্জুন। এতে ভেবেছিলেন অনুরাগীর মৃত্যুর ঘটনায় তিনি হয়তো খানিকটা ছাড় পাবেন। কিন্তু আল্লুর বিপদ তো আর কমছে না। কয়েক দিন আগেই পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তিনি। এ অভিনেতাকে করা হয় কঠিন সব প্রশ্ন। শোনা যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে খুব চাপের মধ্যে আছেন দক্ষিণী এই সুপারস্টার।

    এবার নতুন খবর হলো— ছেলেকে বিপদ থেকে রক্ষা করতে এবার মাঠে নামলেন আল্লু অরবিন্দ। পরিস্থিতি সামলাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আল্লুর বাবা। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন পুরো পরিস্থিতি খতিয়ে দেখার।

    পদপিষ্ট হয়ে সেই নারীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ পুরো পুষ্পা টিম। এ ঘটনা কেন্দ্র করেই একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। আপাতত জামিনে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। 

    জেল থেকে বের হয়ে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন আল্লু ও ছবির প্রযোজক। তবে সেই সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার নারী অনুরাগীর পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।

    এদিকে সেই শিশুর বাবা জানিয়েছিলেন, ভেন্টিলেশনে রয়েছে শ্রী তেজ। সামান্য হলেও উন্নতি হয়েছে ছেলের শারীরিক পরিস্থিতির। চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছে তার ছেলে। জ্ঞানও ফিরেছে তার।  তিনি আরও বলেন, আমার সন্তান অবশেষে ২০ দিন পর চিকিৎসায় সাড়া দিচ্ছে। আল্লু অর্জুন ও তেলেঙ্গানা সরকার আমাদের সাহায্য করছে।

    বিনোদন ডেস্ক

  • কারাগারে আল্লু অর্জুন: সিনেমা হলে কী ঘটেছিল সেদিন?

    প্রায় ৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহু আকাঙ্ক্ষিত সিনেমা পুষ্পা’র সিক্যুয়েল। ভারত তো বটেই, সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা অধীর অপেক্ষায় ছিল পুষ্পা-২ সিনেমাটির জন্য। 

    তবে মুক্তির আগের দিনই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা! যার জেরে প্রতীক্ষিত আনন্দ পরিণত হয় বিষাদে। এমনকি রিলের হিরোকে যেতে হলো রিয়েল লাইফের পুলিশি হেফাজতে। 

    প্রশ্ন উঠেছে, কী ঘটেছিল সেদিন?

    দিনটি ছিল ৪ ডিসেম্বর। হায়দরাবাদের সন্ধ্যা সিনেপ্লেক্সে ছিল পুষ্পা-২ সিনেমাটির প্রিমিয়ার শো। বহুল প্রতীক্ষিত সিনেমাটি দেখার জন্য সন্তান নিয়ে সিনেপ্লেক্সে প্রবেশের চেষ্টা করছিলেন এক নারী। তবে সিনেমা তার আর পুরোটা দেখা হয়না।

    কিন্তু কেন? কি হয়েছিল তার? না, আল্লুর সেই নারীভক্ত খুন হননি। আল্লু অর্জুনও তাকে পিস্তল দিয়ে শুট করেননি। তবুও সেই নারীর মৃত্যুর দায়ে নায়ক কেন গ্রেফতার হলেন?

    উত্তরটা হলো- ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে ওই সিনেমা হল পরিদর্শনে আসেন সুপারস্টার আল্লু অর্জুন। সাধারণত অভিনেতারা নিজেদের সিনেমা চলাকালে হল ভিজিট করে থাকেন। তারা জানতে চান দর্শকদের মতামত; কিংবা তাদের সঙ্গে মিলে সিনেমাটি উপভোগ করা। 

    এদিকে নিজের আগমনের খবর আগে থেকে জানাননি নায়ক আল্লু অর্জুন। হঠাৎই এসে সিনেপ্লেক্সের মূল ফটকের বাইরে ১৫-২০ মিনিট কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ভিড় জমায়।

    একপর্যায়ে নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে ভক্তরা। কেননা, সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা সম্ভব হয়নি। এর ফলেই অতিরিক্ত মানুষের ভিড়ে পদতলিত হয়ে মৃত্যু হয় সেই নারীর।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে বিবাহ অভিযানে অপু বিশ্বাস?

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ এবং এ নিয়ে নানা জল ঘোলা হবার ঘটনার পরিক্রমায় নিজের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়েই জীবন কাটাচ্ছিলেন বেশ। সম্প্রতি স্লিম ফিগার ও লাস্যময়ী রূপে আবির্ভূত হন এই অভিনেত্রী। 

    তাতেও যেন ঠিকঠাক আলোচনায় ঝড় তুলতে পারছিলেন না নায়িকা। অবশেষে কিনা বিবাহ অভিযানে নামলেন ঢালিউড তারকা অপু বিশ্বাস? 

    যে তারকাকে আগে বউ সাজতে দেখা যেত বড়পর্দায়, সেই অপু বিশ্বাসকে এখন বউ সাজতে দেখা যাচ্ছে সবার হাতে হাতে থাকা ফোনের পর্দায়। তাকে এখন বউ সাজতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

    এখন প্রশ্ন উঠেছে, কার জন্য বউ সাজছেন অপু বিশ্বাস? আবার অনেকে জানতে চাইছেন, অপুকে বউ সাজিয়ে দিচ্ছেন কে এই তরুণ?

    জানা গেছে, বিনোদন জগতের তারকাদের নতুন রূপে সাজিয়ে রীতিমতো তারকা হয়ে উঠেছেন এক ফ্যাশন ডিজাইনার। তার নাম তানজিল জনি। 

    তিনিই সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাসকে বউ সাজানোর সেই ভিডিও। জানিয়েছেন অপু বিশ্বাসের বিবাহ অভিযানের কথাও। 

    বেশ কিছু ছবি, ভিডিওতে বউয়ের সাজে দেখা গেছে নায়িকা অপু বিশ্বাসকে। জনি জানিয়েছেন, এটি বিয়ের ফটোশুট। 

    তবে ওই ভিডিওতে বারবার তিনি বলছিলেন, নতুন করে বিয়ে করছেন অপু বিশ্বাস। ক্যাপশনেও লিখেছেন, ‌বিবাহ অভিযান অপু বিশ্বাস! আর অপু বিশ্বাসের এই বউয়ের সাজ নজর কেড়েছে তার অনুরাগীদের।

    কদিন আগেও শোনা যেত, আবার বিয়ে করছেন অপু বিশ্বাস। কিছুদিন হলো, সেই গুঞ্জন থেমেছে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ঢালিউড কুইন নামে পরিচিতি পাওয়া অপু বিশ্বাস আর বিয়ে করেননি। শাকিব ও তার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। মাতৃত্বকালীন ছুটির পর বিনোদন অঙ্গনে ফিরলেও সিনেমায় আর আগের মতো দেখা যায়নি তাকে।

    সিনেমার বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ব্র্যান্ড-প্রোমোশন, নানান উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে হাজির হওয়ার পাশাপাশি ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো করছেন তিনি। 

    প্রায়ই শাকিব প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই নায়িকা। সর্বশেষ তাকে দেখা গেছে তার সরকারি অনুদানে তার নিজের বানানো সিনেমা ‌‌লাল শাড়িতে।

    বিনোদন ডেস্ক

  • সালমান খানকে আবারও হত্যার হুমকি, এবার দাবি ২ কোটি

    বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয়ে হুমকিদাতা অভিনেতার কাছ থেকে ২ কোটি টাকা দাবি করেছে।

    সালমান খানের কাছে ২ কোটি টাকা দাবি করে মুম্বাই পুলিশের ট্র্যাফিক হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে ফের বার্তা পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ওরলি পুলিশ।

    টাকা না দিলে সালমানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে অজ্ঞাতনামা ওই বার্তাদাতা। 

    ট্র্যাফিক পুলিশ বিষয়টি ওরলি পুলিশকে জানিয়েছে। তারা এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছে এবং হুমকিদাতাকে খুঁজে বের করতে কাজ শুরু করেছে।

    এদিকে সালমান খান ও এনসিপি নেতা জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। সোমবার ওই ব্যক্তিকে আটক করা হয়।

    মুম্বাইয়ের নির্মল নগর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত প্রথমে বিধায়ক জিশান সিদ্দিকির হেল্পলাইন নম্বরে হুমকি দিয়ে মেসেজ পাঠায় এবং পরে ভয়েস কল করে। 

    সোমবার এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয় এবং প্রযুক্তিগত প্রমাণের সাহায্যে নয়ডা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তদন্তের স্বার্থে তাকে মুম্বাই নিয়ে আসা হচ্ছে। 

    ক্রাইম ব্রাঞ্চের (ইউনিট ৮) একটি দল সোমবার নয়ডায় গুরফান মকবুল খান নামে ২০ বছরের এক ট্যাটু আর্টিস্টকে গ্রেফতার করে এবং মঙ্গলবার তাকে মুম্বাই নিয়ে আসে। এরপরে তাকে নির্মল নগর থানায় হস্তান্তর করা হয়। 

    গ্রেফতারকৃতকে পরে আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

    এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘অভিযুক্ত ভেবেছিল বিধায়ক জিশান সিদ্দিকিকে মিথ্যা তথ্য দিলে সে কিছু আর্থিক পুরস্কার পাবে।’

    উল্লেখ্য যে, জিশানের পিতা বাবা সিদ্দিকিকে (৬৬) গত ১২ অক্টোবর বান্দ্রায় জিশানের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। 

    এনসিপি নেতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করা লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে জিশান সিদ্দিকি জানান, তার বাবার মৃত্যুর পর বলিউড অভিনেতা তার নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। কিছুদিন আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • কিংবদন্তি কিশোর কুমার হয়ে পর্দায় ফিরছেন আমির

    একের পর এক ব্যর্থতা, তারপর বক্স অফিস থেকে বেশ লম্বা একটা বিরতি নিয়েছেন আমির খান। তবে সুপারস্টার আবারো ফিরতে চলেছেন দর্শক দরবারে। ইতিমধ্যেই ‘সিতারে জমিন পর’-এর শুটিং সেরে ফেলেছেন আমির। যেটি কিনা নতুন বছরে (২০২৫) মুক্তি পাবে বলে খবর। এছাড়াও পিঙ্কভিলা সূত্রে খবর, তার ঝুলিতে রয়েছে আরও ৫টি ছবি, যেগুলো করার জন্য বিশেষ আগ্রহী আমির। আর এই ৫টি ছবির মধ্যে রয়েছে কিশোর কুমারের বায়েপিক।

    অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন আমির খান। পিঙ্কভিলা সূত্রে খবর, প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ইতিমধ্যেই কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করছেন আমির ও অনুরাগ। এখনও পর্যন্ত তাদের মধ্যে মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও খবর।

    সূত্রের খবর, ‘কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের হৃদয়ের ভীষণ কাছের একটা প্রোজেক্ট। তারা সুন্দরভাবে এ প্রোজেক্টটি উপস্থাপন করতে চান। আমির খান ও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে বলে খবর।’

    কিশোর কুমারের বায়োপিক ছাড়াও আমিরের ভাবনায় রয়েছে আরও ৬টি ছবি। যেগুলো হল উজ্জ্বল নিকমের বায়োপিক, রাজকুমার সন্তোষীর কমেডির ছবি চার দিন কি জিন্দেগি, গজনি-২, লোকেশ কানাগরাজের একটা সুপারহিরো ঘরানার ছবি এবং জোয়া আখতারের একটা ছবিও আমিরের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। জানা যাচ্ছে, এই সবকটি ছবিই আমিরের ভীষণ পছন্দের। চলতি বছরের শেষের দিকে আমির তার পরবর্তী ছবি নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এই ৬টি ছবির মধ্যে ৩টি বেছে নিয়ে বাকি ৩টি ছবি তিনি ছেড়ে দিতে পারেন বলে খবর।

    এ মুহূ্র্তে আমির খান ‘সিতারে জামিন পার’-ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে আমির সঙ্গে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে অভিনয় করেছেন। ছবিটির প্রযোজনায় রয়েছেন সুপারস্টারের নিজের প্রযোজনা সংস্থা। ২০২৫-এর শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, প্রযোজক আমির ‘লাহোর ১৯৪৭’ বলেও একটা ছবি বানাচ্ছেন, যে ছবিতে সানি দেওল, প্রীতি জিনটা, শাবানা আজমি, করণ দেওল ও আলি ফজল অভিনয় করছেন। যেটির পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।

    বিনোদন ডেস্ক

  • নারী-ঘটিত মামলায় আফসোস সালমানের

    বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্প্রতি গুলি করে হত্যা করা হয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকে, যা গোটা সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া ফেলেছে। জানা গেছে, বিষ্ণোই গ্যাং সন্দেহভাজন হিসেবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এবং সালমানকে লক্ষ্য করে নতুন প্রাণনাশের হুমকিও এসেছে।

    এমন চ্যালেঞ্জ সত্ত্বেও, সালমান তার পেশাদার দায়িত্বে অবিচল রয়েছেন। তিনি বিগ বস ১৮-এর উইকেন্ড কা ওয়ার শুট করেছেন, যেখানে তার জনপ্রিয়তা এবং দৃঢ়তা আবারও প্রমাণিত হয়েছে।

    শো-এর নতুন প্রোমোতে সালমান খান বেশ বিচলিত দেখা গেলেও, তিনি প্রতিযোগিদের প্রতি কঠোর অবস্থান নিতে ছাড়েননি। টিজারে দেখা যায়, সালমান অবিনাশ মিশ্র এবং চুম দারাংয়ের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়ে আলোচনা করছেন, যেখানে রজত দালাল দাবি করেছেন যে অবিনাশের চারপাশে নারীরা ‘নিরাপদ’ বোধ করছেন না।

    সালমানের এই সংকটময় সময়ে তার শক্তি ও মনোবল প্রমাণ করে যে তিনি শুধু একজন অভিনেতা নন, বরং একটি আইকন যিনি প্রতিকূলতাকে অতিক্রম করতে সক্ষম।

    এ অভিযোগের প্রসঙ্গ টেনে সালমান বলেন, ‘বিগ বসের’ বাড়ির লোকেরা বলছে যে নারীরা অবিনাশের আশেপাশে কাছে নিরাপদ নয়। যদি অবিনাশের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ তোলা হয়, তাহলে তার পরিবারের কী অবস্থা হচ্ছে?

    সালমান আরও যোগ করেন, ‘আমি এই বিষয়টা ভালোভাবে জানি। আমি জানি আমার বাবা-মা কিসের মধ্যে দিয়ে গিয়েছে, আমার বিরুদ্ধেও অনেক লাঞ্ছনা লাগানো হয়েছে’। সালমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে নারী-সংক্রান্ত কারণে। 

    ঐশ্বরিয়ার অভিযোগ ছিল সালমান মদ্যপ অবস্থায় তার ওপর অত্যাচার করতেন শারীরিক ও মানসিকভাবে। করতেন গালিগালাজ। সালমানের সঙ্গে বিষাক্ত সম্পর্কে থাকার কথা প্রকাশ্যে জানিয়েছেন, অভিনেতার অপর সাবেক সোমি আলিও। সঙ্গীতা বিজলানির সঙ্গেও বিয়ের কার্ড ছাপা হয়ে যাওয়ার পর বিয়ে ভাঙে সালমানের। অন্য নারীর সঙ্গে হাতে নাতে ঘনিষ্ঠ অবস্থায় সালমানকে নাকি ধরে ফেলেছিলেন সঙ্গীতা, সেই জন্যই বিয়ে ভাঙে, শোনা যায় এমন কথাই। তাই নারী-সংক্রান্ত কারণে বহুবার মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছেন সালমান। সেই আক্ষেপের কথাই এদিন জানালেন সালমান। 

    ক্রমবর্ধমান হুমকির মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন সালমান। সেটে বেশ কয়েকটি কঠোর সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে, অঞ্চলটি সুরক্ষিত করার জন্য ৬০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সালমানের বিরুদ্ধে। প্রসঙ্গত, সপ্তাহের শুরুতে চুম দারাং এবং অবিনাশ মিশ্রের মধ্যে একটি বিশাল লড়াই শুরু হয়েছিল যেখানে অন্যান্য প্রতিযোগীদের হস্তক্ষেপ করতে হয়েছিল এবং তাদের থামাতে হয়েছিল। এরপর যখন বিগ বস বাড়ির সদস্যদের জিজ্ঞাসা করেন কেন তারা অবিনাশকে উচ্ছেদ করতে চান, তখন রজত বলেছিলেন যে বাড়ির ভেতরে থাকা নারীরা তার চারপাশে ‘নিরাপদ’ বোধ করছেন না। ইশা সিং এবং অ্যালিস কৌশিক এই বক্তব্যের সাথে তীব্র দ্বিমত পোষণ করেছিলেন।

    যুগান্তর ডেস্ক

  • প্রাণ বাঁচাতে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন ভাইজান

    বলিউড সুপারস্টার সালমান খান নিজের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ভাইজানকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে এ হুমকি দেওয়া হয়। 

    সেখানে বলা হয়, সালমান খান যদি ৫ কোটি রুপি দেন, তাহলে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার বিরোধের নিষ্পত্তি হতে পারে। তারা আরও লিখেছেন— টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।  এ ঘটনার পর সালমানের নিরাপত্তা কড়াকড়ি জোরদার করা হয়। এর পরিপ্রেক্ষিতে এবার এ অভিনেতা নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন।

    হিন্দুস্তান টাইমস বলছে, নিজের নিরাপত্তা আরও জোরদার করার জন্য দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ নিসান পেট্রোল এসইউভি আমদানি করলেন ভাইজান। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন তিনি। সেই গাড়িতেই নায়ক যাতায়াত করতেন। তবে সালমান খানের কেনা নতুন বুলেটপ্রুফ এসইউভিতে রয়েছে নতুন অনেক ফিচার। বুলেটভেদ করতে পারবে না— এমন কাচ দিয়ে তৈরি গাড়িটি। সেই সঙ্গে রয়েছে বোম অ্যালার্ট ফিচার। এ গাড়ির জন্য সালমানকে খরচ করতে হয়েছে দুই কোটি রুপি।

    এদিকে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকীকে গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিশান সিদ্দিকীর অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। বলা হচ্ছে, সালমান খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি প্রাণ গেছে বাবা সিদ্দিকীর। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বাবা সিদ্দিকী খুনের পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ।

    উল্লেখ্য, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা ঘটনার কেন্দ্র করে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই জেরে আরও কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালান বিষ্ণোই সদস্যরা। এ অবস্থার মাঝেই কাজ করছেন সালমান  খান। বর্তমানে তিনি  বিগ বস ১৮-এর শুটিং করছেন। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর)  রাতে বিগ বস ১৮-এর একটি এপিসোডের শুটিংও করেন ভাইজান। জানা গেছে, শুক্রবার (১৮ অক্টোবর)  কড়া নিরাপত্তার মধ্যেই সেটে হাজির হন নায়ক।

    বিনোদন ডেস্ক

  • সালমানের বিপদে কলকাতায় ছুটে এলেন বান্ধবী ইউলিয়া, কে তিনি?

    বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকেই বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে দুশ্চিন্তা ভক্ত-অনুরাগীদের। এনসিপি (অজিত) নেতার খুনের দায় নাকি স্বীকার করে নিয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই। 

    কৃষ্ণসার হরিণ হত্যায় নাম জড়ানোর পর থেকেই ভাইজানখ্যাত সালমানকে নিজের শত্রু মনে করেন লরেন্স ও তার অনুগামীরা। ফলে সালমানের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই কলকাতায় এলেন বলিউড সুলতানের বিশেষ বান্ধবী ইউলিয়া ভন্তুর।

    রোমানিয়ার বাসিন্দা মডেল ইউলিয়া ভন্তুর। তবে মুম্বাইয়ে সালমান খানের সঙ্গে একাধিক জায়গায় দেখা গেছে এবং দেখা যায় তাকে। বি-টাউনে গুঞ্জন— সালমানের বেশ কাছের মানুষ ইউলিয়া। সুপারস্টারের পারিবারিক অনুষ্ঠানেও একাধিকবার ইউলিয়াকে দেখা গেছে। দুজনের প্রেমের কথাও একাধিকবার শোনা গেছে। একবার তো এও রটে যায়, নিজের জন্মদিনেই ইউলিয়াকে বিয়ে করছেন সালমান খান। যদিও সেই ঘটনা বাস্তবে ঘটেনি। তবে ইউলিয়ার জন্য নিজের প্রযোজনায় মিউজিক ভিডিও তৈরি করেছেন সালমান। তাতে আবার নিজে অভিনয়ও করেছিলেন তিনি। শোনা যায়, নিজের ফার্ম হাউসেই ভিডিওটি শুট করেছিলেন সালমান খান।

    এদিকে কলকাতায় ইউলিয়ার আসার মূল কারণ কী তা এখনো জানা যায়নি। তবে শহরে পা রেখেই তিনি গিয়েছিলেন মাদার হাউসে। নকশা করা সালোয়ার পরেছিলেন ইউলিয়া। সঙ্গে নিয়েছিলেন সাদা ওড়নাও। মাদার হাউসে গিয়ে সব কিছু ঘুরে দেখেন তিনি। মাদার টেরেসার মূর্তির সামনে মাথা নিচু করে আশীর্বাদ নেন।

    সিটি অব জয় অর্থাৎ কলকাতার রূপ দেখে মুগ্ধ ইউলিয়া। একাধিক ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। শহরের রাস্তায় আইসক্রিমের ঠেলাগাড়ি দেখে তাজ্জব হয়ে যান ইউলিয়া। সেই ছবি যেমন শেয়ার করেছেন, তেমনই আবার শেয়ার করেছেন মাদার হাউস ভ্রমণের ভিডিও। যাতে ইউলিয়া লিখেছেন—এমন একটি জায়গায় প্রার্থনা করতে পেরে আমি ধন্য হয়ে গেলাম। এ এক দৈব স্থান।

    সূত্র: সংবাদ প্রতিদিন

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে ভর্তি রজনীকান্ত

    হৃদরোগ সংক্রান্ত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। সোমবার রাতে বর্ষীয়ান এ অভিনেতাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। তবে এখন অবস্থা স্থিতিশীল। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

    ৭৬ বছর বয়সী অভিনেতা দুটি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন- পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, যা ১০ অক্টোবর মুক্তি পাবে এবং লোকেশ কানারাজের কুলি। 

    প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করেন এই সুপারস্টার। সম্প্রতি, তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন। 

    রজনীকান্ত, যাকে ভালোবেসে সকলে ‘থালাইভা’ নামে ডাকে, ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত এবং প্রভাবশালী অভিনেতা। শিবাজি, বাশা, এনথিরান (রোবট), আনাত্তে, পেট্টা, কালা, দরবার এবং কাবালিসহ বহু সফল সিনেমা রয়েছে তার ঝুলিতে। চার দশকেরও বেশি সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে আসছেন। তার শেষ রিলিজ ছিল জেলার, যা ২০২৩ সালে ৯ অগস্ট মুক্তি পেয়েছিল। এবং বক্স অফিসে পাওয়ার হাউজ প্রমাণিত হয়। সেই বছরের অন্যতম বড় হিট ছিল জেলার। 

    আসন্ন সিনেমাগুলির মধ্যে ভেট্টিয়ান রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এ সিনেমাটির শুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদসহ ভারত জুড়ে বেশ কয়েকটি মনোরম লোকেশনে। ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে, ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে৷

    সব ভক্তের একটাই প্রার্থনা, ১০ অক্টোবর ভেট্টিয়ান রিলিজের আগেই সুস্থ হয়ে উঠুন রজনীকান্ত। প্রসঙ্গত, কদিন আগে ভেট্টিয়ানের অডিও লঞ্চে উপস্থিত ছিলেন যখন, তখন মঞ্চে নাচেন তিনি। গানের হুক স্টপগুলি ফুটিয়ে তোলেন নিখুঁতভাবে। যা দেখে ধারণা করা মুশকিল, অভিনেতা অসুস্থ হবেন কদিনের মধ্যে। তাই রজনীকান্তের হাসপাতালে ভর্তির খবর যেন আরও বেশি কপালে ভাঁজ ফেলেছে তার অনুরাগীদের। 

    বিনোদন ডেস্ক