Tag: শুভ জন্মদিন

  • ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে শাকিবের ফেসবুক পোস্ট

    ঢালিউড সুপারস্টার শাকিব খান। শনিবার (২৮ মার্চ) ছিল এই তারকার জন্মদিন। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশের অগণিত ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন জনপ্রিয় এই তারকা।

    এবার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করলেন শাকিব। রোববার (২৯ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা জানান, জন্মদিনে পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি এখনো অভিভূত।

    এক আবেগঘন বার্তায় এই মেগাস্টার লিখেছেন, গতকাল আমার জন্মদিনে দেশের ভেতর ও বাইরে থেকে আসা অগণিত ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছায় আমি এখনো অভিভূত। আমার পাশে থাকার জন্য এবং এই বিশেষ দিনটি এত উষ্ণতার সঙ্গে উদযাপনের জন্য সব শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই ভালোবাসাই আমার শক্তি, এই সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি কথা দিচ্ছি, আপনাদের সবসময় আমার সেরাটা দিয়ে যাব। কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যিই ধন্য।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে শনিবার (২৮ মার্চ) জন্মদিনকে ঘিরে শাকিব খানের আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। অভিনেতার ভেরিফায়েড ফেসবুক পেজে এটি প্রকাশ করা হয়। বর্তমানে সিনেমাটির শুটিংয়ের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো।

    বিনোদন ডেস্ক

  • গানে ব্যর্থ হলে যে পেশায় যেতেন আসিফ আকবর

    কোটি সংগীতপ্রেমীর প্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জন্মদিন আজ (২৫ মার্চ)।  ১৯৭২ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

    গান গেয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া ‘বাংলা গানের যুবরাজ’ হিসেবে খ্যাত এই শিল্পীর সংগীতে পথচলা মোটেই সহজ ছিল না। সংগ্রাম, অধ্যবসায় এবং নিজের স্বপ্নের প্রতি অদম্য মনোভাবের এক অনন্য উদাহরণ যেন তার জীবনের গল্প।

    বাংলা গানের জনপ্রিয় এই শিল্পীর সংগীত জীবনে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কোনো শাস্ত্রীয় তালিম ছিল না। বরং পছন্দের শিল্পীদের গান শুনে, নিজস্ব চর্চা আর অধ্যবসায়ের জোরেই তিনি নিজেকে তৈরি করেছেন। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কোটি ভক্তের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি।

    ১৯৯৭ সালের ১৫ অক্টোবর স্বপ্ন নিয়ে ঢাকায় পা রাখেন আসিফ আকবর। লক্ষ্য ছিল সাউন্ডের ব্যবসা শুরু করা এবং সংগীত জগতে নিজের পরিচয় তৈরি করা। প্রথম দিকে ডেমো ভয়েস দেওয়া, ছোটখাটো কাজ-এসব দিয়েই চলতে হয়েছিল তাকে।

    আসিফ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি শওকত আলী ইমন ভাইয়ের সহকারী হিসেবে কাজ করেছি প্রায় এক বছর। তিনি সিনেমার গানে আমাকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর ইথুন বাবু অডিও অ্যালবামের প্রস্তাব দেন। যদি সেই অ্যালবাম সাড়া না ফেলত, আমি চা বাগানে চাকরি করতাম। সব সময় বিকল্প রাখি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই কথা থেকেই তার সংগ্রাম, পরিকল্পনা ও বাস্তবতার সঙ্গে মোকাবেলার মনোভাব প্রকাশ পায়।

    তবে আসিফের সংগীত ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০০১ সালে প্রকাশিত ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি মুক্তির মধ্য দিয়ে। অ্যালবামটি সেসময়ে ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয়ে দেশের অডিও ইন্ডাস্ট্রিতে এক অনন্য রেকর্ড তৈরি করেছিল।

    এক অ্যালবামেই তার জীবন বদলে গেলেও এর পেছনে ছিল কঠিন সংগ্রামের দিন। পকেটে মাত্র ১০ টাকা, অসুস্থ সন্তান, সংসারের চাপ-সব মিলিয়ে তখন জীবন ছিল অনিশ্চয়তায় ভরা। সেই সময় আসিফের পাশে দাঁড়িয়েছিলেন ইথুন বাবু। এই সংগীতশিল্পী নিজেই বলেন, ‘অসহায় অবস্থায় মানুষ খড়কুটো খোঁজে। সেই সময় আমি বাবু ভাইকে পেয়েছিলাম।’

    ক্যাসেটের যুগে গান গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছানো আসিফ বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্ম-এর সময়েও নিজের স্থান ধরে রেখেছেন। ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তার গান মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। নতুন প্রজন্মের শিল্পীরাও তার গান কাভার করে প্রশংসায় ভাসছেন।

    গানের বাইরেও সামাজিক, রাজনৈতিকসহ দেশের নানা ইস্যুতে বরাবরই নিজের মতামত তুলে ধরতে দেখা যায় তাকে। 

    প্রিয় সংগীতশিল্পীর বিশেষ এই দিনকে ঘিরে তার ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে তার প্রতি ভালোবাসা ব্যক্ত করছেন। শৈশবে যার গান শুনে বড় হয়েছেন সেই আসিফ আকবরকে নিয়ে সেসময়ের নানা স্মৃতিচারণা সামাজিক মাধ্যমে তুলে ধরছেন। 

    বিনোদন ডেস্ক

  • ঈশ্বর জানেন একে-অপরকে কতটা চাই: শুভশ্রী

    টালিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন ছিল শনিবার (২১ ফেব্রুয়ারি)। এদিন ৫১ বছরে পা দিলেন নির্মাতা। তার জন্মদিন উপলক্ষে বরাবরই বিশেষ প্ল্যান করেন স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। স্বামীর জন্মদিনে ঘরোয়া পরিবেশে বিশেষ আয়োজন, স্পেশাল মেন্যুতে ইতালীয় খাবার।

    এর মধ্যে শুভশ্রী রাজের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। অন্যদিকে নির্মাতা জন্মদিনের আমেজের মধ্যেই তিনি তার আগামী কাজ ‘আবার প্রলয় ২’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

    এদিকে রাজ-শুভশ্রীর দাম্পত্যজীবন এর মধ্যেই আট বছর কেটে গেছে। টালিউডের পাওয়ার কাপল তারা। প্রেম ও পরিণয়ের ধাপ পেরিয়ে এখন দুই সন্তানের অভিভাবক শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। স্বামীর প্রতি প্রেম-ভালোবাসা প্রকাশ্যে আনতে কখনো কার্পণ্য করেন না শুভশ্রী। আবার রাজও স্ত্রীকে নিয়ে তার মুগ্ধতা প্রকাশ্যে আনতে কখনো দ্বিধা করেন না।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রাজের জন্মদিন উপলক্ষ্যে বরাবরই বিশেষ প্ল্যান করে থাকেন শুভশ্রী। উপহারেও থাকে চমক। কখনও দামি ফোন, আবার কখনো রাজের পছন্দের সুগন্ধি। এর আগে শুভশ্রী জানিয়েছিলেন— খুব দরকার না পড়লে রাজের জন্মদিনে কাজ রাখেন না তিনি। নিজের হাতে রাজের জন্য স্পেশাল কোনো পদ রান্না করেন। আর সবচেয়ে আগে শুভেচ্ছা জানান। এবারও তার ব্যতিক্রম হয়নি।

    ঘড়ির কাঁটা যখন ১২টা ছুঁই ছুই, রাজের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন শুভশ্রী। নায়িকার পরনে ছিল মেরুন হল্টার নেক টপ আর কালো ট্রাউজার। ‘বার্থডে বয়’ সেজেছিলেন ব্ল্যাকে টি- শার্টে।

    সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করে শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন—‘ঈশ্বর জানেন, একে-অপরকে আমাদের কতটা প্রয়োজন। আমি তোমায় সবচেয়ে ভালোবাসি। আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা তোমার সঙ্গে থাকা। শুভ জন্মদিন আমার ভালোবাসা…।’

    জন্মদিনের আয়োজনের যে কোনো ত্রুটি রাখবেন না শুভশ্রী, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে ‘প্রলয় ২’-এর প্রমোশন নিয়ে এ মুহূর্তে ব্যস্ত রাজ চক্রবর্তী। তার জন্মদিনের আগাম উদযাপনও হয়ে গেছে। শতব্যস্ততার পরও পরিবারের সবাইকে নিয়ে রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন পরিচালক। সেই ছবিও প্রকাশ্যে এসেছে।

    বিনোদন ডেস্ক

  • কিংবদন্তি অভিনেতা সোহেল রানার জন্মদিন আজ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা হিসেবে চলচ্চিত্রপাড়ায় পরিচিত। শনিবার (২১ ফেব্রুয়ারি) জীবনের ৭৯টি বসন্ত পেরিয়ে ৮০ বছরে পদার্পণ করেন তিনি।

    ১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন সোহেল রানা। সিনেমার বাইরেও তার আরও একটি পরিচয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।

    জন্মদিন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করেন সোহেল রানা। তিনি লেখেন, ‘মহান আল্লাহর অসীম রহমতে এবং দেশ-বিদেশে আমার বন্ধু-বান্ধব, ভক্ত সবার দোয়ায় আমি আজ ৭৯ পেরিয়ে আশিতে পদার্পণ করলাম।

    আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আগামীতেও আপনাদের দোয়ায় আমাকে স্মরণে রাখবেন এটুকুই আমার বিনীত আশা। শুভেচ্ছা এবং দোয়া দেশ-বিদেশের সবার প্রতি। মঙ্গল হোক আমার দেশ আমার জাতির।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কিংবদন্তি এই অভিনেতার পৈতৃক নিবাস বরিশাল জেলায়। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬১ সালে রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ছাত্র অবস্থায় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এই অভিনেতা।

    স্বাধীনতার পর তিনি যুক্ত হন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে। প্রযোজক ও পরিচালক হিসেবে নিজের নাম মাসুদ পারভেজ ব্যবহার করলেও অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা নামে।

    প্রযোজক হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন ‘পারভেজ ফিল্মস’। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই চাষী নজরুল ইসলামের পরিচালনায় নির্মিত হয় বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে অভিনেতা ও পরিচালক হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু। ১৯৭৪ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় তার। একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

    দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করা এ অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লালু ভুলু’, ‘অজান্তে’ ও ‘সাহসী মানুষ চাই’।

    অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে দুইবার শ্রেষ্ঠ অভিনেতা এবং একবার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া আজীবন সম্মাননাসহ জীবনে অসংখ্য পুরস্কার ভূষিত হয়েছেন রুপালি পর্দার জীবন্ত এই কিংবদন্তি। বর্তমানে অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘হৃতিক তারকা হতে পারবে কখনো ভাবিনি’

    ‘গ্রিক গড অব বলিউড’ হিসেবে পরিচিত অভিনেতা হৃতিক রোশন। শনিবার (১০ জানুয়ারি) ৫২ বছর বয়সে পা রাখলেন তিনি। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দুই যুগের বেশি ক্যারিয়ারে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অথচ বিখ্যাত বলিউড নির্মাতা রাম গোপাল ভার্মা নাকি কখনোই ভাবতেই পারেননি, বলিউডে কখনো তারকা হতে পারবেন হৃতিক। 

    অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি রাম গোপাল ভার্মার একটি পুরনো ভিডিও ক্লিপ নতুন করে আলোচনায় এসেছে। ভাইরাল হওয়া ওই ক্লিপে এই বলিউড পরিচালক স্বীকার করেন, হৃতিক রোশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে পারবেন কিনা-তা নিয়ে তিনি তখন নিশ্চিত ছিলেন না। 

    নির্মাতার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলোচনায় তিনি হৃতিকের বলিউডে অভিষেক এবং তাকে ঘিরে ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি কীভাবে বদলে গিয়েছিল, সে বিষয়ে কথা বলেন। রাম গোপাল ভার্মা বলেন, ‘যখন আমি হৃতিক রোশনকে প্রথম দেখেছিলাম, তখন আমার মনে হয়নি সে একজন বড় তারকা হয়ে উঠবে। শুধু আমি নই, ইন্ডাস্ট্রির অনেকেই একইরকম ভাবত।’ 

    তিনি আরও জানান, ‘কাহো না পেয়ার হ্যায়’ মুক্তির আগে হৃতিককে কেউ চুক্তিবদ্ধ করেনি, কারণ অধিকাংশই তার সাফল্য নিয়ে সন্দিহান ছিল। তবে ছবি মুক্তির পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এবং তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত কাহো না পেয়ার হ্যায় বক্স অফিস ব্লকবাস্টার হয়। এর ফলে জাতীয় সেনসেশনে পরিণত হন হৃতিক। ছবিতে তার দ্বৈত চরিত্র, নাচের দক্ষতা, পর্দায় সাবলীল উপস্থিতি ও ক্যারিশমা দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। এমনকি এই অভিষেককেই হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম প্রভাবশালী পদার্পণ হিসেবে বিবেচনা করা হয়। 

    পরবর্তীতে হৃতিক রোশন বাণিজ্যিক ও সমালোচনামূলক-দু’ধরনের সাফল্যের মাধ্যমেই হিন্দি সিনেমায় নিজের অবস্থান সুদৃঢ় করেন। ‘ধুম ২’, ‘ওয়ার’-এর মতো অ্যাকশন ছবি, সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’, ঐতিহাসিক ছবি ‘যোধা আকবর’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘লক্ষ্য’, ‘গুজারিশ’-এর মতো অভিনয়নির্ভর ছবিতে তার বৈচিত্র্যময় অভিনয় তাকে ইন্ডাস্ট্রির শীর্ষ সারিতে নিয়ে আসে। 

    জন্মদিন উদযাপনের মধ্যেই হৃতিক রোশন সম্প্রতি একটি ওয়েব শোয়ের প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন, যার শুটিং ইতোমধ্যে শুরুও হয়েছে। পাশাপাশি, বহুল প্রতীক্ষিত ‘কৃষ ৪’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক করবেন এই তারকা অভিনেতা। 

    এদিকে, রাম গোপাল ভার্মা মনোজ বাজপেয়ী, জেনেলিয়া ডি’সুজা ও রম্যা কৃষ্ণনের সঙ্গে ‘পুলিশ স্টেশন মে ভূত’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। 

    বিনোদন ডেস্ক