Tag: রাধিকা আপ্তে

  • আমরা খুবই সৌভাগ্যবান যে তোমাকে পেয়েছি: রাধিকা

    বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মা হওয়া নিয়ে তার নাকি অতিরিক্ত আবেগ নেই। বরং জীবনটাকে জীবনের মতো করেই দেখতে চান তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। 

    একটি গণমাধ্যমের এক প্রতিবেদেনে বলা হয়েছে— একদিকে যেমন এক নতুন মায়ের লড়াই, তেমনই একজন নারীর নিজের মতো করে বাঁচতে চাওয়ার। মঙ্গলবার বিকালেই রাধিকা নেটিজেনদের মাঝে শেয়ার করে নিলেন তার ভালোবাসার কথা।

    গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাধিকার স্বামী বেনেডিক্ট টেলরের জন্মদিন ছিল। সেখানে ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানিয়ে রাধিকা শেয়ার করে নিয়েছেন একটি ছবি, যেখানে মুঠো পাকিয়ে রেখেছে তার মেয়ে। আর সেই মুঠোতেই নিজের মুঠো নিয়ে গিয়ে ঠেকিয়ে রেখেছেন ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলর। 

    বাবা-মেয়ের এই মিষ্টি ছবির সঙ্গে রাধিকা লিখেছেন— ‘বড় হাতের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালোবাসি এবং আমাদের খুবই সৌভাগ্য যে তোমাকে পেয়েছি। বোঝাই যাচ্ছে, নিজের সঙ্গেই জুড়ে নিয়েছেন ছেলের বক্তব্য।

    হ্যাশট্যাগে রাধিকা লিখেছেন— ‘ফেভারিট পারসন’ (প্রিয় মানুষ) শব্দবন্ধও। অভিনেত্রীর পোস্টে তার অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন বেনেডিক্টকে। এক অনুরাগী সংগীতশিল্পীকে উল্লেখ করেই লিখেছেন— ‘শুভ জন্মদিন পাপা।’

    উল্লেখ্য, ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে থাকা শুরু করেন রাধিকা আপ্তে। পরে ২০১২-১৩ সালের সময় তারা বিয়ে করেন। এর প্রায় ১২ বছর পর ২০২৪ সালে মা হয়েছেন রাধিকা।

    বিনোদন ডেস্ক

  • ‘তোমাকে পেয়ে আমরা ধন্য’

    সম্প্রতি মা হয়েছেন বলিউডের মেধাবী অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে বাকি নারী কিংবা অভিনেত্রীদের মতো মা হওয়া নিয়ে অতিরিক্ত আবেগ নেই তার। বরং জীবনটাকে জীবনের মতো করেই দেখতে চান এ অভিনেত্রী। 

    সোমবার গভীর রাতে রাধিকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের স্বামী বেনেডিক্ট টেইলরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সেই ছবির অর্থ ছিল বিশাল। 

    ছবিতে দেখা যায়, হাতের মুঠ পাকিয়ে রেখেছে তার মেয়ে। আর সেই মুঠোতেই নিজের মুঠো নিয়ে গিয়ে ঠেকিয়ে রেখেছেন ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলর। 

    বাবা-মেয়ের এই মিষ্টি ছবির সঙ্গে রাধিকা লিখেছেন, বড় হাতের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালবাসি এবং আমাদের খুবই সৌভাগ্য যে তোমাকে পেয়েছি।

    ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে, নিজের সঙ্গেই জুড়ে নিয়েছেন মেয়ের বক্তব্য। হ্যাশট্যাগে রাধিকা লিখেছেন ‘ফেবারিট পারসন’ (প্রিয় মানুষ) শব্দবন্ধও। 

    অভিনেত্রীর পোস্টে তার অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন বেনেডিক্টকে। 

    ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরে জানা যায়, ২০১২-১৩ সালের দিকে তার আইনি বিয়ে সম্পন্ন করেন। এর প্রায় ১২ বছর পর, ২০২৪ সালে মা হয়েছেন রাধিকা। যদিও তার আভাস সামাজিক মাধ্যমে একেবারেই রাখেননি তিনি। গত অক্টোবরে আচমকা লন্ডনের এক চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ধরা দেন তিনি, সেখানেই প্রথমবারের মত তার বেবি বাম্প দেখে স্পষ্ট হয়, মা হতে যাচ্ছিলেন তিনি। তার কিছুদিনের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন রাধিকা, নিজেই ইনস্টাগ্রামে সে খবর অনুরাগীদের জানান।

    যুগান্তর ডেস্ক

  • এবার মা হওয়ার কঠিন দিক নিয়ে যা বললেন অভিনেত্রী কল্কি

    এর আগে মা হওয়ার কঠিন দিক নিয়ে কথা বলেছিলেন মহারাষ্ট্রের অভিনেত্রী রাধিকা আপ্তে। সে কারণে বলিউড অনুরাগীদের একাংশ সমালোচনাও করেছিলেন অভিনেত্রীর। তারপরও রাধিকা তার অবস্থান বদলাননি। 

    মাতৃত্ব নিয়ে রাধিকা বলেছিলেন— কেউ বলে না, অন্তঃসত্ত্বা হওয়ার সময় কী কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় নারীদের। এটা আমার খুব অদ্ভুত লাগে। আমি তো সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবিইনি, শরীরে পরিবর্তন এলে কী কী হতে পারে, তা তলিয়ে দেখিইনি মায়ের যন্ত্রণার কথা। কারণ সেটা কেউ বলে না। 

    এবার একই সুর শোনা গেল মাতৃত্ব নিয়ে বলিউড অভিনেত্রী কল্কি কেকলার একটি মন্তব্যেও। যে কথা শোনালেন অভিনেত্রী।

    কথায় আছে— মা হওয়া নয় মুখের কথা। কিন্তু বলিউডের কিছু ‘ব্যতিক্রমী’ মা অভিযোগ করেছেন, ইদানীং মাতৃত্বের বিষয়টিকে বড় বেশি নিখুঁতভাবে পরিবেশন করা হয়। যেন গোটা প্রক্রিয়াটাই গোলাপি পাপড়িতে সাজানো নরম বিছানার মতো। পা ফেললেই স্বপ্নের মতো ৯ মাস পার হয়ে যায়। কিন্তু আসলে তো ব্যাপারটি অতটা সহজ নয়।  অভিনেত্রীদের বক্তব্য, মা হওয়ার কঠিন দিকগুলোই বা সমাজের সামনে তুলে ধরা হবে না কেন?

    কল্কি চার বছরের সন্তানের মা। ২০২০ সালে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, মাতৃত্ব মায়েদের থেকে অনেক কিছু নিংড়ে নেয়। ৯ মাস নিজের শরীরে সন্তান ধারণ করা, প্রসব পর্ব এবং তারপর প্রসবোত্তর পর্বে মায়েদের নিজেদের শরীর বলে কিছু থাকে না। মায়েদের শরীর তখন অন্য একটা মানুষের দাসত্ব করে। তাকে বাঁচিয়ে রাখার একটা আপৎকালীন প্রক্রিয়া হিসাবে কাজ করে। তখন শরীরের সব শক্তি, সব পুষ্টি শুধু সেই মানুষটার জন্য। শুধু তাকেই ভালো রাখার জন্য।

    মাতৃত্বকালীন সময়ের স্মৃতি খুব বেশি পুরোনো হয়নি কল্কির। তিনি বলেন, প্রসবের পরের ছয় মাস তো সত্যিই খুব কষ্টের ছিল। সারারাত প্রায় জেগে থাকতে হয়। কখন মেয়ে উঠবে। উঠলেই তাকে স্তন্যপান করানো, তাকে ঘুমিয়ে পাড়ানো। আমার সব পুষ্টি ওর শরীরে যাচ্ছে। 

    অভিনেত্রী বলেন, আমার ঘুমের কোনো ঠিকঠিকানা নেই। মনে হতো আমার জীবনটা কোথায় গেল, আমি কে? আমার কি কোনো নিজস্বতা নেই, কোনো ইচ্ছা থাকতে নেই— সেই সময়টা খুব কষ্টের ছিল। 

    কল্কির মেয়ের নাম সাফো। আর তাই মা-মেয়ের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, এখন আমাদের খুবই ভালো জমে। কিন্তু তার মানে এই নয়, কষ্টগুলো হয়নি। অথচ মাতৃত্ব নিয়ে যারা নানা কথা বলে বেড়ান, তাদের কাউকে এ নিয়ে কথা বলতে দেখিনি।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার খবর নাটকীয়ভাবে দিলেন অভিনেত্রী

    বিয়ের ১২ বছর পর মা হলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। কিছুটা নাটকীয়ভাবেই সন্তানের মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী।  প্রায় এক সপ্তাহ লুকিয়ে রেখেছিলেন মা হওয়ার খবর। 

    এবার একেবারে সন্তান কোলে সামনে এলেন রাধিকা আপ্তে। গতকাল শুক্রবার নিজের এক সপ্তাহের শিশুকে বুকের দুধ খাওয়ানোর ছবি শেয়ার করে তিনি এ খবর ঘোষণা করলেন। 

    গত অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই হাজির হন রাধিকা আপ্তে। তখনই জানা যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ও তার স্বামী। 

    এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে স্তন পান করা সন্তানের ছবি শেয়ার করে মা হওয়ার খবর জানিয়ে দেন তিনি। ছবির ক্যাপশনে রাধিকা আপ্তে লিখেছেন—জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্ক মিটিং। খুদে আমার স্তনে। আর সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিলেন #breastfeeding #mothersatwork #itsagirl #girlsarethebest❤️ #bliss @benedmusic ♥️। অর্থাৎ ফুটফুটে একটি কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। 

    রাধিকা আপ্তেকে সম্প্রতি শ্রীরাম রাঘবন পরিচালিত ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি অভিনীত মেরি ক্রিসমাসে একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে। 

    উল্লেখ্য, ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা আপ্তে। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তারা। আর বিয়ের ১২ বছর পর কোলে এলো তাদের প্রথম সন্তান।

    বিনোদন ডেস্ক

  • আমি কখনই মা হতে চাইনি: রাধিকা আপ্তে

    বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মা হতে চলেছেন। ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন তিনি। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সারেন এ যুগল। 

    করণ কান্ধারি পরিচালিত ‘সিস্টার মিডনাইট’ ছবিটির প্রিমিয়ার উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা আপ্তে। গত অক্টোবরে লন্ডনের সেই চলচ্চিত্র উৎসবে তার বেবি বাম্প নজরে আসতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। 

    পরে উৎসবে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন নেন রাধিকা আপ্তে। কিন্তু নিজের মা হওয়ার প্রসঙ্গে সেদিন একটি শব্দও তিনি লেখেননি। এমনকি খবর জানাজানি হওয়ার পরও কোনো কথা বলেননি এ অভিনেত্রী।

    তবে এবার নিজের অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন রাধিকা। অন্য তারকাদের তুলনায় একটু আলাদাই এ অভিনেত্রী। তাই জীবনের নতুন সুখবরটির প্রসঙ্গে বলতে গিয়ে সোজা বলে ফেললেন— আমি কোনো দিনই সন্তানের মা হতে চাইনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিক মজার সুরেই রাধিকা বলেন, তিনি এবং তার স্বামী কোনো দিনই সন্তান চাননি তাদের জীবনে। অভিনেত্রী বলেন, বাচ্চাদের পোশাক কীভাবে পরাতে হয়, পরিবর্তন করতে হয়; সেটুকু পর্যন্ত জানি না আমরা। তিনি আরও বলেন, লন্ডনের ওই চলচ্চিত্র উৎসবে হাজির না হলে তার মা হতে যাওয়ার খবর হয়তো জানাজানি হতো না। কারণ তা নিয়ে জানাজানি হোক, এমন কোনো ইচ্ছাও ছিল না তার।

    অভিনেত্রী বলেন, ‘প্রথম যেদিন জানতে পারলাম পেটে সন্তান, বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। মানতেই চাইছিলাম না। ভাবছিলাম, কীভাবে হলো। যাই হোক, সন্তান নেওয়াটা কোনো দিনই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। রাধিকা বলেন, মা হওয়ার যে এই পথ চলাটা তা কিন্তু মোটেই দারুণ আনন্দদায়ক নয়, অন্তত আমার কাছে। যথেষ্ট কঠিন ও কষ্টের।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের ১২ বছর পর সুখবর দিলেন রাধিকা

    শুরু থেকেই বলিউডের অন্য তারকাদের তুলনায় একটু ভিন্ন পথে হাঁটতে পছন্দ করেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাই জীবনের নতুন সুখবরটিও চমকের আকারেই অনুরাগীদের সামনে হাজির করলেন তিনি। সেটি হলো মা হতে চলেছেন রাধিকা।

    বিয়ের ১২ বছর পর মা হচ্ছেন তিনি। বিষয়টি ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজেই নিশ্চিত করেছেন রাধিকা। ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকার দম্পতির প্রথম সন্তান আসতে চলেছে।

    বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ চলচ্চিত্রটি। সেখানে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত চমকে দেন সবাইকে। এর কারণ হলো অভিনেত্রীর মা হতে যাওয়ার খবরটি এতদিন গোপন ছিল। আর অনুষ্ঠানে মঞ্চে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা।

    এদিকে বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। একটা সময় লন্ডনে নাচ শিখতে গিয়েছিলেন রাধিকা। ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে তার পরিচয় হয়। প্রেমের সম্পর্কের পর ২০১২ সালে বিয়ে করেন তারা। বিয়ের ১২ বছর পর দম্পতির সংসার আলো করে আসছে প্রথম সন্তান।

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরে ৪ ঘণ্টার তিক্ত অভিজ্ঞতা জানালেন রাধিকা

    চার ঘণ্টা ধরে আটকে রয়েছেন রাধিকা আপ্তে! না আছে পানি, না টয়লেট! এমন দুর্বিষহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

    বিমানবন্দর থেকেই ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন এ অভিনেত্রী। শনিবার সকালে বিমানবন্দরে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাধিকা।

    ইনস্টাগ্রামে এক পোস্টে এই বিড়ম্বনার কথা জানিয়ে তিনি লেখেন, ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার পর বিমানবন্দরের অ্যারোব্রিজে তালাবন্ধ করে রাখা হয় রাধিকাসহ ফ্লাইটের যাত্রীদের। সেখানে কোনো খাবার পানি ও টয়লেটের ব্যবস্থা ছিল না। নিরাপত্তার কারণ দেখিয়ে খোলা হয়নি দরজাও।  

    বিমানবন্দর থেকেই ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন 'আন্ধাধুন' অভিনেত্রী। তবে কোনো বিমানবন্দর ও কোনো বিমান সংস্থার কথা উল্লেখ করেননি রাধিকা।

    তার পোস্ট করা প্রথম ভিডিওতে তালাবন্ধ কাঁচের দরজার ভেতর আটকে পড়া যাত্রীদের দেখা যায়, যাদের কয়েকজন নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। পরের ছবিগুলোতে মেঝেতে বসে থাকতে দেখা যায় রাধিকাকে। পোস্টের ক্যাপশনে যাত্রীদের ভোগান্তির কথা তুলে ধরেন তিনি।

    রাধিকার পোস্ট থেকে জানা যায়, সকাল সাড়ে ৮টায় তার ফ্লাইট ছিল। কিন্তু সকাল ১০টা ৫০ মিনিটেও ফ্লাইট ছাড়েননি। বরং ফ্লাইটের সব যাত্রীদের অ্যারোব্রিজে এনে তালাবন্ধ করে রাখা হয়। ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছোট শিশু ও বৃদ্ধরাও ছিলেন, যারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

    ফ্লাইট কখন ছাড়বে এ বিষয়ে ক্রু রাও কিছু বলতে পারছিলেন না। তিনি আরও জানান, ফ্লাইটের ক্রু পরিবর্তন হওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে, তবে নতুন ক্রু ঠিক কখন এসে পৌঁছাবে সে বিষয়ে কারও কোনো ধারণা নেই।

    মাঝে এয়ারলাইনসের একজন কর্মীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন রাধিকা। তবে সেই কর্মী বারবার বলছিলেন কোনো সমস্যা হয়নি, ফ্লাইট ছাড়তেও দেরি হবে না। প্রায় এক ঘণ্টার বেশি সময় অ্যারোব্রিজে আটকে থাকার পর এয়ারলাইনস কর্তৃপক্ষ তাদের জানায় কমপক্ষে দুপুর ১২টা পর্যন্ত এভাবে অপেক্ষা করতে হবে। অপ্রত্যাশিত এই ঝামেলায় খুব বিরক্ত হয়েছেন তিনি।

    উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে ভারতের উড়োজাহাজ চলাচলে সমস্যার কয়েকটি ঘটনা জানা গেছে। এর মধ্যে আজ শনিবার সকালে ঘন কুয়াশার কারণে ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ঢাকায় জরুরি অবতরণ করানো হয়েছে।

    আরও পড়ুন: 

    ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে যাত্রা করে উড়োজাহাজটির রাত ১১টা ১০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইটটি তিন ঘণ্টা দেরিতে রাত ১১টা ২০ মিনিটের দিকে মুম্বাই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা করে। গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর কুয়াশার কারণে এটি বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পরে ১২ ঘণ্টা পর সেটি গন্তব্যে পৌঁছেছে।

    বিনোদন ডেস্ক