Tag: রাইমা সেন

  • জন্মদিন কীভাবে কাটাবেন জানালেন অভিনেত্রী

    জন্মদিনে নেই কোনো শুটিং নেই কোনো ব্যস্ততা—আছে শুধু বাড়তি আনন্দ আর ভালোবাসা। নিজের জন্মদিনে কলকাতায় আছেন টালিউড-বলিউড অভিনেত্রী রাইমা সেন। আজ ৭ নভেম্বর সুচিত্রা সেনের নাতনি রাইমা সেনের জন্মদিন। বিশেষ দিনটি কীভাবে কাটাবেন অভিনেত্রী তা জানালেন আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে।

    শহরে থাকলে জন্মদিনের দিনটি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেই কাটাতে পছন্দ করেন রাইমা সেন। তাই এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবার তিনি কোনো কাজ রাখেননি। জানালেন বাড়িতে পরিবারের সঙ্গেই সময় কাটাবেন এ অভিনেত্রী। কয়েকজন বন্ধুও বাড়িতে আসতে পারে। 

    সাধারণত জন্মদিনে কেউ কেউ নিজের জন্য কোনো প্রতিজ্ঞা করেন। রাইমা কি এ রকম কোনো বিশেষ প্রতিজ্ঞায় বিশ্বাস করেন?—আনন্দবাজারের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, একদম নয়। জন্মদিন কেন, আমি কোনো রেজুলেশনেই বিশ্বাস করি না। 

    সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি বাংলা ওয়েব সিরিজে দর্শক রাইমাকে দেখেছেন। এর মধ্যে ‘রক্তকরবী’ ও ‘কলঙ্ক’ অন্যতম। রাইমা বেছে বেছে কাজ করতে পছন্দ করেন। তবে অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছিল ‘দ্বিতীয় পুরুষ’। চার বছর অতিক্রান্ত। নতুন ছবিতে দেখা যায়নি তাকে। গত কয়েক বছরে বলিউডে ঘন ঘন কাজ করছেন অভিনেত্রী। টালিপাড়ার ওপর অভিনেত্রী কি কোনো অভিমান করেছেন? মুচকি হেসে রাইমা উত্তর দিলেন— একদম নয়। রাগ কেন করব! আমি তো পর পর ওয়েব সিরিজ করলাম। তার কাছে বাংলা থেকে প্রস্তাব আসতেই থাকে, সে কথাও স্পষ্ট করলেন অভিনেত্রী। রাইমা বলেন, কিছুই নয়। আরও ভালো এবং শক্তিশালী চরিত্রের অপেক্ষায় রয়েছি।

    উল্লেখ্য, বড়দিনে মুক্তি পাচ্ছে প্রতিম ডি’গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা। এ ছাড়া অভিনেত্রীর ‘হাওয়া বদল ২’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বলিউডেও বেশ কিছু নতুন কাজের জন্য অভিনেত্রী কথাবার্তা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘মা কালী’ সিনেমার বিতর্ক নিয়ে মুখ খুললেন রাইমা সেন

    সামাজিকমাধ্যমে মুক্তি পেয়েছে টালিউড অভিনেত্রী রাইমা সেন ও অভিষেক সিং অভিনীত ছবি ‘মা কালী’ ছবির ট্রেইলার। ১ মিনিট ৫৭ সেকেন্ডের এ ছবিতে ‘স্বাধীনতার আগে দেশ বিভাগের সময় বাঙালিদের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছিল’ সে কথাই তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক বিজয় ইয়ালাকান্তি। আর এ ‘মা কালী’ ছবিতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী রাইমা সেন।

    এ ছবির নায়িকা রাইমা সেন অভিনয় করতে গিয়ে তিনিও নানান অজানা কথা জানতে পেরেছেন। ১৯৪৬ থেকে স্বাধীনতা এবং তার পরের দিনগুলোয় বাংলা কী কী বীভৎসতার সম্মুখীন হয়েছিল—সে কথাই জানাচ্ছেন এ অভিনেত্রী।

    বাংলাদেশের মেয়ে রাইমা সেনের দিদা প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেন। পাবনায় তার জন্ম। কখনো দিদার মুখে দেশভাগের কথা, কখনো দুই বাংলার গল্প, আবার কখনো সেই সময় ঘটে যাওয়া অত্যাচারের কথা শুনেছিলেন তিনি? এ অভিনেত্রী বলেন, তার দিদা ছবি, অভিনয়ের পাশাপাশি অন্যান্য অনেক কথা বলতেন। কিন্তু তার কথায় কখনো পূর্ববঙ্গ বা দেশভাগের কথা উঠে আসেনি।

    রাইমা সেন বলেন, এমন অনেক ঘটনা আছে যা কেউ-ই জানে না। আমিও কখনো জানতাম না। এ ছবির চিত্রনাট্য পড়ে জানতে পেরেছি দেশভাগের ইতিহাস। এখনই সেটি জানানো সম্ভব নয়, ছবি মুক্তির পরই দর্শক জানতে পারবেন।

    তিনি বলেন, এ চিত্রনাট্য পড়ার সময়ে কেঁদে ফেলেছিলেন তিনি। তার মনে হয়েছে, এই অন্যায় দিনের পর দিন বাংলা এবং বাঙালি সহ্য করে আসছে। যেহেতু তিনিও একজন বাঙালি। তাই সেই জায়গা থেকে তারও সেসব তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি। 

    এ অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাইমা সেন বলেন, ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক হিংসা কেন্দ্র করে গড়ে ওঠা ছবিতে ইতিহাসের সেই কালো অধ্যায় জায়গা করে নিয়েছে, যা ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। এ খবর প্রকাশের পর থেকেই বাড়ির ল্যান্ডফোনে ক্রমাগত মৃত্যুর হুমকি পেয়েছিলেন অভিনেত্রী। যদিও তিনি তাতে দমে যাননি। 

    রাইমা সেন আরও বলেন, ‘মা কালী’ ছবির ট্রেইলার মুক্তির আগে রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ছবিটি দেখিয়েছিলেন পরিচালক বিজয় ইয়ালাকান্তি। সেদিন তার সঙ্গে বসে ছবিটি দেখেছিলেন তিনি এবং এ ছবির নায়ক অভিষেক সিং। সেদিন রাজ্যপাল ছবিটির প্রশংসা করেছিলেন। 

    ‘মা কালী’ ছবি সম্পর্কে পরিচালক বিজয় ইয়ালাকান্তি বলেন, ‘এ ছবিতে ‘স্বাধীনতার আগে দেশবিভাগের সময় বাঙালিদের ওপর যে মর্মান্তিক অত্যাচার করা হয়েছিল’ সে কথাই তুলে ধরার চেষ্টা করেছি। বাংলা অনেক নিন্দনীয় ঘটনার সাক্ষী। কিন্তু তার খবর কে রাখে। তাই পর্দায় নিয়ে আসার চেষ্টা করেছি বলে জানান তিনি। 

    পরিচালক বলেন, সেই অপ্রকাশিত ঘটনাগুলোর দলিল হয়ে উঠতে চলেছে ‘মা কালী’ ছবিটি, যা দেখলে শিহরণ জাগবে দর্শকের মনে। 

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • বিয়ের জন্য যে ধরনের পাত্র খুঁজছেন রাইমা সেন

    মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। তার মা খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেন। রূপ-গুণের সেই ধারা ধরে রেখেছেন রাইমাও। তার মোহময়ী চাহনি যেমন ভক্তদের হৃদয়ে স্পন্দন বাড়িয়ে দেয়, আবার তার সাবলীল অভিনয়েও ফুটে ওঠে মুগ্ধতার গোলাপ।

    ৪৩ বছর পার করলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি রাইমা। কয়েকটা প্রেমের গুঞ্জন অবশ্য ডালপালা মেলেছিল। কিন্তু সেগুলো টেকসই হয়নি। তবে কি বিয়ে ছাড়াই একটা জীবন কাটিয়ে দেবেন তিনি?

    এ প্রশ্নের জবাবে রাইমা সেন বলেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

    তা হলে কেমন পাত্র চান মহানায়িকার নাতনি? সেটিও স্পষ্ট করলেন। তার দাবি— ‘ভালো মানুষ চাই। আমার এমন একজন মানুষ চাই, যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না।’

    রাইমা সেনের হাতে বরাবরই একটি আংটি দেখা যায়। এ নিয়ে অনেকের ধারণা— তিনি হয়তো বাগদান সেরে রেখেছেন। কিন্তু অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন, ‘আংটিটি পরে থাকি বলে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড। কিন্তু সবাইকে বলতে চাই— আমি সিঙ্গেল।’

    এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রাইমা সেন অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’। এটি নির্মাণ করেছেন সায়ন্তন ঘোষাল। সিরিজটি দেখা যাবে জিফাইভে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি।

    বিনোদন ডেস্ক