Tag: মেক্সিকো

  • মেক্সিকোর কনসার্টে শাকিরার নতুন ইতিহাস

    সম্প্রতি মেক্সিকো সিটির প্রধান চত্বর ‘জোকালো’-তে আয়োজিত একটি ফ্রি কনসার্টে অন্তত ৪ লাখ ভক্তের সামনে পারফর্ম করে দেশটির একক কনসার্টে উপস্থিতির সব রেকর্ড ভেঙে দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। রোববার (১ মার্চ) এটি আয়োজন করা হয়েছিল। 

    বিশ্বজুড়ে আলোড়ন তোলা এ কনসার্টে উপস্থিত ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম। তিনি সাংবাদিকদের জানান, ন্যাশনাল প্যালেসের জানালা থেকে তিনি এ মনোমুগ্ধকর অনুষ্ঠানের বেশিরভাগ সময় উপভোগ করেছেন।

    শিনবাম বলেন, ‘মেক্সিকান পরিবারগুলোর কাছে শাকিরা অত্যন্ত প্রিয়। এটি ছিল এক অপূর্ব দৃশ্য; মানুষ অত্যন্ত আনন্দিত ছিল। সেই উষ্ণতা, আনন্দ এবং ভালোবাসা ছিল অবিশ্বাস্য। মেক্সিকোর মূল পরিচয়ই হল এ প্রাণশক্তি।’

    কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এত বিশাল জনসমাগম মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কনসার্ট চলাকালীন আবেগপ্রবণ হয়ে শাকিরা দর্শকদের উদ্দেশে বলেন, ‘এসবই যেন একটি স্বপ্ন ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা সকাল থেকে রোদের মধ্যে ক্যাম্প করে অপেক্ষা করেছেন। বরাবরের মতো আমার সঙ্গে সব বাধা অতিক্রম করার জন্য আমি কৃতজ্ঞ।’

    রোববার মেক্সিকো সিটির জোকালোতে আয়োজিত এ কনসার্টটি ছিল তার ‘Las Mujeres Ya No Lloran’ (নারীরা আর কাঁদে না) ট্যুরের মেক্সিকো সিটি অংশের সমাপনী অনুষ্ঠান। এ শহরে টানা ১৩টি হাউসফুল কনসার্ট করার পর তিনি এ বিশাল আয়োজনটি করেন।

    বিদায়লগ্নে শাকিরা বলেন, ‘আজ আমার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে—একদিকে নস্টালজিয়া, অন্যদিকে কৃতজ্ঞতা। আজ মেক্সিকোতে আমাদের ট্যুরের শেষ দিন, যা আমার কাছে আমার নিজের ঘরের মতো। আমাদের মধ্যকার এ ভালোবাসা এবং বন্ধুত্বের ইতিহাসের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আমাকে এ পরিমাণ আনন্দ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

    বিনোদন ডেস্ক

  • লাইভ চলাকালীন জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

    লাইভ স্ট্রিমিং চলাকালীন নিজের দোকানেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ। সেই সময় টিকটকে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। 

    সেই মুহূর্তেই দরজায় আসে একটি পার্সেল, সেটি খুলে ক্যামেরায় একটি পিগি ডল দেখানোর পরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।

    ঘটনাটি ঘটেছে মেক্সিকোর জাপোপান শহরে। ২৩ বছর বয়সি ভ্যালেরিয়া তার বিউটি সেলুন থেকে লাইভে ছিলেন। এ সময় এক অস্ত্রধারী যুবক হঠাৎ সেলুনে ঢুকে তাকে গুলি করে। 

    লাইভেই দেখা যায়, চেয়ারে বসা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ভ্যালেরিয়া রক্তাক্ত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন। এরপর আরেক ব্যক্তি এসে তার মোবাইলটি তুলে নেয়। তখনই লাইভ বন্ধ হয়ে যায়।

    মর্মান্তিক এই ঘটনায় শোকাহত তার এক লাখের বেশি অনুসারী। তারা কেউ কল্পনাও করতে পারেননি, ক্যামেরার সামনেই ঘটবে এমন ভয়াবহ মৃত্যু।

    ঘটনাটিকে ‘ফেমিসাইড’ বা নারীকে টার্গেট করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। জালিস্কো রাজ্য সরকার এবং মেক্সিকোর বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

    প্রসঙ্গত, মেক্সিকোতে ফেমিসাইড নতুন নয়। সম্প্রতি ভেরাক্রুজ রাজ্যে মেয়র পদপ্রার্থী এক নারীকে লাইভস্ট্রিমিং চলাকালে গুলি করে হত্যা করা হয়, যাতে আরও তিনজন নিহত হন।

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মেক্সিকোতে নারীর বিরুদ্ধে সংঘটিত প্রতিটি চারটি হত্যাকাণ্ডের মধ্যে একটি ফেমিসাইড হিসেবে চিহ্নিত হয়। দেশটির ৩২টি রাজ্যেই এমন ঘটনা নিয়মিত ঘটছে।

    ভ্যালেরিয়ার অনুসারীরা বলছেন, এমন মর্মান্তিকভাবে একটি তরুণী ইনফ্লুয়েন্সারের মৃত্যু মেনে নেওয়া কঠিন। তারা দ্রুত হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • মেক্সিকোতে মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে লড়বেন আনিকা

    চলতি বছর ‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট আনিকা আলম। তিন বছর বিরতির পর এবারের আয়োজনে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন তিনি। তবে প্রতিযোগিতা নয়, সিলেকশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে আনিকাকে।

    আনিকা আলম লয়োলা মেরিমাইন্ড ইনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা শেষ করেছেন । ডিগ্রি সম্পন্ন করে কাজ করেছেন লসঅ্যাঞ্জেলেসের মেয়রের অফিসেও। বর্তমানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশেষ করে ‘জিরো হাঙ্গার’ নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

    গতকাল রোববার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান ফ্লোরা এন্টারটেনমেন্ট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম বলেন, আনিকা আলম শুধু একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্টই নন, তিনি নারীর ক্ষমতায়নে এক দৃঢ় কণ্ঠস্বর, একজন নিবেদিত মা।

    ‘মিসেস’ হয়ে কীভাবে ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিচ্ছেন?—এমন প্রশ্নের জবাবে কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, বিগত প্রায় ৭০ বছর ধরে এই আয়োজনে শুধু মাত্র অবিবাহিতরাই অংশ নিচ্ছিলেন। কিন্তু ২০২৩ সাল থেকে নতুন নিয়ম করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এখন বিবাহিতরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগে বয়সসীমা নির্ধারিত ছিল ২৮ বছর, এখন সেটি নেই।

    সংবাদ সম্মেলনে ‘মিস ইউনিভার্স’-এ প্রতিনিধিত্ব প্রসঙ্গে আনিকা আলম বলেন, দীর্ঘদিন ধরেই নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের প্রতিভা ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব। সবার সাপোর্ট পেলে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারব। তাই বিশ্বমঞ্চে বাংলাদেশকে আমি যেন সঠিকভাবে তুলে ধরতে পারি, দেশবাসীর কাছে সে দোয়াই চাই।

    তিনি আরও বলেন, কিছু দিন আগেও জানতাম না এই আয়োজনে অংশ নেব। যেহেতু অংশ নিচ্ছি নিশ্চয়ই ভালো কিছু নিয়ে ফিরব। এখান থেকে ফিরে নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করব। এর বাইরে অভিনয় করব কিনা সেসব নিয়ে এখনো ভাবিনি।

    মেক্সিকোতে বসতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪’ আসর। আগামী ৩০ অক্টোবর সেখানে অংশ নিতে ঢাকা ছাড়বেন আনিকা আলম। নভেম্বরের ১৫ অথবা ১৮ তারিখ আয়োজনটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক