
আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলের আড়ম্বরপূর্ণ আয়োজনে সংগীতের ১৯টি ক্যাটাগরিতে বিজয়ীদেরও পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ প্রবীন-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা।
সংগীত পরিবেশন করেন শফী মন্ডল, ফেরদৌস ওয়াহিদ, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ ক্ষুদে গানরাজের শিল্পীরা।
১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া, ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন শারমিন রমা, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার মেহেদী, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) তরিক মৃধা, ইউটিউবে কমপক্ষে ১ লাখ ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইকপ্রাপ্ত গান থেকে লোকসংগীত ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন সাব্বির নাসির।
ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ চলচ্চিত্র ঈশ্বর, ইউটিউবে কমপক্ষে ১ লাখ ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বালাম ও কোনাল চলচ্চিত্র প্রিয়তমা, ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ (চলচ্চিত্র ঈশ্বর), ছায়াছবির গান- শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল (মেঘের নৌকা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল (চুড়ির তালে নুরির মালা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও-শিল্পী ফেরদৌস আরা (চুড়ির তালে নুরির মালা)। শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ (কেনো চাঁদনী রাতে), শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত এটিএম জাহাঙ্গীর (যদি প্রেম দিলে না), শ্রেষ্ঠ নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ (ভাল্লাগে না), শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রব মিউজিক স্টেশন।
যুগান্তর প্রতিবেদন



