Tag: প্রীতম হাসান

  • সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান

    জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, অভিনেত্রী পূজা চেরী ও জেফার রহমান এ প্রজন্মের তারকা। গানে ও অভিনয়ে তারা মানুষকে মাতিয়ে রেখেছেন। তবে তাদের নতুন কাজ নিয়ে দর্শকদের মনে ভীষণ আগ্রহ থাকে। 

    সম্প্রতি এ তিন তারকা একমঞ্চে পারফর্ম করে এসেছিলেন মালয়েশিয়ায়। ‘সোনালি সন্ধ্যা’ নামে সেই অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন বসবাসরত প্রবাসী বাঙালিরা। দেশের মানুষের সেই সুযোগ হয়নি। এবার দেশের মানুষও দেখতে পাবেন সেই অনুষ্ঠানটি এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভির পর্দায়। 

    এ উপলক্ষ্যে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার করা হবে ‘সোনালি সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রীতম হাসান, জেফার রহমান ও পূজা ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ আরও অনেককেই।

    ‘সময়ের সাথে আগামীর পথে’— এ স্লোগান নিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ২০০৩ সালের ৩ জুলাই। আগামীকাল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিশেষ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী সুমাইয়া শিমু ও আইশা খান। এ ছাড়া আরও নানা আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

    বিনোদন ডেস্ক

  • শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রীতম–জেফার

    ঢালিউডের স্বনামধন্য নির্মাতা শিহাব শাহীন রোমান্টিক ঘরানায় সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত।  ‘তুমি আমি শুধু’ সিনেমাতেও রয়েছে সেই ছাপ। তিনি চিরচেনা গল্পকেই উপভোগ্য করে হাজির করেছেন এ সিনেমাটি। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও গায়িকা জেফার রহমান। তারা দুজনই এর আগে এ পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ আর সবশেষ ঈদে ‘ক্যাকটাস’–এ বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন প্রীতম। অন্যদিকে অভিনেত্রী জেফার রহমানকে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এ দেখা গেছে। এ দুই সংগীতশিল্পীর রসায়ন দর্শকরা বেশ পছন্দ করেছেন।

     ‘তুমি আমি শুধু’ সিনেমা মুক্তির আগে টিজার-ট্রেলার ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছিল, সিনেমা মুক্তির পর অনেকটাই তা পূরণ করতে পেরেছে বলে মনে করছেন দর্শকরা। এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে সংগীতশিল্পী প্রীতম হাসান বলেন, গল্পটা প্রথম থেকেই আমার খুব পছন্দের ছিল। এক বছর আগে যখন শুনি, তখন থেকেই কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম। বিশ্বাস করেছিলাম, কাজটার ভালো রেসপন্স আসবে এবং সেটাই হচ্ছে। 

    চরিত্রটা এমনভাবে করার চেষ্টা করেছি, যাতে শহরের তরুণরা সহজেই আমার সঙ্গে রিলেট করতে পারে বলে জানিয়েছেন এ অভিনেতা। তিনি বলেন, গল্পটা আমাদের সমাজের খুব বেসিক জায়গা থেকে নেওয়া। তাই এটাকে সহজভাবে উপস্থাপন করাটাই ছিল মূল লক্ষ্য। 

    প্রীতম হাসান বলেন, প্রোডাকশন খুব কম সময়ের মধ্যে হয়েছে; কিন্তু শিহাব ভাই এক সপ্তাহের মধ্যেই যেভাবে আউটপুট দিয়েছেন, সেটি সত্যিই চমকপ্রদ। এখন দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। অনেকে একাধিকবার দেখছেন, এটা আমাদের জন্য বড় আনন্দ।

    গায়িকা থেকে নায়িকা জেফার রহমান বলেন, সিনেমাটি নিয়ে যে সাড়া পাচ্ছি, তাতে আমি অভিভূত। এত ইতিবাচক প্রতিক্রিয়া পাব, ভাবিনি। আমি যেহেতু অভিনয়ে নতুন, তাই শুরুতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে হয়েছে—এটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। আমার অভিনয়ের প্রশংসা হচ্ছে, এটা আমার জন্য ভিন্ন রকম অনুভূতি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘তুমি আমি শুধু’ সিনেমা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, বছরখানেক আগে শুটিং শেষ হলেও বিভিন্ন কারিগরি জটিলতায় আটকে ছিল ‘তুমি আমি শুধু’। অবশেষে সেই জটিলতা কাটিয়ে বৈশাখে সিনেমাটি মুক্তি পেয়েছে। তিনি বলেন, এটি মূলত এক তরুণীর স্বাধীন ইচ্ছা ও নিজের মতো করে বাঁচার গল্প। একই সঙ্গে এটি একটি প্রেমের গল্পও, যেখানে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।

    ‘তুমি আমি শুধু’ সিনেমার গল্পে একটু ভিন্নতা রয়েছে। একটি ‘ভুল’, যে ভুল ঠিকানায় পৌঁছে যায় একটি ফুড ডেলিভারি। সেই ছোট্ট ঘটনাই বদলে দেয় দুই অচেনা মানুষের জীবন। একদিকে তানভীর (প্রীতম), যে কিনা আবেগপ্রবণ, হঠাৎ সিদ্ধান্ত নিতে অভ্যস্ত এবং যে বিশ্বাস করে জীবনের সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। অন্যদিকে সুবাহ (জেফার), যে কিনা সংযত, যুক্তিনির্ভর ও সম্পর্কের আগে প্রশ্ন করতে ভালোবাসে। এ দুই বিপরীতমুখী মানুষের মানসিকতার রাস্তা এক হওয়া, তাদের মধ্যে অদৃশ্য টান তৈরি হওয়া—এসব নিয়েই এগিয়েছে গল্পের কাহিনি। তাই প্রশ্নটা থেকেই যায়, বারংবার ঘটে যাওয়া ঘটনাগুলো কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে? নতুন সংজ্ঞা খুঁজে নেয় শিহাব শাহীনের সিনেমা ‘তুমি আমি শুধু’।

    ‘তুমি আমি শুধু’ সিনেমায় প্রীতম হাসান ও জেফার রহমান ছাড়াও আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, অভিনেত্রী মুনমুন আহমেদ, নতুন মুখ আব্দুল্লাহ আল সেন্টু ও জায়মা রহমান।

    বিনোদন ডেস্ক

  • প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা

    ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রবাসীদের আনন্দে মাতাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার-২ এ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বিশেষ আয়োজন।

    ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা, পাওয়ারড বাই সোনালী জুয়েলস’ শীর্ষক এই কনসার্টে এক মঞ্চে দেখা যাবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও তারকাদের। আয়োজক প্রতিষ্ঠান এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি জানায়, অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। 

    পাশাপাশি নৃত্য পরিবেশনায় অংশ নেবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। 

    এছাড়া ডিজে আভিলার লাইভ পারফরম্যান্স পুরো আয়োজনকে আধুনিক ফেস্টিভ্যালের আবহ দেবে বলে জানিয়েছেন আয়োজকরা।

    আয়োজক কমিটির সদস্যরা গত সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, ‘সোনালী সন্ধ্যা’ শুধু একটি কনসার্ট নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলা। এখানে ঈদ পুনর্মিলনীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি দেশীয় সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ তৈরি হবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুষ্ঠানের টিকিট রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে, যার মূল্য ৯৯ থেকে ৩৪৯ রিঙ্গিত পর্যন্ত। ভিআইপি, প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভারসহ প্রতিটি টিকিট আসনভিত্তিক।

    টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘Tiket2U’, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর এবং কুয়ালালামপুরের হ্যাংতুয়া, বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া, কোটারায়া ও পুদু এলাকার নির্ধারিত স্থান থেকে।

    বিনোদন ডেস্ক

  • জেমস বন্ড ধাঁচের অ্যাকশন লুকে ঈদে আসছেন প্রীতম

    সংগীতশিল্পী হিসেবে পরিচিত প্রীতম হাসান অভিনয়েও নিজের অবস্থান শক্ত করছেন। এবার তাকে দেখা যাবে ভিন্ন এক অ্যাকশনধর্মী চরিত্রে। নির্মাতা শিহাব শাহীনের নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে, যেখানে একেবারেই নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। সিরিজটিতে প্রথমবারের মতো প্রীতম হাসানের বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী।

    নতুন এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রীতম হাসান। তিনি জানান, দর্শক তাকে আগে যেসব চরিত্রে দেখেছেন, ‘ক্যাকটাস’-এর চরিত্রটি তার থেকে সম্পূর্ণ আলাদা। এখনই বিস্তারিত জানানো সম্ভব না হলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, সিরিজটিতে জেমস বন্ড বা ‘০০৭’-ধাঁচের আবহ থাকবে। আকর্ষণীয় গল্পের পাশাপাশি এতে থাকবে জমজমাট অ্যাকশন দৃশ্য।

    মেহজাবীন চৌধুরীর সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন প্রীতম। তার ভাষ্য, মেহজাবীন একজন দক্ষ অভিনেত্রী এবং সহশিল্পী হিসেবে খুবই সহযোগিতাপরায়ণ। নির্মাতা শিহাব শাহীনও অত্যন্ত যত্ন নিয়ে কাজটি নির্মাণ করছেন বলে জানান তিনি। প্রীতমের বিশ্বাস, ঈদের উল্লেখযোগ্য কনটেন্টগুলোর মধ্যে ‘ক্যাকটাস’ অন্যতম হবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় নির্মিত সিরিজটির বেশিরভাগ অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ঢাকায় অল্প কিছু দৃশ্য ধারণ বাকি থাকলেই পুরো কাজ সম্পন্ন হবে। এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন প্রীতম। নতুন এই সিরিজটিও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

    ‘ক্যাকটাস’-এ আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করেন প্রীতম

    হালের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। নিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিত্বের কারণে বরাবরই আলোচনায় থাকেন তিনি। সামনে অভিনেত্রী মেহজাবীনের সঙ্গে একটি প্রকল্পে দেখা যাবে তাকে। বর্তমানে সেটিরই শুটিংয়ে তিনি ব্যস্ত আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কাজসহ আরও নানা বিষয়ে মুখ খুলেছেন প্রীতম। 

    কাজের পাশাপাশি লুকের কারণেও ভক্ত-অনুরাগীদের কাছে বেশ সমাদৃত গুণি এ তারকা। নিজের লুক সম্পর্কে প্রীতমের সোজাসাপ্টা জবাব, ‘আমার আসলে চেহারা একটু দাড়ি এবং একটু বড় চুল রাখলে খুব ভালো লাগে। এটা সবাই জানে যে আমি আমার বড় চুলটা খুব পছন্দ করি। যে কারণে আমি আসলে সবসময় বড় চুল রাখি।’ 

    ভবিষ্যতেও লুকে খুব একটা বড় পরিবর্তন করবেন না। এখন যেরকম আছেন, সামনেও সেরকমই থাকার সম্ভাবনা বেশি বলে জানান ‘লাগে উড়া ধুরা’, ‘চাঁদ মামা’খ্যাত এই কণ্ঠশিল্পী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই মুহূর্তে অভিনেত্রী মেহজাবীনের সঙ্গে জুটি বেঁধে একটি প্রকল্পে কাজ করছেন প্রীতম। প্রকল্পের সহশিল্পীকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘মেহজাবীনের সঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্স ইজ ওয়ান্ডারফুল সো ফার। আমরা অনেক রোদে শুটিং করছি, অ্যান্ড শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। আমার মনে হয় আমি খুবই লাকি যে তার মতো অভিনেত্রীকে আমি পেয়েছি এ প্রজেক্টের জন্য।’ 

    প্রকল্পটিতে প্রীতম তার চরিত্র সম্পর্কে বলেন, ‘আমরা জেমস বন্ড করতে পারব না, আমরা মাসুদ রানাও হয়তো করতে পারব না। বাট আমরা যেটা করতে পারি, আমরা হয়তোবা নতুন একটা চরিত্রকে তুলে ধরতে পারি।’ এক্ষেত্রে দেশের বাইরের আইকনিক কোনো চরিত্রকে অনুকরণ না করে নতুন কিছু তৈরিতে আগ্রহের কথা জানান তিনি। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আসরে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার– প্রীতম, নাচলেন সাবিলা

    দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটিয়ে ধুমধাম করে বিয়ে করেছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।

    বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব।

    বিয়ের আসরে জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’ পরিবেশন করেন জেফার রহমান। মঞ্চে তার সঙ্গে ছিলেন বর রাফসান সাবাব। এ সময় গানটির সঙ্গে মঞ্চে নাচতে দেখা যায় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূরকে।

    গানটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন নির্মাতা আদনান আল রাজীব। ক্যাপশনে তিনি লেখেন, ‘হোয়াট আ শো’। ভিডিওটি ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। 

    গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় গানটি গেয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। সিনেমাটিতে গানটিতে ঠোঁট মেলান শাকিব খান ও সাবিলা নূর।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিয়ের আসরের আরও একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। এক ঘণ্টার ব্যবধানে ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয় এবং ৪৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে।

    জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের আসরে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজের আরও অনেক তারকা।

    নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’

    শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘দুজনের জন্য খুবই খুশি। জীবন হোক ভালোবাসা আর স্বপ্ন ভরা। অভিনন্দন!’ 

    পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘অভিনন্দন, প্রিয় জেফার ও রাফসান।’

    বিনোদন ডেস্ক

  • আটলান্টায় প্রীতম হাসানের শো স্থগিত

    আটলান্টায় ফোবানার দ্বিতীয় দিনের রাতের বহুল প্রতীক্ষিত প্রীতম হাসানের শো অতিরিক্ত দর্শক সমাগমের কারণে স্থগিত হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। 

    আয়োজকরা জানিয়েছেন, বাতিল নয়। শোটি রোববার দুপুর ১টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

    শনিবার রাতে ডুলুথের গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে এ শো হওয়ার কথা ছিল। দুপুরের পর থেকেই শত শত দর্শক প্রীতম হাসানের গান শোনার অপেক্ষায় হলে ভিড় করতে থাকেন। রাত ৯টার দিকে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে গেলে আয়োজকরা প্রধান ফটক বন্ধ করে দেন। এসময় বাইরে শত শত দর্শক অপেক্ষায় থাকেন।

    হঠাৎ অনুষ্ঠান স্থগিত হওয়ার ঘোষণা আসতেই ভক্তদের মধ্যে হতাশা দেখা দেয়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও অনেকেই নিরাপত্তাজনিত কারণে আয়োজকদের সিদ্ধান্তকে সমর্থন করেন।

    আয়োজক কমিটির চিফ কোঅর্ডিনেটর দিলু মওলা বলেন, দর্শকদের ভিড় প্রত্যাশার চেয়েও বেশি ছিল। নিরাপত্তার স্বার্থে ফায়ার ডিপার্টমেন্টের নির্দেশে অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। তবে প্রীতম হাসানের ভক্তরা যাতে নিরাশ না হন, সেজন্য রোববার দুপুর ১টায় শো করার সিদ্ধান্ত নিয়েছি।

    ভক্তদের প্রত্যাশা—পুনঃনির্ধারিত সময়ে প্রীতম হাসানের গান উপভোগ করতে পারবেন তারা।

    বিনোদন ডেস্ক

  • ইত্যাদিতে একসঙ্গে আসছেন হাবিব-প্রীতম

    দেশের জনপ্রিয় দুই শিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। দীর্ঘসময় একসঙ্গে কাজ করেছেন তারা। তবে এতদিন একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনো গান করেননি। এবার ‘ইত্যাদি’র মঞ্চে এক হলেন তারা, একই গানে দিলেন কণ্ঠও। 

    গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। আসছে ঈদে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজনে গানটি প্রচারিত হবে। 

    হাবিব ওয়াহিদ বাংলা গানে এক অন্যরকম বৈচিত্র্য নিয়ে এসেছেন। গানের জগতে বহু নতুন মুখকে তিনি সুযোগ দিয়েছেন। এই তালিকাও ছিল অনেক নবীন গীতিকারও। 

    অন্যদিকে, ২০১২ সালে প্রচারিত ‘ইত্যাদি’র বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন। বর্তমানে প্রীতমের প্রতিটি গানই দর্শকপ্রিয়তা লাভ করেছে। প্রীতমের গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণ গানগুলোকে ভিন্নমাত্রা দিয়ে থাকে। শুধু গানই নয়, অভিনয়েও প্রীতম নিজের মেধার জানান দিচ্ছেন।  

    ‘ইত্যাদি’র আয়োজনে হাবিব ও প্রীতমের নতুন এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয়েছে চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে। প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে এই দুই তারকা মনের আনন্দে নেচেগেয়ে সবাইকে মাতিয়ে তোলেন। গানটির অংশবিশেষ ফাগুন নিকেতনেও ধারণ করা হয়।

    প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজন বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। 

    বিনোদন ডেস্ক

  • তিশা-প্রীতমের ট্রেলারে নতুন চমক

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতমের ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন প্রমুখ। আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।

    গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। ওয়েব ফিল্মটির গল্পে অনুমান করা যায়, বিভিন্ন মুহূর্ত ও অনুভূতি চরিত্রগুলোর মাঝে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে, চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের।

    এদিকে ‘ঘুমপরী’ সম্পর্কে অভিনেতা প্রীতম হাসান বলেন, কাজটা করব কিনা প্রথম দিকে এমনটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটা চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।

    চরকির প্ল্যাটফরমে ‘ঘুমপরী’র মাধ্যমে প্রথমবার কাজ করলেন অভিনেত্রী তানজিন তিশা। যদিও এর আগেও বেশ কিছু কাজ নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে করেছেন তিনি, যা দর্শকপ্রিয়তা অর্জন করেছে। 

     তিশা বলেন, আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা, একটু ব্যতিক্রমী। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটিই পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।

    উল্লেখ্য, ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ সাড়া ফেলেছে। সামাজিক মাধ্যমে এমনটাই জানাচ্ছেন বিনোদনপ্রেমী দর্শকরা। 

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসার গল্পে জুটি বাঁধছেন প্রীতম-তিশা

    জনপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করছেন ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। দেশিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিতব্য এই কনটেন্টে প্রথমবার একসঙ্গে দেখা যাবে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ও অভিনেত্রী তানজিন তিশাকে।

    ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গেও এটাই তানজিন তিশার প্রথম কাজ। ওয়েবফিল্মে তিশার সঙ্গে জুটি বাঁধবেন প্রীতম। আরও আছেন পারসা মাহজাবীন।  

    ওয়েবফিল্ম প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে, আমার বোকামি হবে বলে মনে হয়। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুভ ভালো লাগবে।’

    প্রীতম হাসান বলেন, ‘খুব সুন্দর গল্প। এরই মধ্যে এই নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ঘুমপরী দর্শকদের আরও ভালো লাগবে।’

    নির্মাতা জাহিদ প্রীতম জানান, ‘গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে।’

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) চরকি কার্যালয়ে ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর হয়।

    এসময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীন, নির্মাতা জাহিদ প্রীতম ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনিও ছিলেন।

    বিনোদন ডেস্ক