Tag: নুসরাত ইমরোজ তিশা

  • ‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’ জানালেন তিশা

    জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

    বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

    জুলাই বিজয়ের স্মৃতি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে তিশা লেখেন, সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…।

    পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান।

    প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।

    তবে এসব বিতর্কের বাইরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের মতামত প্রকাশ করে থাকেন তিশা।

    বিনোদন ডেস্ক

  • আরিফিন শুভকে নিয়ে গর্বিত তিশা

    ঢালিউড অভিনেতা আরিফিন শুভ নিজের বলিউড যাত্রার শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ওটিটি সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমে একের পর এক সিনেমাবোদ্ধাদের পর্যালোচনায় প্রশংসিত হচ্ছেন আরিফিন শুভ। তার অভিনয় দক্ষতায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার বার্তা বলেও মন্তব্য করেছেন তারা।

    কোথাও তিনি ‘স্ট্যান্ডআউট লিড’, আবার কোথাও পুরো সিরিজের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি হিসেবে উঠে আসছেন। এবার অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ ঢালিউড অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

    অভিনেতা আরিফিন শুভর  ‘জ্যাজ সিটি’ দেখে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তার একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন— ‘দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত আরিফিন শুভ।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে সবশেষ দেখা গেছে শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত একটি মহাকাব্যিক চলচ্চিত্র— ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এ সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এবং এটি পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। 

    সেই সিনেমা দেখেও আরিফিন শুভর অভিনয় এবং চরিত্রের জন্য নেওয়া প্রস্তুতি নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন তিশা। বিশেষ করে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তার পরিশ্রমের বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন।

    উল্লেখ্য, আরিফিন শুভ অভিনীত ‘জ্যাজ সিটি’ সিরিজটি গত ১৯ মার্চ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। প্রায় ১০ পর্বের এ সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিরিজজুড়ে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি— এ চারটি ভাষায় অভিনয় করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • উপদেষ্টা ফারুকী ও তার স্ত্রী তিশার সম্পদের হিসাব প্রকাশ

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশের পর আলোচনায় এসেছে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার নাম। 

    মঙ্গলবার প্রকাশিত সম্পদ বিবরণী অনুযায়ী, এক বছরের ব্যবধানে যেখানে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ কমেছে, সেখানে তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার সম্পদ বেড়েছে দেড় কোটি টাকার বেশি। 

    মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী অথবা স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। পরবর্তী প্রায় আট মাসের হিসাব এখানে দেওয়া হয়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। প্রজ্ঞাপন মতে, এক বছরে তিশার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা। 

    অন্যদিকে একই সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদের পরিমাণ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন এসে তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। অর্থাৎ এক বছরে ফারুকীর সম্পদের পরিমাণ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। 

    বিনোদন ডেস্ক

  • ‘নাটক কম করো পিও’, তিশাকে শাওন

    অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই শিল্পী দলীয় মনোনয়নও চেয়েছিলেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশত্যাগের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হলেও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন।

    রোববার (১০ আগস্ট) ফেসবুকে একটি পোস্টে শাওন সমালোচনা করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে, যিনি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব-এ শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন। পোস্টের সঙ্গে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনাসহ মন্ত্রীদের সঙ্গে তার একাধিক ছবি যুক্ত করেন শাওন।

    ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্লাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।’

    তিনি আরও লেখেন, ‘আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’

    পোস্ট শেষে হ্যাশ ট্যাগে শাওন লিখেছেন ‘নাটক কম করো পিও’।

    তিশাকে নিয়ে শাওনের এই ফেসবুক পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি, নুসরাত ইমরোজ তিশা’

    চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা তারকাদের তালিকায় আছেন  নুসরাত ইয়াসমিন তিশা নামের একজন। তাতেই বিভ্রান্তি। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, এই তালিকায় তিনি নেই।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিশা জানান, ভুল নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে কিছু সংবাদমাধ্যম। যাতে তিনি মনোক্ষুন্ন হয়েছে। সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার আবেদনও করেছেন। 

    শনিবার কর ফাঁকি দেওয়ার কারণে কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোট ২৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে—এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে এনবিআর। এসব তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে।

    সেখানে তিশা নাম নিয়েই লেগেছে খটকা। অভিনেত্রী তিশা এক পোস্টে জানিয়েছেন, ‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

    এনবিআর কর্মকর্তারা জানান, সময়মতো কর পরিশোধ না করায় প্রজ্ঞাপনে উল্লিখিত তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তাদের বেশ কয়েকজন এরই মধ্যে কর পরিশোধ করেছেন। আর কয়েকজন সময় নিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • তিশার বেলি ড্যান্সের ভিডিও নিয়ে যা জানা গেল

    বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নাটক ও চলচ্চিত্র দুই জায়গাতেই অভিনেত্রী সমান পারদর্শী। তার এই জনপ্রিয়তা পুঁজি করে একটি সাইবার চক্র তার ছবি নিয়ে বিকৃত করে নেটদুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। সম্প্রতি তিশার বেলি ড্যান্সারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

    তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারী নুসরাত ইমরোজ তিশা নন; এটি ইশিকা সিং রাজপুত নামের এক ভারতীয় বেলি ড্যান্সারের ভিডিও। ওই ভিডিওতে ডিপফেক প্রযুক্তির সহায়তায় তিশার মুখ বসিয়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে অনুসন্ধানে ‘Ishika Singh Rajput’ নামের এক ভারতীয় বেলি ড্যান্সারের ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২৩ মার্চ প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে একই ব্যাকগ্রাউন্ডে একই পোশাকে তাকে আরও একাধিক নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ওই ভিডিওর সঙ্গে নুসরাত ইমরোজ তিশার নামে ছড়িয়ে পড়া ভিডিওর তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, দুই ভিডিওতেই নারীর পোশাক, অঙ্গভঙ্গি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে। ভিন্নতা শুধু নারী দ্বয়ের মুখমণ্ডলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ এআই মাধ্যমে ভারতীয় ওই নারীর নাচের ভিডিও সম্পাদনা করে তাতে নুসরাত ইমরোজ তিশার মুখ বসিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

    এ ধরনের ভিডিও সম্পাদনাকে বলা হয় ‘ডিপফেক’। ডিপফেক হলো বাস্তবসম্মত দেখতে, কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট, যা ভিডিও কিংবা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়েছে। 

    ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সঙ্গে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব, যা তিনি নিজে বলেননি বা করেননি। সুতরাং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাচের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

    বিনোদন ডেস্ক

  • নাবিলার উপস্থাপনায় ঈদ আনন্দমেলায় মৌ তিশা বুবলী

    বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রতি বছর ঈদে বর্ণিল অনুষ্ঠান আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এ অনুষ্ঠানমালার মধ্যে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ থাকে দর্শক আগ্রহের কেন্দ্রে। এ আয়োজনে নাচ মানেই ভিন্নধর্মী পরিবেশনা। 

    এবার আনন্দমেলায় নাচ পরিবেশন করবেন বরেণ্য নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী। বিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে।

    এ আয়োজনের মাধ্যমেই দীর্ঘদিন পর নাচ নিয়ে হাজির হবেন অভিনেত্রী তিশা। আর তিশা ও বুবলীর নাচের কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। অন্যদিকে নিজের কোরিওগ্রাফিতে নাচ পরিবেশন করবেন মডেল মৌ। 

    জানা গেছে, রামপুরায় বিটিভির নিজস্ব অডিটরিয়ামে আনন্দমেলার শুটিংয়ে শিগগিরই অংশ নেবেন তারকাশিল্পীরা। আয়োজন নিয়ে বিটিভির অনুষ্ঠান নির্বাহী ও আনন্দমেলার প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘বেশ বড় আয়োজন নিয়ে ‘আনন্দমেলা’র পরিকল্পনা করেছি। অনেক নামিদামি তারকা হাজির হবেন এ অনুষ্ঠানে। গান ও নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক রকম আয়োজন থাকবে।

    অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও অভিনেতা মামনুন ইমন। এর আগে ২০১৮ সালে ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেন অভিনেত্রী নাবিলা। ওই সময় তার সঙ্গে ছিলেন সজল নূর। ৭ বছর পর  ফিরলেন নাবিলা। তবে এবার তার সহযোগী সজল নূর নয়; অভিনেতা মামনুন ইমন।

    এ বিষয়ে অভিনেত্রী নাবিলা বলেন, এর আগেও আমি আনন্দমেলার উপস্থাপনা করেছি। দ্বিতীয়বারের মতো উপস্থাপনা করতে যাচ্ছি। আনন্দমেলা প্রযোজকরা খুব করে চাইছিলেন এটি যেন আমি উপস্থাপনা করি।  তিনি বলেন, এটি একটি লিজেন্ডারি শো। ছোটবেলা থেকেই এটি দেখে দেখেই বড় হয়েছি। আনন্দমেলার মাধ্যমে দেশের মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা থাকে বিটিভির। সব কিছু ভেবেই অনুষ্ঠানটি উপস্থাপন করতে রাজি হয়েছি। 

    মাহবুবা ফেরদৌস ছাড়াও ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাতে। 

    ঈদ আনন্দমেলার কোরিওগ্রাফি প্রসঙ্গে সোহাগ বলেন, ‘বিটিভির আনন্দমেলা মানেই অন্যরকম আয়োজন। এতে নানা কিছু সমাহার ঘটে। এর মধ্যে নাচ নিয়ে দর্শকের তুমুল আগ্রহ থাকে। দীর্ঘদিন পর কোনো টিভি আয়োজনে ফিরছেন তিশা। শবনম বুবলীও ভিন্নধর্মী পরিবেশনা নিয়ে হাজির হবেন। প্রত্যেকে তাদের অভিনীত সিনেমার গানেই নাচবেন। দুজনের সঙ্গেই আয়োজন নিয়ে পরিকল্পনা করেছি। আগামী ২১ মার্চ থেকে রিহার্সেল শুরু। আশা করছি, জমজমাট একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছেন দর্শকরা’। 

    এদিকে শবনম বুবলী বলেন, ‘এক বছর আগে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে নাচ করেছি। আবার নাচ নিয়ে হাজির হব একই আয়োজনে। নিজের সিনেমার প্রিয় কিছু গানের সঙ্গে নাচব। আশা করছি, পরিবেশনাটি দর্শকদের পছন্দ হবে’। 

    বিনোদন ডেস্ক

  • আমার জীবনে তুমি সবচেয়ে সেরা, কাকে লিখলেন সাদিয়া আয়মান

    বিনোদন জগতে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনায় আছেন ঢালিউড নির্মাতা রেদোয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মান। বেশ রাকঢাক করেই প্রেমসম্পর্ক চালিয়ে যাচ্ছেন তারা। গুঞ্জন যতই ডালপালা মেলুক না কেন, মুখ খুলবেন না এ জুটি। তবে এবার যেন সেই লুকোচুরি প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন দুজনেই। যদিও এখনো শুধু ইশারাতেই সীমাবদ্ধ রয়েছে তাদের এ খুনসুটি।

    গত ২০ অক্টোবর ছিল ঢালিউড পরিচালক রেদোয়ান রনির জন্মদিন। আর এদিনই নির্মাতার সঙ্গে সাদিয়ার প্রেমের খবর অনেকটাই স্পষ্ট হলো। রনির জন্মদিন উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন বিনোদন জগতের তারকারা।

    এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিমসহ অনেকেই। তবে সবার মাঝে একটু বিশেষভাবেই নজর কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’বলেই সম্বোধন করলেন নির্মাতা।

    ইতোমধ্যে জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক রেদোয়ান রনি। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন— সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা-শুভেচ্ছা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।

    সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রনি আরও লিখেছেন—আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সঙ্গে কৃতজ্ঞ— আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।

    এসবের মাঝে নিজের ‘প্রিয়তমা’-কে ধন্যবাদ জানাতে ভোলেননি এ পরিচালক। তার প্রতি ভালোবাসা প্রকাশ করে নির্মাতা লিখেছেন— আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা ও প্রশংসা করার জন্য।

    রনির সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও কমেন্টস করেছেন। তবে একটি কমেন্টস বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। নির্মাতার উদ্দেশে সাদিয়া লিখেছেন—‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

    এতে ভক্তদেরও বুঝতে আর বাকি রইল না যে, প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাদিয়া-রনি। অনেক দিনের সেই গুঞ্জনই সত্যি। বলা যায়, নির্মাতা-অভিনেত্রীর মাঝের সমীকরণ বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি নেটিজেনদের।

    এদিকে বিষয়টি নিয়ে সাদিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো বক্তব্য দিতেই নারাজ তিনি। বরং প্রেমের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • আহতদের সহায়তার আহবান জানালেন তিশা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ দম্পতি বিভিন্ন পরামর্শমূলক পোস্ট দিয়ে যাচ্ছেন সামাজিকমাধ্যমে। এবার আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে ব্যবসায়ী সমাজের প্রতি আহবান জানালেন তিশা। 

    সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা স্বামীর একটি পোস্ট শেয়ার করে এ আহবান জানান তিনি।  

    তিশা বলেন, ‘ব্যবসায়ী সমাজের প্রতি আহবান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসুন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পেছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারও মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’ 

    সবশেষে তিনি বলেন, ‘সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরী কর্তব্য।’
     

    আনন্দনগর প্রতিবেদক

  • ‘যেমন খুশি হয়েছি, তেমনি চিন্তায়ও পড়ে গিয়েছিলাম’

    জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মডেলিং ও নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমা নিয়ে বেশি ব্যস্ত। সিনেমা নিয়ে বুসান চলচ্চিত্র উৎসব ঘুরে এলেন। দেশেও সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত একটি সিনেমা। এসব প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    * বুসান চলচ্চিত্র উৎসব ঘুরে এলেন। অভিজ্ঞতা কেমন?

    ** এশিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব বুসান ফিল্ম ফেস্টিভ্যাল। এর দুটি বিভাগের প্রতিযোগিতায় এবার বাংলাদেশ থেকে তিনটি সিনেমা অংশ নিয়েছে। যার মধ্যে ইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমাটি সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতেছে। 

    এছাড়া আমাদের আরেকটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’র প্রথম প্রিমিয়ার করা হয়েছে এবারের উৎসবে। বিভিন্ন দেশ থেকে নির্মাতা, কলাকুশলী এসেছেন। তাদের সঙ্গে আড্ডা দেওয়া, সময় কাটানো-সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি পুরো সময়টা।

    আরও পড়ুন: 

    * ‘অটোবায়োগ্রাফি’ প্রদর্শনের পর কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?

    ** ‘অটোবায়োগ্রাফি’ সিনেমার গল্প আমাদের (তিশা ও ফারুকী) ভীষণ আবেগের। তাই এর ওয়ার্ল্ড প্রিমিয়ার নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। সিনেমাটি প্রদর্শনের পর দর্শক এবং বিচারকমণ্ডলীর কাছে অনেক প্রশংসা পেয়েছি। 

    এটা ঠিক, আমরা পুরস্কৃত হইনি; কারণ প্রতিযোগিতায় আমাদেরটি ছাড়া আরও নয়টি সিনেমা ছিল। তাই বিচারকদের জন্য ভালো-মন্দ মিলিয়ে একটা সেরা সিনেমা পছন্দ করা বেশ চ্যালেঞ্জিং ছিল। মোটকথা, দেশের একটা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা সব সময়ই আনন্দের।

    * ব্যক্তিজীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির কথা মাথায় এলো কীভাবে?

    ** আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম এ বিষয়ে সিনেমা বানাতে। কারণ ‘অটোবায়োগ্রাফি’র গল্প এমন একটা ইস্যু নিয়ে, যেটা সমাজে প্রায়ই অবহেলিত হয়ে যায়। দেখা যায়, অন্য সব বিষয়ে কথা হচ্ছে কিন্তু এটা নিয়েই হচ্ছে না। এটা আমাদের জীবনের ভীষণ প্রাইভেট একটা বিষয়ও বটে। 

    এ সিনেমার চিত্রনাট্যও আমরা দুজন মিলে লিখেছে। আপাতত সিনেমার গল্প নিয়ে কিছু বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি এ গল্পটা জানা, বোঝা এবং এ ইস্যু নিয়ে কথা বলার দরকার। সেই আলোচনা বা কথা বলার ভাবনা থেকেই এ সিনেমা তৈরি।

    * আপনার অভিনীত ‘মুজিব’ সিনেমাটি চলছে দেশের প্রক্ষাগৃহে। কেমন সাড়া পাচ্ছেন?

    ** বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে আমার আর শুভর জুটিকে পছন্দ করছে সবাই। কারণ আমি এখানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের পরিণত বয়সের চরিত্রে অভিনয় করেছি। সিনেমা কিংবা বাস্তব প্রেক্ষাপটেও এ চরিত্রের গুরুত্ব অনেক বেশি। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে বঙ্গমাতার বিশেষ অবদান রয়েছে।

    যা অনেকে এ সিনেমায় দেখার পর জানতে পেরেছে। তবে শুরুতে আমি খুব ভয়ে ছিলাম। কারণ এ চরিত্রটির সঙ্গে দায়িত্বও ছিল। এটাকে সঠিকভাবে উপস্থাপন করার দায়িত্ব।

    * বঙ্গমাতার চরিত্রে অভিনয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?

    ** এ সিনেমায় অভিনয়ের আগে প্রথমে যখন জানতে পেরেছি এ চরিত্রের জন্য আমাকে পছন্দ করা হয়েছে, আমি একই সঙ্গে যেমন খুশি হয়েছি, তেমনি চিন্তায়ও পড়ে গিয়েছিলাম। কারণ ফজিলাতুন্নেছা মুজিব অন্দরে থাকতেন। যার কারণে তার কোনো ভিডিও রেফারেন্স আমাদের কাছে ছিল না।

    তবে শুটিং শুরুর আগে এ সিনেমার সব অভিনয়শিল্পীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা মিটিং ছিল। সেখানে তিনি যেভাবে তার মাকে বর্ণনা করেছেন, সেটা ভীষণভাবে সাহায্য করেছে। তবে রেফারেন্স না থাকার একটা ইতিবাচক দিকও আছে। আর তা হলো আমি যেভাবে পর্দায় দেখাব, সেটাই দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে।

    * নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন?

    ** এখনো না। কথাবার্তা চলছে বেশ কিছু কাজের। তার মধ্যে সিনেমা আছে, ওটিটির কাজ আছে। ব্যাটে-বলে মিললেই হয়তো চূড়ান্ত হবে। কিন্তু এখন আমি একই সঙ্গে একজন মা, প্রযোজক এবং অভিনেত্রী। তাই দায়িত্ব অনেক বেশি। সব দিক সামলে, বুঝে-শুনে তবে সিদ্ধান্ত নেব।

    নূসরাত অনন্যা