
‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়। গত বছর নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে পড়ে। এর জেরেই নাকি সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে অভিষেকের দাম্পত্যে চিড় ধরে। এই গুঞ্জনই শোনা গিয়েছিল নেটপাড়ায়। যদিও নতুন বছরে পা দিতেই স্ত্রী ঐশ্বিরয়াকে সঙ্গে নিয়েই বিভিন্ন জায়গায় যেতে শুরু করেন অভিনেতা। কেউ কেউ তো বলতে শুরু করেন— মেয়ে আরাধ্যার দিকে চেয়েই নাকি বিচ্ছেদের পথে হাঁটেননি বচ্চন দম্পতি। এবার ফের দেখা গেল অভিষেক-নিমরতকে।
সম্প্রতি মুম্বাইয়ের একটি খ্যাতনামা প্রযোজনা সংস্থা নৈশপার্টিতে নিমন্ত্রিত ছিলেন অভিষেক-নিমরত। আপাদমস্তক কালো প্যান্ট, কালো জ্যাকেটে হাজির হন অভিষেক। তার কিছুক্ষণের মধ্যে হাজির হন নিমরত কৌর। তার পরনে কালো অফ শোল্ডার জামা, বিন্যস্ত চুল, মানানসই রূপটান। লাল গালিচায় হেঁটে গেলেন দুজনে কিন্তু আলাদা আলাদা হয়ে।
এর আগে ২০২২ সালে ‘দসভি’ সিনেমাতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিমরত কৌর। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন অভিনেত্রী। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন— ১৫ বছর। অভিষেক বলেছিলেন— হ্যাঁ, দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন— অসাধারণ। পুরোনো সেই ভিডিও আচমকাই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।
বিনোদন ডেস্ক


