Tag: দেশনেত্রী খালেদা জিয়ার চিরবিদায়

  • ধীরে ধীরে তাকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, খালেদা জিয়াকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে।

    সংগীতশিল্পী কনকচাঁপা তার পোস্টে লিখেছেন, ‘এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না’। খালেদা জিয়াকে নিয়ে তার এই উপলব্ধি। 

    তিনি তার পোস্ট শুরু করেন, ‘চলে গেলেন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ আপসহীন অবিসংবাদিত নেতা, মানবতার মা বেগম খালেদা জিয়া’ বলে। এরপর তিনি লেখেন, ‘বারবার, বারবার তার নামের সাথে উচ্চারিত হয় ‘আপসহীন’, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তার জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সাথে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেন নাই। দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশি বিলাসী জীবন কিছুর তোয়াক্কা করেন নাই।’

    তিনি আরও লেখেন, ‘এই কথা লেখা যেমন সহজ পড়াও সহজ; কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না।’

    খালেদা জিয়ার মামলায় জর্জরিত হওয়ার বিষয়টি উঠে এসেছে কনকচাঁপার পোস্টে। খালেদা জিয়ার অসুস্থতার কারণও তুলে ধরেন তিনি।

    কনকচাঁপা বলেন, বড়ই আফসোস হয় একটা ডাহা মিথ্যা মামলায় তিনি তার জীবন সুন্দরভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাকে শেষ করে দেয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে। আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।

    ‘সেই পুরাতন, প্রাক্তন ভাঙা জেলখানায় তার দিন কেটেছে তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিলো সেই একাকী জেলজীবনে সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত ,অথচ তিনি থাকতেন নির্ভার! এজন্যই তাকে বলতে চাই অকুতোভয় জীবন যোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব।’

    খালেদা জিয়ার সংগ্রামময় জীবন নিয়ে কনকচাঁপা বলেন, ‘তার স্পষ্ট উচ্চারণ ছিলো জীবনে যা কিছু হয়ে যাক এই দেশ এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাবো না। দেশপ্রেম এর উৎকৃষ্ট উদাহরন তিনি, তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাকে সঠিক মর্যাদা দিতে পারিনি।’

    ‘আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা করে নেয়ার অনুগ্রহ করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।’

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ছয়টায় মারা যান খালেদা জিয়া। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন ৪০ দিন ধরে। আজ তাকে তার স্বামী ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে।

    বিনোদন ডেস্ক

  • জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক।

    খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    খালেদা জিয়ার অবদান তুলে ধরে হানিফ সংকেত লেখেন, তার এ মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

    শোক ও সমবেদনা প্রকাশ করে এই উপস্থাপক আরও লেখেন, খালেদা জিয়ার এ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকাবহ পরিবারের সব সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও বিভিন্ন সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন।

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।

    ৮০ বছর বয়সি বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা।

    বিনোদন ডেস্ক

  • ‘মহান এ নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে’

    বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

    দেশব্যাপী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু সাধারণ মানুষই নয়, শোবিজ অঙ্গনের সেলেবরাও শোক প্রকাশ করেছেন। এই তালিকায় আছেন বেবী নাজনী‌নও।

    তিনি মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়ার মত মহান নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে । শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেয়া হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন।

    তার মৃত্যুর খবরে আজ বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ, বাকরুদ্ধ হয়ে গেছে সারাদেশ। মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করবেন ইন শা আল্লাহ।

    মহান আল্লাহ জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুণ, এই মুহূর্তে আমি এই দোয়াই করি।

    তার এই অন্তিম যাত্রায় তিনি যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি দেশের মানুষের জন্য রেখে গেছেন আশীর্বাদ; যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের গণতান্ত্রিক শক্তি হয়ে কাজ করবে। তার উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তির মাধ্যমেই নতুন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন।

    বিনোদন ডেস্ক

  • আপনি জিতে গেলেন: পরীমনি

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনীতি থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। 

    চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে খালেদা জিয়াকে স্মরণ করে লেখেন, “তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে…।” 

    খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন। সে সময় স্বাস্থ্যের কিছুটা উন্নতিও দেখা গিয়েছিল। কিন্তু দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং মানসিক ধকলের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন।

    গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন এবং চিরবিদায় নেন।

    বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ কয়েক দশক ধরে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে জনগণের কাছে সমাদৃত ছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অটল ভূমিকার কারণে তাকে ‘আপসহীন’ উপাধিতে ভূষিত করা হয়।

    বিনোদন ডেস্ক

  • খালেদা জিয়ার মৃত্যুতে জেমসের শোক প্রকাশ

    বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    দেশব্যাপী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু সাধারণ মানুষই নয়, শোবিজ অঙ্গনের সেলেবরাও শোক প্রকাশ করেছেন। নগরবাউল জেমস তার ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন।

    তিনি লিখেছেন, নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক অনুভব করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জেমস খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রার্থনা করেছেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচু মাকামে স্থাপন করেন—আমিন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সংবেদনাও ব্যক্ত করেছেন।

    ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    বিনোদন ডেস্ক

  • খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ জগতের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম জিয়ার ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তারা।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ফেসবুক পেজে ঢালিউড মেগাস্টার শাকিব খান লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

    চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।’

    খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।’

    চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’ 

    অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি; তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।’

    নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’

    নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় বলেন, ‘খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নির্মাতা আশফাক নিপুন লেখেন, ‘আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। এই জাতি আপনাকে সবসময় গর্বের সাথে মনে রাখবে।’

    অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি জেল-জুলুম সহ্য করেছেন কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি, এ জন্যই তিনি ‘আপসহীন নেত্রী’। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান কখনও ভোলা সম্ভব নয়।’

    সংগীতশিল্পী কনক চাপা লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।’

    এছাড়া আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা পূজা চেরি, আরশ খান, রুকাইয়া জাহান চমক তাদের ফেসবুক পেজে খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

    বিনোদন ডেস্ক