Tag: দক্ষিণী সিনেমা

  • ভারতে মুসলিম অভিনেত্রীকে পাকিস্তানি বলে কটাক্ষ, জাতীয়তা নিয়ে প্রশ্ন

    ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্কের চরম অবনিত হয়েছে। তীব্র বাক্যবাণে বিদ্ধ করছে একে অন্যকে। এরই মধ্যে বেশকিছু পাল্টাপাল্টি পদক্ষেপও নিয়েছে দুই দেশই। 

    চলমান এই উত্তপ্ত পরিস্থিতি আবহ ছড়িয়েছে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, তারকা ও বিনোদন অঙ্গনেও।

    কাশ্মীরের ঘটনায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মুম্বাইয়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে পাকিস্তানি অভিনেতাদের বয়কটের ডাক। সেই বয়কটের রেশ গিয়ে পড়েছে দক্ষিণী অভিনেত্রী ইমান ইসমাইলের ওপর, যিনি ইমানভি নামে পরিচিত। তাকে ‘পাকিস্তানের মেয়ে’ বলে কটাক্ষ করা হচ্ছে, এমনকি ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। 

    টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইমান লিখেছেন, কাশ্মীরের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। কিন্তু দুঃখজনকভাবে আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে জানাতে চাই—আমার সঙ্গে পাকিস্তান কিংবা পাক সেনার কোনো সম্পর্ক নেই।

    তিনি আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রের নাগরিক, লস অ্যাঞ্জেলসে জন্ম। হিন্দি, তেলুগু, গুজরাটি এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারি। আমার পরিবার ভারতের, তাই আমাকে ভুল প্রেক্ষিতে উপস্থাপন করা একেবারেই অন্যায়।

    অন্যদিকে, খুব শিগগিরই সিনেমা জগতে অভিষেক হতে যাচ্ছে ইমানের। প্রভাসের বিপরীতে ‘ফৌজি’ সিনেমায় দেখা যাবে তাকে। এই পরিস্থিতিতে ইমানের পোস্টে তার ভক্তরা সমর্থন জানিয়ে মন্তব্য করছেন, ঘৃণার বদলে হোক সহানুভূতির বার্তা।

    বিনোদন ডেস্ক

  • প্রেম-বিয়ে ও দাম্পত্য নিয়ে মুখ খুললেন তারকা দম্পতি

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী সোবিতা ধুলিপালা। গত বছরের ডিসেম্বরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেন দুজনে। সম্প্রতি তাদের ভালোবাসার গল্প, সম্পর্ক এবং বৈবাহিক জীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন, শেয়ার করেছেন ভক্ত-সমর্থকদের সঙ্গে।

    ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা দম্পতি জানান, ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেও তারা একত্রে সময় কাটানোর জন্য ‘ছোট ছোট মুহূর্তগুলো খুঁজে নেওয়ার’ চেষ্টা করছেন।

    কীভাবে প্রেমে পড়লেন সোবিতা?

    সোবিতা বলেন, ‘নাগা খুবই স্পষ্টবাদী, স্থির মনের মানুষ এবং সবসময় আশাবাদী। আমিও তখন এমন একটা জায়গায় ছিলাম, যেখানে আমি ভালোবাসা পেতে ও দিতে প্রস্তুত ছিলাম’।

    নাগা চৈতন্য বলেন, ‘আমরা একে অপরের কাজের প্রতিশ্রুতিগুলো মাথায় রেখে আগামী ৪-৫ মাসের পরিকল্পনা করেছি। তবে আমরা চেষ্টা করছি, একসঙ্গে ছুটি কাটানোর বা উপভোগ করার কিছু সময় বের করার’।

    নাগা সোবিতার কীসে বেশি আকৃষ্ট?

    নাগা হাসতে হাসতে জানান, ‘তার (সোবিতা) তেলুগু ভাষায়! মুম্বাইয়ে সে পুরোপুরি শহুরে, আধুনিক এবং স্টাইলিশ। তবে বিশাখাপত্তনমে গেলে সে খুবই সংস্কৃতিমনা ও শিকড়ের সঙ্গে সংযুক্ত। এটা আমার খুবই ভালো লাগে’।

    সোবিতা কি কখনো ভাবতে পেরেছিলেন যে, তিনি ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করবেন? অভিনেত্রী বলেন, ‘একদমই না! আমি কখনো ভাবিনি। কিন্তু সময়টা একদম নিখুঁত ছিল’।

    তিনি আরও যোগ করেন, ‘আমি যখন নাগাকে চিনতাম না, তখনো ভাবিনি যে, সে-ই হবে আমার জীবনসঙ্গী। কিন্তু সে এমন একজন মানুষ, যে কিনা দুই ঘণ্টা ধরে বাইক পরিষ্কার করতেও দারুণ আনন্দ পায়। সে যা ভালোবাসে, তাতে পুরোপুরি নিবেদিত থাকে’।

    কবে বিয়ে করেছিলেন নাগা-সোবিতা?

    কয়েক বছর ডুবে ডুবে জল খাবার পর ২০২৪ সালের ডিসেম্বরে হায়দরাবাদে বিয়ের পিঁড়িতে বসেন ৩৮ বছর বয়সি নাগা ও ৩২ বছর বয়সি সোবিতা।এই দম্পতি এখন ব্যস্ত তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনের সুন্দর ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টায়।

    উল্লেখ্য, নাগা এর আগে ২০১৭ সালে আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেন। তবে ২০২১ সালে এই তারকা দম্পতির স্বেচ্ছায় বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • এবার রাবনরূপে ধরা দিলেন ‘কেজিএফ’

    দক্ষিণ ভারতীয় অভিনেতা ইয়াশ। মূলত তাকে বলা হয় ‘কেজিএফ’ তারকা। এ সিনেমার দুই কিস্তিতেই বাজিমাত করেছেন তিনি। এবার ইয়াশ আসছেন রাবনরূপে। 

    বলিউডে পৌরাণিক গল্প নিয়ে বিগ বাজেটে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’ নামে একটি সিনেমা। মহাভারতের সেই ঐতিহাসিক চরিত্র ‘রাবন’-এ অভিনয় করছেন এ অভিনেতা। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নায়ককে আবারও পর্দায় দেখার জন্য। 

    সম্প্রতি এ সিনেমার শুটিং শুরু করেছেন ইয়াশ। পরিচালক নীতেশ তিওয়ারির বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমায় যুদ্ধের দৃশ্যই হবে সবচেয়ে বেশি ফোকাসড। পর্দায় রাবণকে শক্তিশালী দেখানোর জন্য বিভিন্ন ধরনের কোরিওগ্রাফি করা হবে। এপ্রিলের শেষের দিকে ‘রামায়ণ’র প্রথম লটের শুটিং শেষ হবে। এটিও সিক্যুয়াল সিনেমা হবে। 

    ২০২৬ সালের দীপাবলী উপলক্ষ্যে ছবির প্রথম অংশ মুক্তি পাবে। ২০২৭ সালের দীপাবলী উপলক্ষ্যে মুক্তি পেতে পারে দ্বিতীয় অংশ। এ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। এরই মধ্যে নিজের চরিত্রের প্রায় পুরোটাই শুটিং শেষ করেছেন রণবীর। এবার শুরু হলো রাবণের শুটিং। এতে সীতার ভূমিকায় অীভনয় করছেন সাই পল্লবীকে। লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে টিভি অভিনেতা রবি দুবেকে।

    বিনোদন ডেস্ক

  • এবার সামান্থাকে নিয়ে নাগার বাবার বিস্ফোরক মন্তব্য

    ছেলে নাগা চৈতন্যকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আক্কিনেনি নাগার্জুন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর কেমন থাকবেন নাগা?— এমন প্রশ্নই দিনরাত ভাবাচ্ছিল অভিনেতাকে। যদিও শোভিতার সঙ্গে নাগার দ্বিতীয় বিয়ের পর নিশ্চিন্ত বাবা। তবে সাবেক বউমা সামান্থাকে ছেলেকে অবসাদে ফেলে চলে যাওয়ার জন্য দোষারোপ করেন নাগার্জুন।

    সামান্থার সঙ্গে অভিনেতা নাগা চৈতন্যের বিচ্ছেদের পর থেকে সামাজিক মাধ্যমে রোষের মুখে পড়তে হয় নাগাকে। বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ তুলে নাগার দ্বিতীয় বিয়ের কারণ খুঁজেছেন নেটিজেনরা। 

    দুজনে ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। দুজনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনো তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। 

    কিন্তু সামাজিক মাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে সমালোচনা হয়, তাতে নিজেকে অপরাধী মনে হয় বলে সম্প্রতি জানিয়েছেন নাগা চৈতন্য। অভিনেতা সাফ জানিয়ে দেন, লোকে এমন করছেন যেন আমি কোনো দোষ করেছি।

    এবার যেন ছেলের কথার রেষ টেনে নাগার্জুন বলেন, আসলে চে খুব দুঃখে ছিল। ও কারও কাছে নিজের অনুভূতি প্রকাশ করে না। বাবা হিসাবে আমি বুঝতাম। ও আসলে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ডুবে গিয়েছিল। এখন ওকে ফের খুশি দেখে নিশ্চিন্ত। 

    যদিও নাগার্জুনের এই মন্তব্য ভালোভাবে গ্রহণ করেননি সামান্থার অনুরাগীরা। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পিঁড়িতে বসার আগে মহাকুম্ভে দেবেরাকোন্ডা

    পায়ে চোট পেয়েছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অভিনেত্রী। সামনেই তার ‘ছাবা’ সিনেমার মুক্তি। পায়ে চোট পাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ‘ছাবা’ সিনেমার প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশলকে সর্বক্ষণ দেখা গেছে রাশমিকা মান্দানাকে হুইলচেয়ারে ঘোরাতে। সর্বদা চোখে চোখে রেখেছেন তাকে। 

    কিন্তু সেখানে নেই বিজয় দেবেরাকোন্ডা। যেন প্রেমিকাকে নিয়ে খানিকটা উদাসীন বলেই মনে করছেন ভক্ত-অনুরাগীরা । ভেবেছিলেন— বিজয় দেবেরাকোন্ডা হয়তো এ সময় তার প্রেমিকার পাশে থাকবেন। তা না ঘটায় রীতিমতো চটেছেন অনেকেই। সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনুযোগ— কেন রাশমিকার পাশে নেই তার প্রেমিক? যেখানে নায়িকাও সম্প্রতি স্বীকার করেছেন— প্রেম আছে তাদের।

    এদিকে মুম্বাই থেকে চেন্নাই— বিনোদন দুনিয়ার তারকারা সুযোগ পেয়েই ছুটে যাচ্ছেন মহাকুম্ভ মেলায়। এবার গেলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। মাকে নিয়ে তিনি গেলেন মহাকুম্ভে পুণ্যস্নানে, যা দেখে বিনোদন দুনিয়া পাচ্ছে অন্য আভাস। 

    মিয়া-বিবি দুজনেই সম্পর্কের কথা স্বীকার করেছেন। তাই রাশমিকাকে ইদানীং বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে। তার আগে যুগলের একান্ত সাক্ষাৎ ফাঁস হয় ফটো সাংবাদিকদের কল্যাণে। তখন থেকেই গুঞ্জন— চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে। আর মহাকুম্ভ স্নান নাকি তারই প্রাকপর্ব। সংসার জীবনে যাতে কোনো দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে, সে জন্যই গঙ্গাস্নান সারলেন অভিনেতা। সঙ্গী ছিলেন তার মা মাধবী দেবেরাকোন্ডা।

    দিন কয়েক আগেই মাকে নিয়ে বিজয়কে দেখা গিয়েছিল হায়দ্রাবাদ বিমানবন্দরে। সাদা পোশাকে ঝকঝকে দেখাচ্ছিল তাকে। মাধবী পরেছিলেন গোলাপি রঙের কুর্তি ও প্যান্ট। তবে গঙ্গাস্নানের সময় দুজনেই গেরুয়া বস্ত্র পরেছিলেন। নায়কের গলায় রুদ্রাক্ষের মালা। জোড় হাতে সূর্যপ্রণাম করতে দেখা যায় তাদের। স্নান সেরে সাদা উত্তরীয় দিয়ে উর্ধাঙ্গ ঢেকে মাকে নিয়ে মন্দিরে যান পূজা দিতে।

    বিনোদন ডেস্ক

  • কী এমন ঘটেছে, সামান্থা কেন বলছেন- জীবনে অনেক সহ্য করেছি!

    ঘটনা ২০১৭ সালের ৭ অক্টোবর । বিনোদন জগতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয় অভিনেতা নাগা চৈতন্যের। অভিনেতাকে বিয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হয়েছিলেন ‘আক্কিনেনি’ পরিবারের একজন— সামান্থা আক্কিনেনি। তবে সামান্থা-নাগার রূপকথার বিয়ে খুব বেশি দিন টেকেনি। চার বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। আর তাদের এ বিচ্ছেদের মূল কারণ ছিল— সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন। 

    শেষ পর্যন্ত আর একছাদে বসবাস করা হয়নি তাদের। এর মধ্যেই নাগা চৈতন্য খুঁজে নিয়েছেন নতুন সঙ্গিনী। অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা।

    অন্যদিকে নিজের মনের দরজায় খিল দিয়ে রেখেছেন সামান্থা। অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন সে কথা। কাজ ও আত্মপ্রেমে ডুবে রয়েছেন তিনি। নাগা-শোভিতার বিয়ে হয়ে যাওয়ার আগে থেকেই সামাজিক মাধ্যম থেকে নাগার সঙ্গে তার বিয়ের সব ছবি মুছে ফেলছেন সামান্থা। কিন্তু সবটা পারেননি। 

    এদিকে শোভিতার সঙ্গে বিয়ের পর তাদের সুখী গৃহকোণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন নাগা চৈতন্য। তবে সাবেক স্বামীর সুখ দেখে হিংসা হচ্ছে সামান্থার? এমন সমালোচনা নেটিজেনদের।

    যদিও অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে নাগার সামনেই সামান্থা বলেছেন, তুমি জানো, আমি তোমাকে বেশি ভালোবাসি। তবে গত তিন বছরে যেন পুরোনো সামান্থার অনেকটাই বদল ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী। মানসিকভাবে আরও বেশি দৃঢ় হয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, এই বিচ্ছেদ তার ইচ্ছায় হয়নি। তাকে শুধুই গ্রহণ করতে হয়েছে। 

    বিচ্ছেদের পর গুরুতর অসুস্থ হন। মায়োসাইটিস রোগে আক্রান্ত হন তিনি। এখনো চিকিৎসা চলছে। তবে আগের তুলনায় ভালো আছেন সামান্থা। তাই হিংসার কোনো জায়গা নেই তার জীবনে। 

    অভিনেত্রী বলেন, আমি আমার জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে গেছি। আমি এই হিংসা নামক অনুভূতিটা বুঝি না। আমি আমার মনকে এসবের থেকে দূরে রেখেছি। জীবনে বাকি সব পরিস্থিতি উনিশ-বিশ হতে পারে। কিন্তু হিংসার কোনো জায়গা নেই।

    বিনোদন ডেস্ক

  • রাশমিকার প্রতি যে ব্যবহারে নেটিজেনদের কটাক্ষের শিকার বিজয়

    বিনোদন জগতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তার উগ্র পৌরুষ রূপেই ছবি হিট। অর্জুন রেড্ডির চরিত্রে দর্শক এখনো তাকে মনে রেখেছেন। এবার অভিনেতার বাস্তব জীবনে তারই ছায়া পড়েছে। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, প্রেমসম্পর্কে থাকা অভিনেত্রী রাশমিকা মান্দনার সঙ্গে একটি শপিংমলের বাইরে দেখা যায় বিজয় দেবেরাকোন্ডাকে। সেখানেই অভিনেত্রীর প্রতি তার ব্যবহার দেখে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। 

    পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দনা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অভিনেত্রী। সামনেই তার ‘ছাবা’ ছবির মুক্তি। পায়ে চোট পাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ‘ছাবা’ ছবির প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশলকে সর্বক্ষণ দেখা গেছে রাশমিকা মান্দনাকে হুইলচেয়ারে ঘোরাতে। সর্বদা চোখে চোখে রেখেছেন তাকে। 

    সেখানে বিজয় যেন প্রেমিকাকে নিয়ে খানিক উদাসীন বলে মনে করছেন নেটিজেনরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— শপিংমলের বাইরে সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে গাড়িতে উঠে পড়লেন বিজয়। পেছনে ধীরে ধীরে আসছেন অভিনেত্রী রাশমিকা। দুই হাতে ক্র্যাচ খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে কোনোমতে নামলেন। এমন ভিডিও প্রকাশ্যে আসতেই বিজয়ের ব্যবহার দেখে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

    বিনোদন ডেস্ক

  • ভাইজানের জুটি রাশমিকা?

    চব্বিশের শেষের দিকেই শোনা যায় যে, অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। বিগ বাজেট সিনেমার স্টারকাস্টে যে দক্ষিণী পরিচালক বড় চমক দেবেন, সেই ইঙ্গিতও মিলেছিল তখন। সালমান ছাড়া ভারতীয় বিনোদন দুনিয়ার দুই কিংবদন্তি মেগাস্টার রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা যায় তখন।

    এবার শোনা গেল, সেই তারকাখচিত বিগ বাজেটের এই সিনেমার ‘সবেধন নীলমণি’ নায়িকা হতে চলেছেন রাশমিকা মান্দানা। প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। এবার অভিনেত্রীর সই-স্বাক্ষরের অপেক্ষা।

    দক্ষিণী পরিচালক এআর মুরুগাদ্দসের ‘সিকান্দর’ সিনেমাতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। লাস্যময়ী এই দক্ষিণী সুন্দরী এবার অ্যাটলির বিগ বাজেটের সিনেমায় সই করলে সেটা হবে ভাইজানের নায়িকা হিসেবে রাশমিকার দ্বিতীয় সিনেমা।

    ‘পুষ্পা’র পর থেকেই রাশমিকার ফিল্মি ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে। ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা-২’র পর ভিকি কৌশলের বিপরীতে ‘ছাবা’ সিনেমাতে সাম্ভাজির স্ত্রী যেশুবাঈ-এর চরিত্রে অভিনয় করেছেন। এবার অ্যাটলির পুনর্জন্মের গল্পের নায়িকা হওয়ার প্রস্তাব তার ঝুলিতে।

    বিনোদন ডেস্ক

  • রাজনীতিতে আসছেন বিজয় থালাপতি

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় থালাপতি অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও তিনি বিনোদন জগত থেকে বিদায় নিচ্ছেন। অভিনেতা মনে করেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। তাই তিনি নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। এর মধ্যে বেশ কিছু জনসভাও করেছেন অভিনেতা। আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না থালাপতি বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি।

    বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। বক্স অফিসে একাধিক হিট সিনেমা আছে এই অভিনেতার। সিনেমা জগতে সফল বিজয় এবার সিনেমায় ইতি টানতে চলেছেন। থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। আর এরপর শুরু হয় নানান প্রশ্ন। ভক্তরা জানতে চান— সত্যি কি অভিনেতা সিনেমায় ইতি টানবেন, কিন্তু কেন? 

    টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে ৬৯তম সিনেমা অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। এ কারণেই তিনি আর সিনেমা করবেন না। সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে।  

    সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন থালাপতি বিজয়। সেখানে সাদা পোশাক পরা বহুলোকের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়। মানুষের মধ্যে আছেন— এ কথাই বোঝাচ্ছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে।

    বিনোদন ডেস্ক

  • অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত রাশমিকা

    বলিউড হোক বা তার ঘরের কাছের তামিল ফিল্ম জগৎ দুই জায়গাতেই সমানভাবে ধাপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণী নায়িকা বিউটি কুইন রাশমিকা মান্দানা। সমসাময়িক ভারতীয় সিনেমার জগতে ইতিহাস সৃষ্টিকারী দুই সিনেমা ‘পুষ্পা’ ‘অ্যানিম্যাল’-এর অভিনয় করে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন এই অভিনেত্রী।

    সম্প্রতি সালমান খানের জুটি বেঁধেছেন ‘সিকান্দার’ সিনেমায়। তবে সিনেমাটির শুটিং চলাকালে শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান রাশমিকা। এ ঘটনার পর রাশমিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা যায়। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না নায়িকা। একইসঙ্গে ছবির শুটিংও বিপাকে। এর মাঝেই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা শোনা গেল রাশমিকার মুখে। 

    নায়িকার আসন্ন ছবি ‘ছাবা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা কথা বললেন রাশমিকা। সে ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন অভিনেত্রী। 

    তিনি জানালেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই তার।

    অনুষ্ঠানে এক বক্তৃতায় রাশমিকা বলেন, ‘ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

    ‘ছাভা’ ছবিতে রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটির ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিটি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক