Tag: তমা মির্জা

  • সর্বোচ্চ সম্মাননার অপেক্ষায় নিশো-তমা

    নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২০২৩ সালে তার সিনেমায় পদার্পণ।
    ওই সময়ই বিদায় জানিয়েছেন নাটককে। প্রথম সিনেমায় সঙ্গী হিসাবে পেয়ে যান দর্শকপ্রিয় ও
    পরীক্ষিত নায়িকা তমা মির্জাকে। জুটি হিসাবে করেন ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমা। এটি পরিচালনা
    করেন রায়হান রাফি।

    অভিষেক সিনেমা দিয়ে আফরান নিশো যেমন ঢাকাই সিনেমায় নিজের অবস্থান জানান
    দিলেন, তেমনি জুটি হিসাবেও তমা-নিশো চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিষেকের পর
    দ্বিতীয় সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে নিশো অবশ্য একটু সময়ই নেন। দুবছর পর ফেরেন
    দ্বিতীয় সিনেমা নিয়ে। এবারও সেই আলোচিত তমা মির্জার সঙ্গেই ফিরলেন তিনি।

    এ জুটির অভিনীত ‘দাগি’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ঈদুল ফিতরে। শিহাব
    শাহীন পরিচালিত সিনেমাটি ঈদের তিন সপ্তাহ পরও রয়েছে দর্শক আগ্রহে। শুধু তাই নয়, এরই
    মধ্যে সিনেমাটি দেশের বাইরেও মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর ২৫ এপ্রিল
    আমেরিকার ১৫ শহরে মুক্তি পাচ্ছে বলেও জানা গেছে। ২ মে থেকে এ তালিকায় যুক্ত হবে আরও
    ১৩টি শহর। এ ছাড়া মে মাসের প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ
    আরও অনেক দেশে।

    বলা যায়, ঢাকাই সিনেমায় বেশ দাপট দেখাচ্ছেন নিশো-তমা জুটি। দর্শক ভালোবাসায়
    সিক্ত এ জুটির ঝুলিতে এবার যুক্ত হচ্ছে আরও বড় এক অর্জন। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র
    পুরস্কারের সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্ভাব্য তালিকায় রয়েছেন এ দুই অভিনয়শিল্পী।
    ‘সুড়ঙ্গ’ই তাদের সম্ভাবনাময় বিজয়ীর তালিকায় নিয়ে এসেছে। সেরা অভিনেতা বিভাগে নিশোর
    প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার শাকিব খান।

    এদিকে তমার প্রতিদ্বন্দ্বী ‘সাঁতাও’ সিনেমার অভিনেত্রী আইনুন পুতুল ও
    ‘আদিম’ সিনেমার সোহাগী।

    সূত্রের তথ্যমতে, এ প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন আফরান নিশো ও তমা মির্জা।
    সব ঠিক থাকলে এ জুটির ঘরেই উঠবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

    জানা গেছে, আগামী মাসেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র
    পুরস্কার। আরও আগেই এ আয়োজন হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুটা
    দেরি হয়েছে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশিরভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে
    ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতন ও পলায়নের পর এ
    সিনেমাটি এখন আলোচনায় নেই।

    জানা গেছে, এবার এগিয়ে থাকছে স্বল্প বাজেটের সিনেমাগুলো। প্রায় চার মাস
    ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। এরই মধ্যে বোর্ড সদস্যরা তাদের চূড়ান্ত মতামত
    ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র
    পুরস্কার।

    নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা
    পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা সিনেমার পুরস্কার উঠতে পারে গণ-অর্থায়নে
    নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এ বিভাগে আলোচনায় আছে গণ-অর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
    সেরা পরিচালক হিসাবেও পুরস্কার পেতে পারেন ‘সাঁতাও’ পরিচালক খন্দকার সুমন। এ তালিকায়
    আরও আছেন ‘সুড়ঙ্গ’র রায়হান রাফী ও ‘আদিম’র যুবরাজ শামীম।

    পার্শ্ব চরিত্র অভিনেতা হিসাবে ‘ওরা ৭ জন’র শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ
    এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও ‘সুড়ঙ্গ’র অভিনেতা রাশেদ মামুন অপুর নামও শোনা যাচ্ছে।
    গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা।

    বিনোদন ডেস্ক

  • তমার সামনে বড় চ্যালেঞ্জ!

    ঈদ উপলক্ষ্যে সিনেমা ও ওটিটি কনটেন্ট- দুই মাধ্যমেই এবার রয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। বলা যায়, এবারের ঈদে নিজের সঙ্গে নিজেই চ্যালেঞ্জ নিয়েছেন এ অভিনেত্রী। ছোট ও বড় পর্দায়, দুই মাধ্যমেই লড়াইয়ে নেমেছেন। 

    ঈদে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত ‘দাগি’ নামে একটি সিনেমা। এতে তিনি জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। এটি পরিচালনা করছেন শিহাব শাহীন। 

    ঈদ আসতে আর কয়েকদিন বাকি। কিন্তু তার আগেই ছোট পর্দায় নিজের ‘আমলনামা’ নিয়ে হাজির তমা মির্জা। মধ্যরাতে যে মানুষগুলোকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়, যারা আর ফেরে না, তাদের নিয়ে ‘আমলনামা’ তৈরি করেছেন রায়হান রাফী। ১৩ মার্চ এটি প্রকাশের পর থেকেই বেশ আলোচনায় রয়েছে। তবে তৈরি হয়েছে বিতর্কও। 

    নির্মাতার মতে, সত্য ঘটনার ওপর নির্মিত এ ওয়েব ফিল্মটি। কিন্তু এটি যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে, টেকনাফের সেই আলোচিত কমিশনার একরামুল, যাকে ক্রসফায়ারে দেওয়া হয়েছিল, তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই ফিল্মটি নিয়ে আপত্তি তুলেছিলেন। 

    পরে নির্মাতা জানান, এটি একরামুলের ঘটনা নয়। তবে বিতর্ক বাইরে রেখে ফিল্মটিতে পারভীন চরিত্রে বিশেষভাবে নজর কেড়েছেন তমা মির্জা। হারিয়ে যাওয়া স্বামীর জন্য পারভীনরূপী তমার ছোটাছুটি খুব জীবন্ত ছিল। যা মন ছুঁয়েছে দর্শকের। এতে তমা অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে। 

    এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কাজটি নিয়ে আগে আমরা অনেকবার বসেছি। পুরো স্ক্রিপ্ট বারবার পড়েছি। প্রতিটি চরিত্র কেমন হবে, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। আমি সাধারণত বাস্তবধর্মী, ব্যতিক্রম ও চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি। এখানেও চ্যালেঞ্জের বেশকিছু জায়গা ছিল। পারভীন চরিত্রটি খুবই ইনোসেন্ট। পাশাপাশি দর্শককে যুক্ত করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই জায়গা থেকে এগুলো আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবে যেহেতু দর্শক পছন্দ করছেন, রিভিউ ভালো পাচ্ছি সেহেতু মনে হচ্ছে কাজটি বেশ ভালো ভাবেই করতে পেরেছি।’ 

    এদিকে ছোটপর্দায় উতরে গেলেও, তমার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে প্রায় এক ডজন সিনেমা। যেখানে পুরোনো সব জনপ্রিয় নায়িকার পাশাপাশি এবার নতুন নায়িকারাও প্রেক্ষাগৃহে আসছেন। সে তালিকায় ‘দাগি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তমা। অভিনেত্রী তমা পরীক্ষিত হলেও, নিজের স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তাকে এবার মোকাবেলা করতে হবে। 

    অবশ্য, ‘দাগি’ সিনেমার পোস্টার টিজার বেশ প্রশংসিত হচ্ছে। তবুও আসল পরীক্ষা এখনও বাকি। এ নিয়ে কোনো চাপ বোধ করছেন কি না? 

    এমন প্রশ্নে তমা বলেন, ‘আমি আমার অভিনীত সিনেমা নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছি না। আমার বিশ্বাস যারা আমার ‘আমলনামা’ দেখেছেন তারা ‘দাগি’ও দেখবেন। কারণ এখানেও আমি ভিন্ন একটি চরিত্র করেছি, যা নতুনত্ব দিবে। তবে আমি ভাগ্যবান, ঈদে এতো ভালো ভালো সিনেমার মধ্যে আমার সিনেমাও আছে এবং এই সুন্দর একটি আনন্দের অংশ হতে যাচ্ছি। আশা করি ভালো কিছুই হবে।’

    আনন্দনগর প্রতিবেদক

  • আছিয়ার মৃত্যু, ক্ষোভ ঝাড়লেন তমা মির্জা

    মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে সরব সব শ্রেণিপেশার মানুষ। সেই সঙ্গে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিনোদন জগতের তারকারা। চাইছেন ধর্ষকের দ্রুত বিচার। এবার ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। 

    আছিয়ার মৃত্যুতে দর্শকপ্রিয় অভিনেত্রী তমা মির্জা বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজের ফেসবুকে শিশুটির মৃত্যুসংবাদ শেয়ার দিয়ে লিখেছেন— শুনুন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে। তাই আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়। রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ-বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সাথে সাথে মারেন, না পারলে জনগণের কাছে ছেড়ে দেন, কিন্তু বাঁচিয়ে রাইখেন না। 

    মন্তব্যের ঘরে অনুসারীদের অনেকে তমার সঙ্গে সহমত পোষণ করেছেন। এক নেটিজেন লিখেছেন, আমার বোন কবরে ধর্ষক কেন বাহিরে। অন্য আরেকজন লিখেছেন, বলার কিছু নেই।

    এদিকে শিশু আছিয়ার মৃত্যুর সংবাদটি সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়েছে। এক বিবৃতিতে জানিয়েছে— অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি … রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সর্বাধুনিক চিকিৎসাব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে  (বৃহস্পতিবার) তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

    হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু দুপুর ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

    বিনোদন ডেস্ক

  • ‘সুড়ঙ্গ’ জুটির নতুন চমক, প্রকাশ্যে ‘দাগি’র দুর্দান্ত টিজার

    আবারো বড় একটি চমক নিয়ে হাজির হলেন আফরান নিশো। সুড়ঙ্গ দিয়ে বাজিমাত করার পর এবার ‘দাগি’ রূপের বড় পর্দায় দেখা গেল নিশোকে।

    মঙ্গলবার দুপুরে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার ১ মিনিটের টিজার প্রকাশের পরে ব্যাপক মাত্রায় উচ্ছ্বাস দেখা গেছে সিনেমাপ্রেমিদের মাঝে। 

    ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরে বড় চমক দেখাতে যাচ্ছে সুড়ঙ্গ জুটি নিশো-তমার ‘দাগি’।

    প্রকাশিত টিজারে আফরান নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তাকে দেখা যায় লম্বা চুলে, মাঝখানে স্বাভাবিক চেহারায় এবং একেবারে শেষে তিনি হাজির হন ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে। টিজারে আরও দেখা গেছে, অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিমকে।

    এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। পরিচালক বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, যা আমাদের জন্য আনন্দের বিষয়। এটি কেবলমাত্র প্রথম ঝলক, সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে।’

    প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো সিনেমার কিছু দৃশ্য দেখল, এবং আমরা দারুণ সাড়া পাচ্ছি। তবে প্রকৃত আনন্দ তখনই আসবে, যখন দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে প্রশংসা করবে।’

    এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে প্রচারের দিক থেকে পিছিয়ে আছে ‘দাগি’। এ প্রসঙ্গে প্রযোজক জানান, ‘আমরা আগেও প্রচার করিনি, আবার দেরি করেও করছি না। আমরা শুরু থেকেই পরিকল্পনা করেছিলাম, কখন কোন প্রচারণা চালানো হবে’।

    ‘সুড়ঙ্গ’-এরপর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন আফরান নিশো। নতুন সিনেমার ঝলক প্রকাশের পর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার সামান্য ইঙ্গিত দিয়েছে। এই সিনেমার প্রতিটি ফ্রেমেই গভীর অর্থ রয়েছে।’

    ‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ আরও অনেকে। সিনেমাটিকে বলা হচ্ছে মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প। নির্মাতার দাবি, এ ধরনের কাহিনি বাংলাদেশের দর্শক আগে কখনো দেখেনি।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নিয়ে বিব্রত তমা মির্জা!

    ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা। আসন্ন ঈদে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘দাগি’। এতে তিনি জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন। এ জুটির প্রথম সিনেমা ছিল ‘সুড়ঙ্গ’; এটি ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দুবছর পর এ জুটি আবারও পর্দায় আসছে দ্বিতীয় সিনেমা নিয়ে। এরই মধ্যে ‘দাগি’র শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন তমা। সিনেমাটি নিয়ে আশাবাদী নায়িকা এখনো দাগির চরিত্রের ঘোরে সুখকর মুহূর্ত পার করছেন। 

    কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে যে চর্চা হচ্ছে, তাতে খুব বিব্রত এ অভিনেত্রী। নির্মাতা রায়হান রাফির সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন বেশ আগে থেকেই মিডিয়াপাড়ায় চাউর রয়েছে। এ নিয়ে অবশ্য দুজনই তাদের অবস্থান জানিয়েছেন। 

    তাদের দাবি, দুজনে কেবলই ভালো বন্ধু। কিন্তু সম্প্রতি নির্মাতা রাফির জন্মদিনের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ছবিটি যেন এ গুঞ্জনকে ফের সত্য প্রমাণ করতে চলেছে। যেখানে দেখা যায় রাফির এক পাশে তার মা ও অন্য পাশে তমা। একই ছবি তমা-রাফি দুজনই শেয়ার করেছেন। আর তাতেই নেটিজেনরা ধারণা করছেন, গোপনে বিয়েও সেরে ফেলেছেন তারা।

    তবে বিষয়টি একেবারেই এ রকম কিছু নয়, এমনটাই দাবি করছেন তমা মির্জা। বরং তিনি তাতে আরও বিরক্ত হয়েছেন। অভিনেত্রী জানান, এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। 

    তমা বলেন, ‘বিয়ের বিষয়টি একেবারেই মিথ্যা। কিছু ইউটিউব চ্যানেল থেকে ভিউ বাণিজ্যের জন্য রসালো শিরোনাম দিয়ে ছড়ানো হচ্ছে এমন কথা। যেহেতু আমরা (রাফি) দুজনে পরিচিত, প্রথমে বন্ধুত্ব, এরপর প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্তের দিকে যাবে। এটাই হওয়ার কথা। কিন্তু রাফির সঙ্গে বন্ধুত্বের বাইরে আমার আর কোনো সম্পর্ক নেই।’

    তিনি আরও বলেন, ‘আমি যেহেতু মিডিয়ার একজন পরিচিত মুখ। আমার বিশাল একটি ফ্রেন্ড সার্কেল আছে। তাই বিয়ের মতো কাজটি অন্তত লুকিয়ে ও গোপনে করতে পারব না। তা ছাড়া রাফিও একজন জনপ্রিয় ও পরীক্ষিত পরিচালক, সেও চাইলেই লুকিয়ে বিয়ে করতে পারবে না। এত বাজে রিউমার কেউ ছড়াতে পারে! বিভিন্ন ধরনের গুঞ্জন হয়, আমি তাতে সচরাচর কোনো মন্তব্য করি না। আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে কাজ করলে আলোচনা-সমালোচনা হবেই। তাই বলে বিয়ের গুঞ্জন!’ 

    এ রকম তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তমা বলেন, ‘একজন শিল্পী হিসেবে প্রধান দায়িত্ব আমার কাজে মনোযোগী থাকা এবং বর্তমানে আমি তাই করছি। এর বাইরে আমি কিছু নিয়ে চিন্তা করছি না।’ এদিকে তমা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনটি কাজ। সিনেমা ‘দাগি’, ওয়েব ফিল্ম ‘আমলনামা’ ও ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’।

    বিনোদন ডেস্ক

  • ‘গোপনে বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

    বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন। এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, তারা নাকি বিয়ে করে সংসারও করছেন। তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন তমা মির্জা।

    মঙ্গলবার (৪ মার্চ) সামাজিকমাধ্যমে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে দিয়েছেন তিনি।

    তমা লিখেছেন, ‘আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি।’

    এ চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

    প্রসঙ্গত, নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সবশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তার সঙ্গে ছিলেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো।

    বিনোদন ডেস্ক

  • তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফি, বিয়ে-সংসারের গুঞ্জন

    শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন। এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যে, তারা নাকি বিয়েও করেছেন। তবে বিষয়টি নিয়ে রীতিমত মুখে কুলুপ এটেছেন দুজনেই।  

    এদিকে নতুন গুঞ্জনকে জোরালো করেছে তাদের একটি ছবি।  সোমবার (৩ মার্চ) নির্মাতা রায়হান রাফির জন্মদিন। মায়ের সঙ্গে বাড়িতে কেক কেটেছেন তিনি। এমন ঘনিষ্ঠ পরিসরেও দেখা গেছে তমা মির্জাকে। 

    ছবিতে দেখা যায়, নিজ বাসায় কেক কাটছেন রাফি। যেখানে তার একপাশে ছিলেন মা, অন্যপাশে ছিলেন নায়িকা তমা মির্জা। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। 

    সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

    যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি। 

    এর আগে তমা মির্জার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

    প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে।

    সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

    বিনোদন ডেস্ক

  • জাহিদ হাসানের নায়িকা তমা

    নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখন খুব একটা আর নাটকে তাকে দেখা যায় না। ভালো গল্প পেলে তবেই তাকে দেখা যায়। নাটকে অভিনয় কমিয়ে দিয়ে এখন ওটিটি কনটেন্টের কাজে মনোযোগী হয়েছেন এ অভিনেতা। গত বছরেই তিনটি ওটিটি কনটেন্টে যুক্ত হবার কথা জানিয়েছেন তিনি। এরমধ্যে একটির শুটিংও শুরু করেছেন। 

    ‘আমলনামা’ নামে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন রায়হান রাফি। তবে এ ফিল্মের নায়িকা নিয়ে বেশ গুঞ্জন উঠেছিল। কে হচ্ছে এ ফিল্মে জাহিদ হাসানের নায়িকা?

    সেসময় বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করেন সংশ্লিষ্টরা।  অবশেষে জানা গেলো নায়িকার নাম। এবার জাহিদ হাসানের সঙ্গে জুটি বাঁধলেন তমা মির্জা। 

    একটি সত্য ঘটনা কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ ফিল্মটি। এরইমধ্যে শুটিংও শেষ হয়েছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফিল্মটির দুটি পোস্টার ও টিজার।  একটি পোস্টারে দেখা গেছে তমা মির্জাকে। দ্বিতীয় পোস্টারে দেখা গেছে একটি ভাঙা ছবির ফ্রেম, যেখানে গুলি ও রক্তের দাগে একজনের মুখ, তবে স্পষ্ট নয়। আরও রয়েছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা, তাদের সঙ্গে দুই বাচ্চা মেয়ে। 

    তবে গল্পে আভাস বা গতিপ্রকৃতি নিয়ে এখন কিছু বলতে চান না নির্মাতা। টিজার এবং ট্রেইলার দেখলে দর্শক সেই ঘটনা ধরতে পারবেন বলেও জানিয়েছেন নির্মাতা রাফী। 

    তিনি বলেন, ‘আমলনামা’ একটি সত্য ঘটনা থেকেই নির্মাণ করা হয়েছে। তবে কোন সত্য ঘটনা সেটা বলা যাবে না। আমি যে ধরণের সিনেমা বানাই এটাও তার ব্যতিক্রম নয়। দর্শক ফিল্মটি দেখলেই বুঝে যাবে। 

    জাহিদ হাসান প্রসঙ্গে নির্মাতা বলেন, ভাইকে নিয়ে এটাই আমার প্রথম কাজ, উনার সঙ্গে কাজটি করে অনেক ভালো লেগেছে। অনেকদিন পর তার ওটিটি কনটেন্ট আসছে। এটা আমার জন্য বড় ব্যাপার। আশা করি দর্শকেরও ভালো লাগবে।

    কবে এ ফিল্মটি মুক্তি পাবে এ বিষয়ে দিনক্ষণ এখনও চুড়ান্ত নয়। তবে মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা। 

    এতে জাহিদ হাসান ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কামরুজ্জামান কামু, সারিকা সাবরিন, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ কয়েকজন।

    আনন্দনগর প্রতিবেদক

  • দৃশ্যধারণ শেষ হলো আফরান নিশোর ‘দাগি’র

    আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘দাগি’ সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক শিহাব শাহীন। 

    সম্প্রতি ‘দাগি’ সিনেমার শুটিং সম্পন্ন হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন এ নির্মাতা।  ক্যাপশনে লিখেছেন, ইটস র্যাপ আপ। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’। 

    সেই ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ অন্যান্য কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র্যাপ আপ’! 

    এরপর নিশো মজা করে বলেন, সব মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে! 

    জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

    সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শিহাব শাহীন ‘দাগি’ সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছেন এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশো। একটি ভালো গল্প নির্ভর  চলচ্চিত্র হিসেবে ‘দাগি’ নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি ‘দাগি’ সিনেমাটি পরিচালক শিহাব শাহীনের সেরা নির্মাণ হতে যাচ্ছে।  ‘দাগি’র পুরো টিম এই সিনেমার জন্য সর্বোচ্চটা দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে ‘দাগি’র পাশাপাশি অনেক সিনেমা আসছে। সবার জন্য আমার শুভকামনা। 

    তিনি আরও বলেন, ‘দাগি’ নিয়ে আমি একদমই চিন্তিত নই। কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং ‘দাগি’ একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মতো পরীক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মতো অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণ করে, সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।

    গত বছরের ডিসেম্বরে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। সেই সময় আফরান নিশো বলেছিলেন, আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি’র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনয়ে মুগ্ধ দর্শকরাও। সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন বড় পর্দাতেও। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দর্শক ও সমালোচক দ্বারা ব্যাপক প্রশংসিত হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা।  ‘দাগি’ নিশোর দ্বিতীয় সিনেমা। এতেও নিশোর নায়িকা হয়েছেন তমা। 

    আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। 

    বিনোদন ডেস্ক

  • জাহিদ হাসানের নায়িকা নিয়ে রহস্য!

    টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তবে ইদানীং ওটিটি কনটেন্টের কাজে ব্যস্ত তিনি। দীর্ঘদিন ধরেই বিশেষ দিবসের কোনো নাটক ছাড়া টিভিতে তার উপস্থিতি মিলছে না। 

    অভিনেতা নিজেও বলেছেন, টিভি নাটকে অভিনয় তিনি কমিয়ে দিয়েছেন। এখন মনযোগী হয়েছেন ওয়েবের কাজে। 

    কিছুদিন আগেই জানিয়েছেন নতুন তিন ওয়েবের কাজে যুক্ত হওয়ার খবর। সম্প্রতি সিরিজটির কাজও তিনি শেষ করেছেন। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এ অভিনেতা। এটুকু নিশ্চিত যে, রায়হান রাফী পরিচালিত এ সিরিজের নাম ‘যাহা বলিব যত্য বলিব’। 

    এখানেও তৈরি হয়েছে নায়িকা নিয়ে রহস্য! এতে আগে থেকেই প্রার্থনা ফারদিন দীঘির কাজ করার কথা ছিল। কিন্তু দীঘি জানান, তিনি এ সিরিজে কাজ করেননি। 

    তাহলে কে করেছে? এরইমধ্যে গুঞ্জন উঠে তমা মির্জার নাম। তবে এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান কেউ এখনই এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেন তারা। 

    জাহিদ হাসান বলেন, আমার কাজ অভিনয় করা। আমি সেটিই করছি। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সব কিছু গণমাধ্যমে জানাবে। তাদের নিশ্চয়ই প্রচারের প্ল্যান রয়েছে। 

    জানা গেছে, কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘিরে এই সিরিজের গল্প। এটি একটি অনলাইন পেইড ভার্সনের জন্য নির্মিত হয়েছে। তবে একে প্রথমে সিনেমা ট্যাগ দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। 

    এর আগেও তারা একই প্রক্রিয়ায় ‘৩৬-২৪-৩৬’ নামে একটি ওয়েব কনটেন্ট সিনেমা বলে প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছে। সেটি অবশ্য দর্শক খরায় মুখ থুবরে পড়ে।

    বিনোদন ডেস্ক