Tag: টিজার

  • আবরারের মৃত্যুবার্ষিকীতে এলো ‘রুম নং ২০১১’র টিজার

    ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগ সন্ত্রাসীদের নৃশংসতার বলি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। তার নির্মম হত্যার গল্প বিশ্বকে জানাতে শর্টফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে প্রকাশিত হয়েছে সেই শর্টফিল্মের টিজার।

    ‘রুম নম্বর ২০১১’ নামের এই শর্টফিল্মে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। সোমবার (৭ অক্টোবর) জিসু এন্টারটেইনমেন্ট নামের একটি ইউটিউব চ্যানেলে টিজার প্রকাশ করা হয়।

    এর আগে, জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানানো হয়। একইসঙ্গে সেই পেজে একটি পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, আসছে.. ‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে। পেজ থেকে ধন্যবাদ দেয়া হয়েছে ‘একটিফুল’কে। পোস্টারে অবশ্য আবরার ফাহাদের কথা উল্লেখ নেই।

    প্রসঙ্গত, ভারতীয় আগ্রআসনের প্রতিবাদ করায় বুয়েটের শের-ই- বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে একদল ছাত্রলীগ নেতাকর্মী। আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্র-রাজনীতি।

    আবরার হত্যাকাণ্ডের পর দেশব্যাপী প্রতিবাদের মুখে নিম্নআদালতে খুনিদের শাস্তি হলেও এখনো উচ্চ আদালতে করা আপিলের নিষ্পত্তি হয়নি। বিচার শেষ করে দ্রুত দোষীদের সাজা নিশ্চিতের দাবি জানিয়েছে শহিদ আবরারের পরিবার।

    ‘রুম নম্বর ২০১১’ শর্টফিল্মের টিজার:

    বিনোদন ডেস্ক

  • নজর কাড়লেন সারিকা

    মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবারও কাজে নিয়মিত হয়েছেন। প্রত্যাশা মতো নাটকের গল্প পেলেই কাজ করেন তিনি। তবে এবার অভিনয় করলেন একটি ওয়েব ফিল্মে। নাম ‘মায়া’। পরিচালনা করেছেন রায়হান রাফি।

    সম্প্রতি এর টিজার প্রকাশ্যে আসে। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সারিকা। টিজারেই সারিকার অভিনয়ের ঝলক দেখেই নেটিজেনরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পারিবারিক টানাপোড়েন ও এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। তার সঙ্গে দেখা যাবে মামনুন ইমনকে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে।

    জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘টিজার প্রকাশের পর থেকে অনেকেই এর প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন ফিল্মটি দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন। বন্ধু, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের বেশ প্রশংসা পেয়ে আমি নিজেও অপেক্ষায় আছি কখন সিনেমাটি দেখব।’

    গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়া নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করেন-সেই চেষ্টা করেছি।’

    বিনোদন ডেস্ক

  • ‌‘খাদান’-এর টিজার দেখে আবেগে দেবকে যা বললেন সৃজিত

    টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবের সিনেমা ‘খাদান’-এর টিজার আজ মুক্তি পেতে চলেছে। এ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রিনো দত্ত। দেব ও যিশুকে একসঙ্গে দেখা যাবে এ সিনেমায়। নায়িকা হচ্ছেন ইধিকা পাল।

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ‘খাদান’ সিনেমায় বাবা-ছেলের দুই ভূমিকাতেই থাকছেন দেব। এ ছবি নায়িকা থাকছেন ইধিকা পাল। কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’। শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এ সিনেমা। যে চরিত্রে থাকছেন দেব ও যিশু। 

    আজ ২৯ আগস্ট ‘খাদান’ সিনেমার টিজার মুক্তি পেতে চলেছে। এই মর্মে বুধবারই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে ফেলেন দেব। বেলা ১১টায় টিজার আসবে সামনে। তবে তার আগেই কাছের মানুষ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে টিজারটি দেখিয়ে ফেলেছেন এ অভিনেতা। কী প্রতিক্রিয়া জানালেন সৃজিত।

    দেবকে দরাজ সার্টিফিকেট দিলেন সৃজিত মুখোপাধ্যায়। সেই ভিডিও তৃণমূল সংসদ সদস্য-অভিনেতা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো আপ্লুত তিনি খাদানের টিজার দেখে।

    সেই ভিডিওতে সৃজিতকে বলতে শোনা গেল—‘বাংলা কমার্শিয়াল ছবির এরকম টিজার আমি আগে কখনো দেখিনি। বাংলা কমার্শিয়াল সিনেমাকে যদি ফিরিয়ে আনতে হয়, তবে খাদানের মতো সিনেমা আরও বানানো দরকার।’ তিনি বলেন, ‘আমার দুর্দান্ত লেগেছে। আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব।’

    সৃজিতের এই ভিডিওটি শেয়ার করে দেব লিখেছেন— ‘খাদানের টিজার নিয়ে আমাদের পাওয়া প্রথম রিভিউ। ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়। এবার আপনাদের দেখার অপেক্ষায় রইলাম। আগমীকাল দেখা হচ্ছে।’

    দেব-সৃজিতের সোশ্যাল পোস্টে সিনেমাপ্রেমী নেটিজেনদের একজন লিখেছেন— ‘খাদানের মতো সিনেমাই এখন দরকার। অনেক ধন্যবাদ দেবদা তোমাকে’। দ্বিতীয়জন লিখেছেন— ‘তাহলে কি পুজোতে টেক্কার বদলে খাদান?’ তৃতীয়জন লিখেছেন— ‘আমার তো উত্তেজনায় রাতে ঘুম আসবে না’।

    আরজি করকাণ্ড নিয়েও সমালোচিত হয়েছেন দেব। এক নেটিজেন লিখেছেন— ‘এত কিছু হয়ে গেল, বান্ধবীর সঙ্গে ছুটি কাটিয়ে এলেন। এবার ছবি মুক্তির আগে একটু ভাষণ তো দিতে হবে। তাই একদিন রাস্তায় নামো। কেন্দ্রীয় সরকার নতুন আইন আনবে, এসব ভুলভাল বলে, সবার নজর ঘোরানোর চেষ্টা করলেন। অভিনেতা হিসেবে না পারেন, একজন সংসদ সদস্য হিসেবে দেশের প্রতি এটুকু দায়িত্ব তো পালন করতেই পারেন।’

    বিনোদন ডেস্ক